মানসিক চাপের কারণে চুল পড়ার লক্ষণ
অনেক সময় মানসিক চাপ শেষে কয়েক মাস পরেও দেখা দিতে পারে চুল পড়ার সমস্যা।
চুল পড়া সাধারণ একটি বিষয় হলেও অতিরিক্ত চুল পড়া শুরু করলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষ করে যখন প্রতিদিন চিরুনিতে মুঠো মুঠো চুল উঠে আসে বা সকাল বেলা বালিশে গুচ্ছ গুচ্ছ চুল পড়ে থাকতে দেখা যায় তখন বুঝতে হবে শরীরে বা মনের কোথাও কোনো সমস্যাও এর কারণ হতে পারে।
অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ চুল পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বলছেন ‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
তার মতে, চাপজনিত চুল পড়া অন্যান্য শারীরিক কারণে হওয়া চুল পড়ার চেয়ে আলাদা। আর তা সঠিকভাবে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হলে চুল আবার আগের মতো ফিরে পেতে পারেন অনেকেই।
চাপজনিত চুল পড়ার লক্ষণ
চুল পড়ার পেছনে বয়স, বংশগতি, হরমোনের পরিবর্তন, ওষুধ কিংবা ‘স্টাইলিং’ কারণ হতে পারে। তবে মানসিক চাপের কারণে চুল পড়া বিশেষ একটি ভাগের মধ্যে পড়ে বলছেন রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।
তার কথায়, “চাপ বা উদ্বেগজনিত চুল পড়া বিভিন্নভাবে প্রকাশ পায়। যেমন- চুল পাতলা হয়ে যাওয়া, হঠাৎ করে গুচ্ছ গুচ্ছ চুল পড়ে যাওয়া, মাথার কিছু জায়গায় চুল কমে যাওয়া বা গঠনে পরিবর্তন হওয়া।”
এই বিশেষজ্ঞের মতে, “চাপজনিত চুল পড়া সবসময় স্থায়ী হয় না। মানসিক চাপ কমানো গেলে ধীরে ধীরে চুল আগের মতো ফিরে আসতে পারে। এ ধরনের চাপের কারণে এক বা দুই সপ্তাহ চুল পড়তে পারে। তবে যদি কয়েক মাস ধরে একই সমস্যা চলতে থাকে তাহলে চিকিৎসা করানো দরকার। তখন আর ঘরোয়া যত্নে চুল পড়া কমবে না।”
চাপজনিত চুল পড়ার কারণ
চুল পড়া শুরু হওয়ার সময়টা অনেক সময় মানসিক চাপের পরপরই নয়, বরং কয়েক মাস পরেও দেখা দিতে পারে।
“কার শরীর কতটা মানসিক চাপ নিতে পারে, তা ব্যক্তিভেদে ভিন্ন। কারও ক্ষেত্রে চাকরি হারানো, বিচ্ছেদ, প্রিয়জনের মৃত্যু, বড় কোনো অসুস্থতা বা শারীরিক পরিবর্তনের মতো বড় মানসিক ধাক্কা থেকে এই চুল পড়া শুরু হয়”- বলেন ফারহানা রুমি।
চাপ ছাড়াও চুল পড়ার অন্যান্য কারণ
তবে চুল পড়া শুধুমাত্র মানসিক চাপের কারণে হয় না। এর পেছনে আরও অনেক শারীরিক ও পারিবারিক কারণ রয়েছে, যেমন-
বংশগত কারণ: পরিবারে কারও বয়স বাড়ার সঙ্গে চুল পাতলা হয়ে যাওয়ার ইতিহাস থাকলে তা উত্তরাধিকার সূত্রে আসতে পারে।
হরমোনের পরিবর্তন: গর্ভাবস্থা, প্রসব পরবর্তী সময়, ঋতু বন্ধ বা হরমোনের ওঠানামার কারণে চুলের ঘনত্ব কমে যেতে পারে।
অন্য রোগ বা চিকিৎসা: থাইরয়েড সমস্যা, স্ক্যাল্প বা মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ, ক্যান্সারের ওষুধ বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়তে পারে।
চুল বাঁধার ধরন: অত্যন্ত টান দিয়ে বাঁধা চুল বা না বুঝে কোনো উপাদান নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়ায় ক্ষতি হয়।
চাপজনিত চুল পড়া নির্ণয়ের উপায়
চাপজনিত চুল পড়া নির্ণয় করতে হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং রক্ত পরীক্ষা চুল পড়ার ধরন বুঝতে সাহায্য করে।
অনেক সময় চিকিৎসক রোগীকে একটি নির্দিষ্ট সময় ধরে পড়ে যাওয়া চুল জমা রাখতে বলতে পারেন। যাতে চুল পড়ার ধরন এবং পরিমাণ বিশ্লেষণ করে উপযুক্ত পরামর্শ দেওয়া যায়।
চাপ দীর্ঘদিনের হলে চুল পড়ার চিকিৎসায় যত আগে করা যায়, ফলাফল তত ভালো হয়।
চাপ কমিয়ে চুল পড়া রোধে করণীয়
চাপ কমানো গেলে চুল পড়াও কমে আসে। চুলের স্বাস্থ্য ও পুনরুদ্ধার বজায় রাখতে মানসিক চাপ কমানোর জন্য ‘মাইন্ডফুলনেস’ বা মানসিক পূর্ণতা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য বলে মনে করেন ফারহানা রুমি।
চাপ কমাতে তিনি কিছু কার্যকর উপায়ের কথা বলেছেন।
চাপের উৎস চিহ্নিত করে দূর করা: সব সময় সম্ভব না হলেও কিছু নির্দিষ্ট চাপ কমানো যায় পরিকল্পনা ও কাজ ভাগ করে নেওয়ার মাধ্যমে।
ঘুরতে গিয়ে যদি নিজেকে আনন্দে রাখা যায় তবে তাই করতে হবে। আনন্দের হরমোন যত বেশি উৎপন্ন হবে চাপ তত কমবে।
সহযোগিতা চাওয়া: পরিবার বা বন্ধুদের সাহায্য নেওয়া মানসিক চাপ লাঘবে অত্যন্ত কার্যকর।
পুষ্টিকর খাদ্যাভ্যাস: ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যেমন- মাছ, বাদাম, শাকসবজি, ফলমূল চুলের বৃদ্ধি ও মনের স্থিতি বজায় রাখতে সাহায্য করে।
ধ্যানচর্চা: মনের শান্তির জন্য নিয়মিত ধ্যান বা ‘মেডিটেইশন’ করলে মানসিক চাপ হ্রাস পায়।
শারীরিক কসরত: নিয়মিত ব্যায়াম করলে শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যা মানসিক চাপ কমাতে সহায়ক।
যখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে
যদি ছয় মাস বা তার বেশি সময় ধরে চুল পড়া চলতে থাকে, মাথার কোনো অংশ ফাঁকা হয়ে যায় বা মাথার ত্বকে চুলকানি, লালভাব কিংবা খুশকির মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে মনে করেন ফারহানা রুমি।
আরও পড়ুন
