২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োগা- শরীর, মন ও জীবনের সামঞ্জস্যের অনুশীলন

শরীরের প্রতিটি অংশকে সচল রাখা, শ্বাসকে শান্ত করা আর মনের অস্থিরতাকে কোমল করা যায় যোগব্যায়ামের মাধ্যমে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ইয়োগা বা যোগব্যায়াম কেবল এক ধরনের শরীরচর্চা নয়— এটি এক পূর্ণাঙ্গ জীবনপদ্ধতি। এতে আছে শরীরের নড়াচড়া, শ্বাস-প্রশ্বাসের সচেতন নিয়ন্ত্রণ, মনোযোগের চর্চা এবং এক গভীর দর্শন, যা মানুষকে শান্ত, দৃঢ় ও করুণাময় করে তোলে।

যোগ শেখায় কীভাবে প্রতিদিনের জীবনের ব্যস্ততা ও বিশৃঙ্খলার মাঝেও অন্তর্গত স্থিরতা ধরে রাখা যায়।

ঢাকার মতো দ্রুতগামী ও চাপপূর্ণ নগরে যোগের প্রাসঙ্গিকতা দিন দিন বাড়ছে। দীর্ঘ সময় বসে কাজ করার ফলে শরীর হয়ে পড়ছে অনমনীয়, মেরুদণ্ডে টান, ঘাড়ে ব্যথা বা ক্লান্তি বেড়ে যাচ্ছে। একই সঙ্গে মানসিক চাপ, উদ্বেগ আর নিদ্রাহীনতা ভেতর থেকে নিঃশেষ করছে।

এই বাস্তবতায় যোগব্যায়াম হতে পারে এক আশ্রয়। যেখানে শরীরের প্রতিটি অংশকে সচল রাখা যায়, শ্বাসকে শান্ত করা যায়, আর মনের অস্থিরতাকে কোমল করা যায়।

ফ্লো ফেস্টে যোগের আয়োজন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- রাজধানীর গুলশান দুয়ে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ যোগ-চর্চার জন্য থাকছে এক বিশেষ আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন ১১জন অভিজ্ঞ যোগ প্রশিক্ষক, যারা দেশের বিভিন্ন প্রান্তে যোগচর্চার মাধ্যমে মানুষকে আত্ম-উন্নয়ন ও মানসিক ভারসাম্যের পথে উদ্বুদ্ধ করছেন। তারা হলেন— কেরি, শ্যাজি ওম, ঈমান, আনাম, নাইলা, দ্যুতি, ফারিয়া, তাস, নামিত, ইউশা এবং যোগানিকা।

তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব যোগধারা, অভিজ্ঞতা ও দর্শন। কেউ শরীরের শক্তি ও নমনীয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেন, কেউ শ্বাস-প্রশ্বাস ও ধ্যানের সমন্বয় শেখান, কেউ আবার যোগের মাধ্যমে আত্ম-সহানুভূতি ও অন্তর্গত শান্তির দিকে আহ্বান জানান।

যোগের ভিন্ন ভিন্ন শৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে। হাথা যোগ, বিন্যাসা, অষ্টাঙ্গ, রেস্টোরেটিভ বা ধ্যানভিত্তিক যোগগুলো খুবই পরিচিত।

প্রতিটি অনুশীলনই শরীর ও মনের ভেতরে সামঞ্জস্য ফিরিয়ে আনে, মনোযোগ ও সহনশীলতা বাড়ায়।

যোগ মানে কেবল শরীরচর্চা নয়

অনেকেই মনে করেন যোগ মানে শুধু শারীরিক ব্যায়াম। তবে যোগের মূল উদ্দেশ্য অনেক গভীর। সংস্কৃত শব্দ ‘যুজ’ থেকে যোগ শব্দের উৎপত্তি, যার অর্থ সংযোগ বা মিলন। যোগের লক্ষ্য হল দেহ, মন ও আত্মার মধ্যে সেতুবন্ধন তৈরি করা।

যোগ শেখায় নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে, শরীরের প্রতিক্রিয়া শুনতে, শ্বাসের ওঠানামা লক্ষ্য করতে এবং মনকে একাগ্র করে বর্তমান মুহূর্তে অবস্থান করতে।

যখন প্রতিদিনের যোগাভ্যাসে শরীর ও মনের মধ্যে এই সংলাপ গড়ে তুলি, তখন জীবনের ছোট-বড় প্রতিটি ঘটনার প্রতিও সচেতনতা বাড়ে।

অহিংসা— যোগের মূল দর্শন

এবারে ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ যোগচর্চার পাশাপাশি দর্শনার্থীরা চর্চা করতে পারেন অহিংসা নীতির— অর্থাৎ অ-সহিংসতা বা অনাহত ভাবনায় বাঁচা।

অহিংসা কেবল শারীরিকভাবে কারও ক্ষতি না করার নির্দেশই নয়; এটি মানসিক, মৌখিক ও আবেগগত স্তরেও শান্তি ও করুণা রক্ষার আহ্বান।

যোগের প্রতিটি আসন, শ্বাস বা ধ্যান শেখায় নিজের প্রতি কোমল হতে। যাতে করে মানুষ শরীরকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে চালনা করতে শেখে।

যেমনভাবে একজন নিজের প্রতি সহানুভূতিশীল হন, তেমনি অন্যদের প্রতিও কোমল মনোভাব গড়ে তোলেন।

এই দৃষ্টিভঙ্গিই শহরের অস্থির জীবনে যোগকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। যেখানে প্রতিযোগিতা, চাপ ও মানসিক ক্লান্তি নিত্যসঙ্গী, সেখানে আহিংসার চর্চা আমাদের ধৈর্যশীল ও সহমর্মী করে তোলে।

যোগের মানসিক প্রভাব

যোগ শুধুমাত্র পেশি বা হাড়ের ব্যায়াম নয়, এটি মন ও স্নায়ুতন্ত্রের ওপরও গভীর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগাভ্যাস শরীরে কর্টিসল নামের মানসিক চাপের হরমোন কমায় এবং সেরোটোনিন বৃদ্ধি করে, যা মন ভালো রাখে।

শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা প্রাণায়াম মনকে শান্ত করে, ঘুমের মান বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে। ধ্যানচর্চা নেতিবাচক চিন্তা ও আবেগকে মৃদু করে, ফলে ব্যক্তি হয়ে ওঠে আরও সহনশীল ও সংবেদনশীল।

যোগ ও সমাজ

তরুণ প্রজন্ম, কর্মব্যস্ত মানুষ কিংবা গৃহিণী— সবাই যোগব্যায়াম থেকে উপকার পেতে পারেন। অফিসে দীর্ঘ সময় বসে কাজ করার কারণে যে পেশিজনিত সমস্যা তৈরি হয়, যোগ তা কমায়। আবার যারা মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন, তাদের জন্য ধ্যান ও প্রণায়াম এক প্রাকৃতিক প্রতিষেধক।

ঢাকায় এখন অনেক জায়গায় যোগচর্চার কেন্দ্র গড়ে উঠছে— পার্কে, ছাদে, কিংবা অনলাইন মাধ্যমে। এসব উদ্যোগ শহরের ব্যস্ত মানুষদের একে অপরের সঙ্গে সংযোগের সুযোগও দিচ্ছে।

একসঙ্গে যোগচর্চা মানে কেবল শরীরচর্চা নয়, এটি এক ধরনের কমিউনিটি গড়ে তোলার প্রক্রিয়া—যেখানে সবাই একে অপরের শক্তি ও প্রেরণা হয়ে ওঠে।

এবারের ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ নভেম্বর। অংশ নিতে রেজিস্ট্রেইশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka

ছবি: ফ্লো ফেস্টের সৌজান্যে।

আরও পড়ুন

সৃজন আর সংযোগ মেলাবে মন

একসাথে চললে এগোয় জীবন

খাদ্য থেকে অ্যাডভেঞ্চার: জীবনের নতুন স্বাদ ও সাহসের খোঁজ