সৃজন আর সংযোগ মেলাবে মন
যেখানে শব্দ হবে সেতু; যা করবে মনের সঙ্গে মনের সংযোগ।
মন চায় একটু শান্তি, একটু সংযোগ- সেটা মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এমন কি নিজের সঙ্গেও। সেই সংযোগ আর সৃজনের জগতে পা রাখার আহ্বান জানাচ্ছে ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’।
আর একে তিনদিনব্যাপী মনন, শিল্প ও আত্ম-আবিষ্কারের উৎসব বলা যেতেই পারে৷
৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত গুলশান দুইয়ের বিচারপতি শাহবুদ্দিন আহমেদ পার্কে আয়োজন করা হচ্ছে এই উৎসবের। যেখানে শরীর, মন ও আত্মার ভারসাম্য ফেরাতে একত্র হবেন নানান বয়সের মানুষ।
সংযোগে নিরাময়—মানুষের সঙ্গে মানুষের বন্ধন
বিশেষজ্ঞরা বলেন, মানুষ একা থেকে নয়, সম্পর্কের ভেতরেই সেরে ওঠে। সামাজিক সংযোগ (সোশ্যাল কনেকশন) কেবল মানসিক প্রশান্তিই দেয় না, এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবনের অর্থ বা ‘মিনিং’ খুঁজে দেয় জীবনে।
একটা ঘনবসতিপূর্ণ শহরে বসবাস করেও প্রায়ই নিজেদের নিঃসঙ্গ অনুভব করেন অনেকে। অথচ ইচ্ছাকৃত কিছু উদ্যোগ, যেমন- হাঁটার গ্রুপ, পাড়ার ক্লাস, স্বেচ্ছাসেবামূলক কাজ সেই বন্ধন আবার জোড়া লাগাতে পারে।
ঢাকার ব্যস্ত গতি অনেক সময় সম্পর্কের বৃত্ত ভেঙে দেয়। তাই এই উৎসবের ‘শেয়ারাপি’ সেশনগুলো সাজানো হয়েছে এমনভাবে, যাতে মানুষ নতুন করে সংযোগ গড়ে তুলতে পারে। এখানে অংশগ্রহণকারীরা পাবেন এমন এক সাপোর্ট গ্রুপ (সমর্থন দল), যেখানে সবাই মনের কথা খোলামেলা ভাবে বলতে পারবেন।
আবার ‘শেয়ার ইওর হিলিং স্টোরি—কমিউনিটি ডায়ালগ’ -এ কেউ বলতে পারেন নিজের নিরাময়ের গল্প, কেউ আবার শোনাতে পারেন প্রেরণার কথা।
একই সঙ্গে থাকবে মানসিক সুস্থতা বিষয়ক প্যানেল আলোচনা, যেখানে বিশেষজ্ঞরা শিশুদের বিশেষ চাহিদা নিয়ে অভিভাবকদের জন্য দিকনির্দেশনা দেবেন।
আর যারা কথায় নয়, কাজে সংযোগ অনুভব করতে চান, তাদের জন্যও রয়েছে বিকল্প। চাইলে যোগ দেওয়া যাবে গ্রুপ যোগব্যায়ামে।
পাশাপাশি অংশ নেওয়া যাবে শিল্পকর্মে, কিংবা একসঙ্গে গান গাইতে ‘বাংলা সিং-অ্যালং উইথ এলোরা’ থাকবে এই আয়োজনে। একসাথে গাওয়ার আনন্দ, একসাথে থাকার উষ্ণতা এই মেলবন্ধনই নিরাময়ের আসল মন্ত্র হয়ে উঠতে পারে।
সৃজনশীলতা—মননের বহুমাত্রিক ভিটামিন
মানসিক স্বাস্থ্যের জন্য সৃজনশীলতা (ক্রিয়েটিভিটি) এক ধরনের মানসিক ভিটামিনের মতো কাজ করে। এটি মনোযোগ বাড়ায়, মেজাজ ভালো রাখে এবং নমনীয় চিন্তা গড়ে তোলে। শিল্পচর্চা ভেতরের চাপ কমায়, আর নিজের হাতে কিছু তৈরি করার অনুভূতি আত্মবিশ্বাস বাড়ায়।
এবারের উৎসবে ‘আর্ট প্লাস সোল জোন’ আর ‘প্লেগ্রাউন্ড বাই বুকওয়ার্ম’-এ নিজের সৃজনশীল দিক আবিষ্কার করতে পারবেন অংশগ্রহণকারীরা।
সুরে সৃজন
সৃজনশীলতার সবচেয়ে প্রাণবন্ত রূপ হলো সংগীত। উৎসবের অ্যাম্ফিথিয়েটারে প্রতিদিন থাকবে সঙ্গীত ও পারফরম্যান্সের রঙিন আয়োজন।
প্রথমে ‘বাংলা সিং-অ্যালং’-এ মিলবে সমবেত গানের আনন্দ, এরপর শুরু হবে ‘ওপেন মাইক’ ও ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস: ইউনিজ্যাম’। যেখানে তরুণ সঙ্গীতশিল্পীরা দেখাবেন তাদের প্রতিভা।
এছাড়াও ‘দ্য বিটস অব বেঙ্গল বাই আরথি’-এর ছন্দে জমে উঠবে সন্ধ্যা, আর শুক্রবারে গাইবেন ‘জোহাদ’, শনিবারে থাকবেন ‘প্রেম জুরি’। সংগীত এখানে শুধুই শ্রবণের নয়, এটি একসাথে নাচে-গানে মিশে যাওয়ার এক উন্মুক্ত আমন্ত্রণও বটে।
রংয়ে নিরাময়
‘আর্ট প্লাস সোল জোন’ হল এমন এক জায়গা, যেখানে হাতে রং লেগে যাবে, মন খুলে যাবে।
‘ব্রাশস্ট্রোক উইথ ফাতেমা’-তে রংয়ের ছোঁয়ায় নিজেকে প্রকাশ করা যাবে।
অন্যদিকে ‘আর্ট হিলারস উইথ দিতি’-তে শিল্পের মাধ্যমে মন নিরাময়ের অভিজ্ঞতা পাবেন এখানে আগতরা। আর ‘টুনস উইথ তন্ময়’-এর সঙ্গে ডুব দেওয়া যাবে কল্পনার দুনিয়ায়।
এছাড়া ‘শর্মি’ বা ‘আমাল ফাউন্ডেশন’ -এর সঙ্গে হাতে কলমে তৈরি করা যাবে নানান কারুশিল্প। ‘সঙ্কলিতা’-র সঙ্গে পুরানো জিনিস পুনর্ব্যবহার (আপসাইকেল) করা যাবে আবার ‘রিকশা আর্ট উইথ প্রতিভা’-তে ফিরে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যের রঙিন ছোঁয়া।
আর এখানে কোনো পূর্বশর্ত নেই— না আছে দক্ষতার বাধা, না অভিজ্ঞতার চাপ। শুধু থাকতে হবে কৌতূহল, একটুখানি সময়, আর নিজের ভিতরটা উন্মুক্ত রাখার সাহস।
শব্দে সৃষ্টির মায়া
শব্দও সৃষ্টির এক শক্তিশালী মাধ্যম। ‘রাইট টু রিলিজ উইথ কাশফি’-তে তরুণরা খুঁজে পেতে পারে তাদের নিজের কণ্ঠ। আরও আয়োজন ‘স্টোরিটেলিং উইথ চাঁদের বুড়ি’ ও ‘স্টোরিটেলিং উইথ ডব্লিউসিবি’। এখানে ছোটদের কল্পনা উড়বে গল্পের ডানায়।
আর বড়দের জন্য রয়েছে ‘শেয়ার ইউর হিলিং স্টোরি—কমিউনিটি ডায়ালগ’। যেখানে শব্দ হবে সেতু, যা করবে মনের সঙ্গে মনের সংযোগ।
আর বইপ্রেমীরা খুঁজে পাবেন নতুন ভাবনার জগৎ ‘স্যাম ডালরিমপ্ল: বুক লঞ্চ’-এ। আর গল্পের অনুপ্রেরণায় থাকবেন ‘সাল ইমাম’-এর নিজের অভিজ্ঞতা।
শেষে ‘মাঝামাঝি’ নাট্য উপস্থাপনায় মঞ্চ ও শব্দ মিশে যাবে এক অনন্য শিল্পভ্রমণে।
‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ অংশ নিতে রেজিস্ট্রেইশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka
ছবি: দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’র সৌজন্যে।
আরও পড়ুন
