Published : 14 May 2026, 08:18 PM
টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ‘ঐক্য’ জোরদারের লক্ষ্যে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সভায় প্রস্তাবিত কাউন্সিলের গঠনতন্ত্র এবং লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনের পর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটিতে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিইও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন।
আহ্বায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।
দেশে টেলিভিশন খাতে মালিকদের সংগঠন হিসেবে ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো’ এবং সম্প্রচার সাংবাদিকদের পেশাজীবী সংগঠন হিসেবে ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি’ আগে থেকেই কাজ করছে।
এই প্রেক্ষাপটে সংবাদ নেতৃত্ব ও সম্পাদকীয় পর্যায়ের কর্মকর্তাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগ নেওয়া হল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মত টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি ‘শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম’ গড়ে তোলা ‘সময়ের দাবি’।
তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।