অপরাধবোধে ফেলছে কি কেউ?
যদি কেউ সব সময় দোষী বানায়, সেটি সুস্থ সম্পর্ক নয়।
সম্পর্কে কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে অন্য একজন মানুষ এমনভাবে কথা বলে বা আচরণ করে, যাতে নিজেকে অপরাধী বলে মনে হওয়া শুরু হয়।
এমন সময়ে নিজে হয়তো বুঝতেই পারেন না, আসলে কোনও ভুল করেছেন কি-না?
তবু মনে হয়, দায় যেন নিজেরই। এই কৌশলকেই বলা হয় অপরাধবোধে ফেলা। এটি এক ধরনের আবেগী নিয়ন্ত্রণ, যার উদ্দেশ্য হল- অন্যজনের আচরণ বদলাতে আপনাকে মানসিক চাপে রাখা।
কানাডাভিত্তিক ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী ডা. মনিকা ভারমানি ‘দ্য স্কিম ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অপরাধবোধে ফেলা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত দুইভাবেই হতে পারে। এতে একজন অন্যজনের মনে দোষবোধ জাগিয়ে নিজের প্রভাব ও ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান। অনেক সময় যিনি অপরাধবোধে পড়ছেন, তিনি ভুল না করলেও নিজেকে দায়ী ভাবতে শুরু করেন।”
অপরাধবোধে ফেলার মনস্তত্ত্ব
যুক্তরাষ্ট্রের সম্পর্ক-বিশেষজ্ঞ ও ট্রমা বিষয়ে কাজ করা থেরাপিস্ট ডা. অ্যামেলিয়া কেলি বলেন, “অপরাধবোধ একটি স্বাভাবিক অনুভূতি। তবে যখন এটিকে কৌশল হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটি ক্ষতিকর হয়ে ওঠে।”
তার মতে, আবেগী নির্যাতনকারী বা আত্মকেন্দ্রিক মানুষরা প্রায়ই এই অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এতে ভুক্তভোগী ধীরে ধীরে নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন এবং এমন দায়ও নিজের কাঁধে নেন, যার জন্য তিনি দায়ী নন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী ডা. ন্যান্সি বি. আরউইন বলেন, “এই আচরণের মূল লক্ষ্য হল- ক্ষমতা অর্জন। অন্যজনকে সব সময় আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত রাখলে নিয়ন্ত্রণ সহজ হয়। এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়।”
যেভাবে বুঝবেন অপরাধবোধে ফেলা হচ্ছে
অপরাধবোধে ফেলার কৌশল কখনও খুব স্পষ্ট, আবার কখনও অত্যন্ত সূক্ষ্ম।
ডা. ভারমানির মতে, “কেউ যদি বারবার মনে করিয়ে দেন আপনি কতটা কম দিয়েছেন, অথবা তিনি আপনার জন্য কত কিছু করেছেন— তাহলে সেটি সতর্কতার সংকেত। অনেক সময় মুখের কথা নয় বরং নীরবতা, চোখের ভাষা বা হতাশার ভঙ্গিও অপরাধবোধ তৈরির মাধ্যম হয়।”
ডা. কেলির ভাষায়, “এ ধরনের মানুষ প্রায়ই সবকিছু অতি বাড়িয়ে, একপেশে ও দোষ চাপানোর ভঙ্গিতে ভাষা ব্যবহার করেন। সব সময়, কখনই না, তুমি যদি সত্যিই ভালোবাসতে— এই ধরনের বাক্য অপরাধবোধে ফেলার সাধারণ উপায়। এতে দোষ চাপানো ও আবেগী ব্ল্যাকমেইল একসঙ্গে কাজ করে।”
আত্মকেন্দ্রিক মানুষের অপরাধবোধে ফেলা
ডা. আরউইন বলেন, “আত্মকেন্দ্রিক ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করতে পারেন না। তারা নিজেদের দুর্বলতা অন্যের ওপর চাপান। অপরাধবোধে ফেলা তাদের জন্য একটি কার্যকর কৌশল, কারণ এতে তারা মনোযোগ ও নিয়ন্ত্রণ দুটোই পান।”
ডা. ভারমানির মতে, “যদি সঙ্গীকে বোঝাতে পারেন যে, সব সমস্যার জন্য সঙ্গীই দায়ী, তাহলে সেই সম্পর্ক নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এতে ভুক্তভোগীর আত্মবিশ্বাস ভেঙে পড়ে।”
অপরাধবোধে ফেলা আর বাস্তবতা বিকৃত করা
প্রশ্ন জাগতে পারে, অপরাধবোধে ফেলা আর বাস্তবতা বিকৃত করা কি এক জিনিস?
ডা. আরউইন বলেন, “দুটোই আবেগী নির্যাতনের কৌশল হলেও এক নয়। বাস্তবতা বিকৃত করার লক্ষ্য হল- অন্যজনকে নিজের বিচারবুদ্ধি নিয়ে সন্দিহান করা। আর অপরাধবোধে ফেলার ক্ষেত্রে একটি অভিযোগ ধরে রেখে সেটিকে বারবার সামনে আনা হয়।”
ডা. কেলির মতে, “বাস্তবে এই দুই কৌশল প্রায়ই একসঙ্গে ব্যবহৃত হয়। বাস্তবতাকে একটু একটু করে বিকৃত না করলে অপরাধবোধ দীর্ঘস্থায়ী করা কঠিন।”
অপরাধবোধে ফেলার ক্ষতিকর প্রভাব
দীর্ঘদিন ধরে অপরাধবোধে ভোগা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ডা. কেলি বলেন, “এতে আত্মসম্মান নষ্ট হয়। নিজেকে সব সময় দোষী ভাবতে শুরু করে, যা আত্মমমতা নষ্ট করে।”
ডা. ভারমানি যোগ করেন, “এতে সম্পর্কে ক্ষোভ, অবিশ্বাস ও রাগ জমে। পাশাপাশি উদ্বেগ, মনমরা ভাব এবং ক্ষমতাহীনতার অনুভূতি বাড়ে। সম্পর্কের প্রকৃত সমস্যা সমাধানের বদলে দায় চাপানোর খেলাই চলতে থাকে।”
নিজেকেই যখন অপরাধবোধে ফেলা হয়
অনেক সময় অন্য কেউ নয়, নিজেরাই নিজেদের অপরাধী বানাই।
ডা. ভারমানির ভাষায়, “যাদের আত্মসম্মান কম, তারা সহজেই ধরে নেন সব ভুল তাদেরই। এতে তারা নিজেদের অযোগ্য ভাবার ধারণাকে আরও শক্ত করেন।”
ডা. কেলি বলেন, “দীর্ঘদিন অপরাধবোধে ফেলার শিকার হলে এই অভ্যাস ভেতরে গেঁথে যায়। তখন মানুষ নিজের প্রয়োজন ও সীমারেখাকে বেঠিক মনে করতে শুরু করেন।”
নিজেকে অপরাধবোধে ফেলা বন্ধ করবেন যেভাবে
ডা. কেলি প্রথমেই নিজের প্রতি সহানুভূতির কথা বলেন। ভুল করা মানেই খারাপ মানুষ নন। ভুল হল- শেখার সুযোগ।
ডা. আরউইনের মতে, “নিজেকে প্রশ্ন করতে হবে— এই অপরাধবোধ কি যুক্তিসংগত, নাকি অতিরিক্ত?”
যারা সম্মান দেন, তাদের সঙ্গে থাকুন। সীমারেখা টানতে শিখতে হবে। প্রয়োজন হলে ক্ষমা চাইতে দ্বিধা বোধ করা যাবে না। তবে নিজের ওপর অযথা বোঝা চাপানো কোনও ভাবেই উচিত নয়।”
অপরাধবোধে ফেলা হলে কীভাবে জবাব দেবেন
ডা. ভারমানি বলেন, “প্রথম ধাপ হল বুঝে নেওয়া— নিজের সঙ্গে কী হচ্ছে। এটি একটি সতর্ক সংকেত যা বুঝায় যে কেউ আপনার সময়, শক্তি বা অনুভূতির ওপর কিছু একটা দাবি করছে, যা আপনার ইচ্ছার সঙ্গে মিলছে না।”
ডা. আরউইনের পরামর্শ- শান্ত ও সংক্ষিপ্তভাবে নিজের সীমারেখা জানানো। অতিরিক্ত ব্যাখ্যা দিলে শক্তি কমে যায়। ভুল না করলে দায় নেওয়ার দরকার নেই।
ডা. কেলি মনে করেন, “কখনও কখনও সম্পর্কটি আদৌ রাখা উচিত কি-না, সেটিও ভাবা দরকার। যদি কেউ সব সময় দোষী বানায়, সেটি সুস্থ সম্পর্ক নয়।”
ডা. ভারমানির মতে, “শক্ত আত্মসম্মান হল অপরাধবোধে ফেলার বিরুদ্ধে ঢাল। নিজের মূল্য বোঝা, নেতিবাচক চিন্তা চ্যালেঞ্জ করা এবং না বলতে শেখা অত্যন্ত জরুরি।”
নিজের জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজের মতো করে বাঁচা, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারানো নয়।
আরও পড়ুন
