‘হার ই-ট্রেড’ এর প্রদর্শনী ‘শারদীয় আবাহন’ শুরু
ধানমন্ডির মাইডাস সেন্টারে নারী উদ্যোক্তাদের সৃজনশীল দেশীয় পণ্য নিয়ে দুদিনের আয়োজন চলছে।
শারদীয় উৎসবের এই সময়ে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রসার ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রদর্শনী।
২ ও ৩ অক্টোবর, ঢাকার ধানমন্ডি-২৭ নম্বরের মাইডাস সেন্টারে ‘হার-ই-ট্রেড ট্রাস্ট’ আয়োজন করেছে তাদের দশম প্রদর্শনী ‘শারদীয় আবাহন’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জন সফল নারী উদ্যোক্তা তাদের নিজস্ব মেধা ও শ্রমে তৈরি বৈচিত্র্যময় সব দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে উৎসবের ফ্যাশন-পণ্য, হস্তশিল্প, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সেবা এবং ঐতিহ্যবাহী ঘরোয়া খাবারসহ নানান ধরনের উদ্ভাবনী উদ্যোগ।
নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণাকে উদযাপন করার পাশাপাশি এই মেলার মূল উদ্দেশ্য হল, পারস্পরিক যোগাযোগ, বাজার সম্প্রসারণ, পণ্য প্রদর্শন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সংযোগের মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া। ২ ও ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
