২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ের যত্নে যেভাবে ঝামাপাথর ব্যবহার করতে হয়

মৃত চামড়া দূর ও গোড়ালি ফাটার সমস্যা কাটাতে ঝামাপাথর ব্যবহার উপকারী।

পায়ের যত্নে যেভাবে ঝামাপাথর ব্যবহার করতে হয়
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 06:18 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

দেহের অন্যান্য অংশের মতো পায়ের ত্বক পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ।

মানে হল নিয়মিত এক্সফলিয়েশন এবং ময়েশ্চারাইজ করলে গোড়ালি ফাটা ও চামড়া কুচকে যাওয়া রোধ করা যায়। আর ঘষামাজার জন্য ঝামাপাথর বেশি কার্যকর।

ঝামাপাথর বলতে যা বোঝায়

এই বিষয়ে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের পা-বিষয়ক চিকিৎসক ডা. এমিলি স্প্লিকাল বলেন, “রূপচর্চায় ঘষামাজার ক্ষেত্রে ঝামাপাথর সাধারণভাবে সব দেশেই ব্যবহার করা হয়। বিশেষ করে পায়ের শুষ্ক ত্বকের যত্নে। এটা একদিক দিয়ে হালকা আবার একটু খসখসে। যে কারণে ‘এক্সফলিয়েশন’য়ের জন্য কার্যকর।”

ফাটা গোড়ালির সমস্যায় ব্যবহার

ঝামাপাথর বাড়তি মৃত চামড়া, গোড়ালি ফাটা দূর করতে সাহায্য করে। তবে ফাটা যদি গভীর আর রক্ত বের হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মনে রাখতে হবে ত্বকের কোনো অংশে ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিলে সেখানে ঝামাপাথর ব্যবহার করা যাবে না।

শুষ্ক নাকি ভেজা অবস্থায় ব্যবহার করতে হয়

এই ব্যাপারে একই প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের আরেক পা-বিষয়ক বিশেষজ্ঞ ডা. কেইসি অ্যান পিডিক বলেন, “ঝামাপাথর সবসময় ভিজিয়ে ব্যবহার করতে হয়। এতে ঘর্ষণের তীব্রতা কমে। যদি শুষ্ক অবস্থায় ব্যবহার করা হয় তবে সামান্য কাটাছেড়ার সমস্যা হতে পারে, বিশেষ করে কোমল জায়গায় ব্যবহার করলে।”

ব্যবহার করার নিয়ম

“প্রথমে কুসুম গরম সাবানযুক্ত পানিতে পা চুবিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট যাতে ত্বক নরম হয়”- পরামর্শ দেন মার্কিন ত্বক বিশেষজ্ঞ ডা. মারিসা গার্শিক।

তারপর ঝামাপাথর ভিজিয়ে পায়ের চারপাশ গোড়ালি ও যেসব জায়গা প্রয়োজন সেখানে ঘষামাজা করতে হবে স্বাভাবিক চাপে।

ডা. স্প্লিকাল বলেন, “যতক্ষণ পর্যন্ত পায়ের চামড়া নরম অনুভুতি হবে ততক্ষণ পর্যন্ত ঝামাপাথর দিয়ে আলতো করে ঘষা যাবে।”

আর ব্যবহার করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে নয়তো সামনে পেছনে ঘষে।

“যদি মৃত চামড়া দূর করতে হয় তবে মাঝারি চাপে ঝামাপাথর দিয়ে ঘষতে হবে। মনে রাখতে হবে বেশি চাপ দিয়ে ঘষলে ত্বক ছিলে যেতে পারে”- বলেন ডা. স্প্লিকাল।

কত ঘন ঘন ব্যবহার করা যায়

এই বিশেষজ্ঞরা মনে করেন, খুব বেশি হলে সপ্তাহে দুবার ঝাপাপাথর দিয়ে ঘষামাজা করা যেতে পারে। এর ফলে অতিরিক্ত এক্সফলিয়েশন করাও হবে আবার মৃত চামড়া দূর করার পাশাপাশি নতুন করে ত্বক গজানোর সময়-ও পাবে।

অতিরিক্ত ব্যবহারে ত্বকে অস্বস্তি, জ্বালা ও লালচে ভাব দেখা দেবে- মন্তব্য করেন ডা. গার্শিক।

এছাড়া ক্ষতিগ্রস্ত ত্বক, ডায়াবেটিস, রক্ত প্রবাহে সমস্যা বা গর্ভাবস্থায় ঝামাপাথর ব্যবহার করা নিরাপদ না। আরও মনে রাখা জরুরি এই পাথরও সবসময় পরিষ্কার করতে হবে, না হলে ব্যাক্টেরিয়া গজানোর ঝুঁকি থেকে যাবে। আর ঠাণ্ডা জায়গায় রাখতে হবে।

কোনো মতেই ভাঙা, ছাল ওঠা ঝামাপাথর ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বৃষ্টিতে পায়ের যত্ন

পায়ের বিশেষ যত্ন

দুর্গন্ধ এড়াতে মোজা ও পায়ের যত্ন