২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন, ভ্রমণ আর খাবার – আজন্ম ভবঘুরে অ্যান্টনি বোর্ডেইনের চোখে

নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ অ্যান্টনি নানা সময়েই জীবনের নানা বিষয়ে বলেছেন নানা কথা। অনুমান করা সম্ভব, এগুলো অনেককেই ভাবাবে, সাহায্য করবে জীবনকে নতুন চোখে দেখতে।

জীবন, ভ্রমণ আর খাবার – আজন্ম ভবঘুরে অ্যান্টনি বোর্ডেইনের চোখে

ছবি: সিএনএন

হাসান বিপুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 07:22 PM

Updated : 26 Jun 2023, 09:14 PM

বেঁচে থাকলে রোববার ৬৭ বছরের তরুণ হতেন অ্যান্টনি বোর্ডেইন।

ভবঘুরে শৈশব আর কৈশোর, নানা ঘাটের পানি খেয়ে ক্রমশ পরিণত হওয়া, রোস্তোরাঁর কাজ, রান্না শেখা, তার চেয়েও বেশি শেখা ভিন্ন ভিন্ন জনপদের জীবনাচরণ – এর সবই এক জীবনে টেলিভিশনে ভ্রমণের অনুষ্ঠান আর নিজের লেখা বইয়ের মলাটে ভরে দিয়ে গেছেন এই আজন্ম বোহেমিয়ান।

গল্প বলতে ভালবাসতেন, আর এর প্রায় সবই তিনি তুলে আনতেন নিজের জীবন থেকে।

একেবারেই অপরিচিত কোনো শহরে গিয়ে সেখারকার সবচেয়ে ভালো খাবারের দোকানটি খুঁজে বের করার এক আশ্চর্য প্রতিভা ছিল তার। এই ‘সবচেয়ে ভালো’ দামি অর্থে নয় কিন্তু, বিখ্যাত অর্থেও নয়। বরং এমন দোকান, যেটির খোঁজ কেবল ওই এলাকার লোকজনই জানেন, সেটি কী করে যেন শহরে আসা নতুন এই পাগল ঠিকই খুঁজে বের করতেন, তার পর তার টিভি শো’র মাধ্যমে তুলে আনতেন গোটা বিশ্বের জন্য।

একবার এক টেলিভিশন ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার এই ক্ষমতা সম্পর্কে। জবাবে স্বভাবসুলভ একগাল হাসি তার। চোখে লাজুক এবং একইসঙ্গে তৃপ্তির রেশ টের পাওয়া যায়। তারপর বললেন, কোনো শহরে গেলেই তিনি সখ্যতা গড়ে তোলেন সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গে। আর কে না জানে, স্থানীয় পোড়খাওয়া লোকদের সঙ্গে বন্ধুত্ব তৈরির সবচেয়ে ভালো জায়গা হলো পানশালা।

ভালো খাবারের দোকান খুঁজে বের করায় বোর্ডেইনের খ্যাতি এতই ছিল যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভিয়েতনাম সফরে, নিজের টেলিভিশন শো ‘পার্টস আননোন’-এর শুটিংয়ে বোর্ডেইনও তখন সেখানে। এর পরের ঘটনা দেখেছে বিশ্ব। কাঠের টেবিল, পাশে প্লাস্টিক টুলে বসা মার্কিন প্রেসিডেন্ট। টেবিলে দুজনের জন্য পেট ভরানোর মতো আহার, সঙ্গে স্থানীয় বিয়ার।

তার সঙ্গে খাবেন বলে রাষ্ট্রীয় সফরের মধ্যেও সময় বের করেছেন ওবামা।

কোন রেস্তোরাঁ? বাইরের দুনিয়ার কাছে নিতান্তই অপরিচিত এক দোকান – নাম বান চা হুয়ং লিয়েন।

“এই খাবার কীভাবে খেতে হয়, সেই গলিঘুপচি তুমি আমাকে এখন চেনাবে,” খাবার সামনে নিয়ে বললেন প্রেসিডেন্ট।

জানা গিয়েছিল ওই লাঞ্চের দাম ছিল ছয় ডলার!

নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ অ্যান্টনি নানা সময়েই জীবনের নানা বিষয়ে বলেছেন নানা কথা। অনুমান করা যায় এগুলো অনেককেই ভাবাবে, সাহায্য করবে জীবনকে নতুন চোখে দেখতে।

আসুন চোখ বোলানো যাক জীবন নিয়ে অ্যান্টনি বোর্ডেইনের ১০ বাণীতে

ভ্রমণ

ভ্রমণ আপনাকে বদলে দেবে। জীবন আর জগতের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে আপনি অনেক কিছুই বদলে দেবেন, হয়তো সামান্যই। আপনি পেছনে চিহ্ন ফেলে যাবেন, তা-সে যতো ছোটই হোক। এর বদলে এই জগত আপনার ওপরও তার চিহ্ন এঁকে দেবে।

Image

তার সঙ্গে খাবেন বলে রাষ্ট্রীয় সফরেও সময় বের করেছেন ওবামা

নতুন জায়গা, নতুন খাবার

আমি যদি কোনো কিছুর পক্ষে কথা বলি, তো সেটা যাওয়ার জন্য। যান, যতো দূর পারেন, যতো বেশি পারেন। সাগর পেরিয়ে যান, না পারলে নদীটা পেরোন। অন্যের অভিজ্ঞতা নিজের করে নিন, না পারলে অন্তত অন্যেরা যা খায় সেটি খেয়ে দেখুন। এটা সবার জন্যই ভাল।

ছুটি

অনেক আগেই আমি টের পেয়েছি যে, ছুটিকে পারফেক্ট বানাতে গিয়ে খুঁটিনাটি নিয়ে মাথা ঘামানো, যাকে বলে মাইক্রোম্যানেজ করা, সেটা আসলে সবকিছুতে ভজঘট পাকিয়ে দেয়। শেষ পর্যন্ত ওই ছুটি হবে একটা জঘন্য স্মৃতি।

ভালোমন্দের ব্যালেন্স

আমি এটা একেবারে মনেপ্রাণে বিশ্বাস করি। আপনি কখনোই কোনো শহরে একেবারে নিখুঁত আদর্শ ভ্রমণ বা পারফেক্ট খাবার আশা করতে পারেন না, যদি না আপনি মাথায় রাখেন যে এর একেবারে উল্টোটাও ঘটবেই। আমার মনে হয় ভ্রমণ পরিকল্পনায় এইসব টকমিষ্টি ভুলভালের কথা আমরা অনেক সময়ই মাথায় রাখি না। আমি সবসময়ই লোকজনকে বলি, ভ্রমণকে আঁটসাট পরিকল্পনায় বেঁধে না ফেলে বরং পরিকল্পনার বাইরেই ঘটনা ঘটতে দেওয়া উচিৎ।

পথেই জীবনদর্শন

ভ্রমণ সবসময়ই হবে, তবে, সেটা আরামদায়ক হবে, এমন নয়। কখনো কখনো কষ্ট পাবেন, এমনকি মনও ভেঙে যেতে পারে। এটাই জীবন। পথে নামার বিষয়টিই আপনার জীবনকে বদলে দেবে, আপনাকে পাল্টে দেবে। এই পাল্টে দেওয়ার মধ্যেই আপনার স্মৃতিতে, আপনার চেতনায়, আপনার মনে এবং আপনার শরীরে চিহ্ন থেকে যাবে। আপনি অনেক কিছুই এ থেকে কুড়িয়ে নেবেন, এবং সম্ভবত ভালো কিছু দিয়েও যাবেন।

বয়স যখন বিশের কোঠায়

আপনার বয়স যদি হয় ২২ বছর, স্বাস্থ্যবান, যদি শেখার আগ্রহ থাকে আর যদি নিজেকে তৈরি করার ইচ্ছা থাকে, আমি আপনাকে অনুরোধ করছি, বেরিয়ে পড়ুন, ভ্রমণ করুন। কোথাও গিয়ে দরকার হলে মেঝেতে ঘুমান, কিন্তু অন্যদের জীবন দেখুন। তারা কীভাবে জীবনধারণ করে, রান্না বা আহার করে। যেখানেই যান, স্থানীয় লোকদের কাছ থেকে শিখুন।

খাবার কার কাছে কেমন

ইতালীয় আর স্পেনীয়, চীনা বা ভিয়েতনামী জীবনধারায় খাবার হচ্ছে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এমন না যে, কে কী খেল তা নিয়ে ফুটানি করতে হবে। বরং অনেকটা রেওয়াজ। যেমন গান, সেক্স বা দুপুরের ভাতঘুমের মতো জীবনের অবিচ্ছেদ্য অংশ।

ছোট আকারের বড় বিষয়

যে দেশের ভাষা আপনি জানেন না, আগে কখনো যাননি- সেখানে গিয়ে নাশতা অর্ডার করতে পারা আমার জন্য আত্মতৃপ্তির। উপভোগ করি এটা।

শেফ জীবন

আমেরিকায় একটা প্রশেশনাল কিচেন হচ্ছে খাপছাড়া লোকের শেষ আশ্রয়। এটা হচ্ছে সেই লোকদের জায়গা যাদের অন্ধকার অতীত আছে আর যারা পরিবারের বন্ধন খোঁজেন।

খাবারেই পরিচয়

আমাদের সবার পরিচয় লুকিয়ে আছে খাবারে। আমাদের জাতীয়তাবাদ, কৃষ্টি, ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনার প্রাদেশিক রেওয়াজ, আপনার ধর্ম, আপনার গোত্র, আপনার দাদীর রান্নার ধরন সব এসে মেলে এখানে। আপনার সব কিছুর একেবারে শুরুর সূত্র এখানে।