কুয়াশা আর ঠাণ্ডা থেকে চুল রক্ষা করতে
কুয়াশার আর্দ্রতা ও ঠাণ্ডা বাতাস একসঙ্গে চুলের স্বাভাবিক তেল ভারসাম্য নষ্ট করে।
শীত মানেই শুধু শুষ্ক ত্বক নয়, চুলের জন্যও এটি এক কঠিন সময়।
ঠাণ্ডা বাতাস, কম আর্দ্রতা, গরম পানি আর উষ্ণতার জন্য অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার- সব মিলিয়ে শীতে চুলে আসে রুক্ষতা ও দুর্বলতা।
অনেকের ক্ষেত্রে এই সময় চুল পড়া, খুশকি কিংবা চুল ভেঙে যাওয়ার সমস্যাও বাড়ে। তাই শীতে চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি।
ঘন কুয়াশা চুলের যেভাবে ক্ষতি করে
চুলে অতিরিক্ত আর্দ্রতা জমে যায়: কুয়াশায় বাতাসে সূক্ষ্ম জলকণা থাকে। এগুলো চুলে জমে চুলকে ভেজাভাব দেয়, তবে এই আর্দ্রতা স্বাস্থ্যকর নয়।
“এতে চুলের কিউটিকল খুলে যায়, চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে”- বলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পারলারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়: কুয়াশার আর্দ্রতা ও ঠাণ্ডা বাতাস একসঙ্গে চুলের স্বাভাবিক তেল ভারসাম্য নষ্ট করে। ফলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। আবার কারও ক্ষেত্রে ‘স্ক্যাল্প’ বেশি তেলতেলে হয়ে ওঠে— দুটোই চুলের জন্য ক্ষতিকর।
খুশকির সমস্যা বাড়ে: ঘন কুয়াশা মাথার ত্বকে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে। এই পরিবেশে ছত্রাক দ্রুত বাড়তে পারে, যা খুশকির অন্যতম কারণ। বিশেষ করে যাদের আগে থেকেই খুশকির সমস্যা আছে।
“শীতে কুয়াশায় তা আরও বাড়ে”- মন্তব্য করেন এই রূপ বিশেষজ্ঞ।
চুল ভেঙে যাওয়া ও আগা ফাটা: কুয়াশার আর্দ্রতা চুলকে সাময়িকভাবে নরম মনে হলেও পরে শুষ্কতা বাড়ায়। এতে চুল দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যায় বা আগা ফেটে যায়।
স্কাল্পে রক্ত সঞ্চালন কমে যায়: ঘন কুয়াশার ঠাণ্ডা আবহাওয়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন ধীর করে দেয়। ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি ঠিকমতো পৌঁছায় না, যা দীর্ঘমেয়াদে চুল পড়ার কারণ হতে পারে।
দূষণ কণার প্রভাব: শহরাঞ্চলে কুয়াশার সঙ্গে ধুলা ও দূষণ কণাও মিশে থাকে। এগুলো চুলে জমে ‘স্ক্যাল্প’ মানে মাথার ত্বকের রোমকূপ বন্ধ করে দিতে পারে, ফলে চুল দুর্বল হয় এবং বৃদ্ধিও কমে যায়।
চুলের জট ভাব বাড়ে: কুয়াশার পর শুষ্ক ঠাণ্ডা বাতাস চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। টুপি বা চিরুনির ঘর্ষণে চুল হয় এলোমেলো, জটালো, যা সামলানো কঠিন হয়ে ওঠে।
কুয়াশার ক্ষতি থেকে চুল বাঁচাতে
কুয়াশায় বাইরে বের হলে মাথা ঢেকে রাখা, চুলে হালকা তেল বা ‘লিভ-ইন কন্ডিশনার’ ব্যবহার করা উচিত।
নিয়মিত তবে অতিরিক্ত নয় এমনভাবে চুল ধোয়া প্রয়োজন। রাতে ঘুমানোর আগে অবশ্যই চুল শুকনো রাখা উচিত এতে কুয়াশার ক্ষতি কমে।
চুলের গোড়া হালকা গরম রাখতে কী ব্যবহার করা যায়?
শীতে চুলের গোড়া উষ্ণ রাখা খুব গুরুত্বপূর্ণ। হালকা গরম নারিকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে সপ্তাহে অন্তত দুই দিন মাথা মালিশের পরামর্শ দেন, শারমিন কচি।
এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে এবং উষ্ণতা বজায় থাকে। রাতে তেল দিয়ে হালকা মালিশ করে সকালে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়।
খুব ঠাণ্ডার দিনে বাইরে যাওয়ার সময় সুতির বা উলের টুপি ব্যবহার করাও উপকারী। তবে টুপি যেন খুব আঁটসাঁট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
যে কারণে অতিরিক্ত গরম পানিতে চুল ধোয়া ঠিক নয়
শীতে অনেকেই আরামের জন্য অতিরিক্ত গরম পানিতে চুল ধুতে চান। তবে এটি চুলের জন্য ক্ষতিকর।
গরম পানি চুল ও মাথার ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে নিয়ে যায়। ফলে চুল আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এতে খুশকি বাড়ার পাশাপাশি চুল ভেঙে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।
শীতে চুল ধোয়ার জন্য হালকা কুসুম গরম পানি সবচেয়ে উপযোগী।
শীতে চুলের রুক্ষতা কমাতে
শীতে চুলের রুক্ষতা কমাতে ‘মাইল্ড শ্যাম্পু’ ব্যবহার করা ভালো, যা চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে না।
শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। বিশেষ করে চুলের আগায়।
“সপ্তাহে একবার হেয়ার মাস্ক বা ঘরে তৈরি প্যাক, দই ও অ্যালোভেরা, কলা ও মধুর প্যাক ব্যবহার করলে চুল নরম ও মসৃণ থাকে” পরামর্শ দেন শারমিন কচি।
শীতকালে ‘লিভ-ইন কন্ডিশনার’ বা হালকা সেরাম ব্যবহার করেও চুলে আর্দ্রতা ধরে রাখা যায়।
শীতে চুল ধোয়ার নিয়মে পরিবর্তন
শীতে খুব ঘন ঘন চুল ধোয়ার প্রয়োজন নেই। সপ্তাহে দুতিনবার চুল ধুলেই যথেষ্ট।
অতিরিক্ত শ্যাম্পু করলে চুল আরও শুষ্ক হয়ে যায়। চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে জোরে না মুছে, তোয়ালে বা গামছা আলতো করে চেপে পানি শুষে নেওয়া ভালো।
ভেজা চুলে চিরুনি ব্যবহার না করাই নিরাপদ। কারণ এই সময় চুল সবচেয়ে দুর্বল থাকে।
শীতে চুলে অতিরিক্ত হিট ব্যবহার এড়িয়ে চলা
শীতকালে চুল শুকানোর জন্য অনেকেই নিয়মিত হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনার ব্যবহার করেন। অতিরিক্ত তাপ চুলকে আরও শুষ্ক ও ভঙ্গুর করে তোলে।
প্রয়োজন হলে ‘লো হিট সেটিং’ ব্যবহার করা ভালো। আর হিট প্রোটেক্টর ব্যবহার করা উচিত।
আরও পড়ুন
