দ্বিতীয় দিনের ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ নামলো মানুষের ঢল
সুস্থতার আর আত্মার শান্তিতে কেউ করলো ইয়োগা, কেউবা বেছে নিয়েছেন ‘সাউন্ড হিলিং সেশন’।
গুলশান দুইয়ের বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কের উত্তর গেটে ঢুকতেই চোখে পড়ে এপেক্সের স্বাস্থ্য-পরামর্শ স্টল। স্টলে ইমন ও কাদির ল্যাপটপ আর প্রিন্টার নিয়ে ব্যস্ত। স্টলের সামনে ভিড়। তারা বিনামূল্যে পায়ের ‘ডায়নামিক পেডাগ্রাফি’ মূল্যায়ন করে দিচ্ছে।
দুজন জানান, এপেক্স ‘ডক্টর মাউচ’ হল এপেক্স ফুটওয়্যার লিমিটেডের থেরাপিউটিক জুতার ব্র্যান্ড। এতে ‘রিফ্লেক্সোলজি’ এবং ‘ফাইভ জোন’ প্রযুক্তি ব্যবহার করা হয়। লক্ষ্য আরাম, সাপোর্ট এবং পায়ের সুস্থতা নিশ্চিত করা। সব বয়সের জন্য জুতা আছে। বিশেষ করে ‘ডায়াবেটিক ফুট কেয়ারে ব্র্যান্ড’টি অতিরিক্ত গুরুত্ব দেয়।
রাজধানীর এই পার্কে চলছে 'দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫'। যা বাংলাদেশের অন্যতম ইয়োগা এবং ওয়েলনেস উৎসব হিসেবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে।
'বি ইন ইয়োর ফ্লো'—এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য হল- মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সুস্থতার চর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। এমনটাই জানালেন উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর।
এ বছরের আয়োজন সাজানো হয়েছে পাঁচটি অভিজ্ঞতা জোনে। ‘ফিটনেস প্যাভিলিয়ন’, ‘মেডিটেইশন গার্ডেন’, ‘আর্ট সোল জোন’, ‘প্লে-গ্রাউন্ড’ এবং ‘অ্যাম্ফিথিয়েটার’।
সব মিলিয়ে যোগব্যায়াম, নাচ, ধ্যান, গল্প, থিয়েটার, আর্ট, ফিটনেস সেশন, বই প্রকাশসহ একশোর বেশি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত।
শুক্রবার দ্বিতীয় দিনের সকালটা শুরু হয় শান্ত পরিবেশে। তারপর ধীরে ধীরে ভিড় বাড়ে। কেউ হাঁটছেন; কেউ ইয়োগা শালার দিকে। কেউ আবার শিশুদের নিয়ে ছুটছেন প্লে-গ্রাউন্ডে।
সকালের প্রথম আয়োজন ছিল ‘থ্রাইভ ওয়াকাথন’। অংশগ্রহণকারীরা ধীর গতিতে হাঁটে এবং নিজেদের সুস্থতার সঙ্গে সকালের আড্ডাও ভাগ করে নেন। শুরুতেই তৈরি হয় এক ধরনের কমিউনিটি অনুভূতি।
ইয়োগা প্রশিক্ষক দ্যুতি বলেন, “দীর্ঘ সময় বসে কাজ করার ফলে শরীর হয়ে পড়ে অনমনীয়; মেরুদণ্ডে টান, ঘাড়ে ব্যথা ও ক্লান্তি বেড়ে যাচ্ছে। একই সঙ্গে মানসিক চাপ, উদ্বেগ ও নিদ্রাহীনতা নিঃশেষ করে দিচ্ছে কর্মশক্তি। এই বাস্তবতায় যোগব্যায়াম হতে পারে এক প্রশান্ত আশ্রয়— যেখানে শরীর সচল হয়, শ্বাস শান্ত হয়, আর মন খুঁজে পায় কোমল ভারসাম্য।”
প্লে-গ্রাউন্ডে ফারিয়া শিশুদের জন্য ইয়োগা সেশন করান। শিশুরা সহজ ভঙ্গি শেখে এবং শ্বাসপ্রশ্বাসে মন দেয়। প্রথমবার অংশ নেওয়া শিশুরাও স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেয়।
‘আর্ট সোল জোনে’ ফাতেমার ব্রাশস্টোরি সেশন শিশুদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। তারা রং আর তুলিতে নিজের মতো ছবি আঁকে। ফাতেমা প্রয়োজনমতো দিকনির্দেশনা দেন। এতে তাদের সৃজনশীলতা বাড়ে।
অ্যাম্ফিথিয়েটারে ‘এলোরা বাংলা সিংআলং’ শুরু করতেই শিশুরা গান ধরে। হাততালি আর হাসিতে জায়গাটি ভরে ওঠে। বড়রা দাঁড়িয়ে শুনতে থাকে।
মেডিটেইশন গার্ডেনে গুঞ্জনের মেডিটেশন সেশন শান্ত পরিবেশ তৈরি করে। অংশগ্রহণকারীরা চোখ বন্ধ করে স্থির বসে থাকে।
‘আর্ট সোল জোনে’ হাসিমুখ এবং শর্মী’র ‘ক্রাফটস সেশনে’ বিভিন্ন উপকরণ দিয়ে হাতেকলমে কাজ শেখে শিশুরা। নিজের তৈরি জিনিস হাতে পেয়ে তাদের মুখে তৃপ্তি।
‘মেড গার্ডেনে’ চাঁদের বুড়ির গল্প শোনায় শিশুরা মন দিয়ে শোনে এবং গল্প নিয়ে কথা বলে।
ইয়োগা শালায় ফাহাদের ‘আর্ম অ্যাগেডন সেশন’ শিশুদের সক্রিয় করে। তারা হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম শেখে।
তন্ময়ের কার্টুন আঁকা সেশন শিশুদের বেশ টানে। তারা নতুন চরিত্র আঁকে এবং নিজের আঁকার স্টাইল তৈরি করতে শেখে।
অ্যাম্ফিথিয়েটারে শিশুদের গল্প শোনানোর আরেকটি প্রাণবন্ত আয়োজন হয়।
মেড গার্ডেন এবং প্লেগ্রাউন্ডে স্মার্ট এয়ারের এয়ার ডিটেকটিভস সেশনে শিশুরা শেখে বাতাসের গুণমান কেমন হয় এবং এটিকে ভালো রাখার উপায় কী।
ইয়োগা শালায় আব্দুল্লাহর কিয়োকুশিন সেশনে শিশুরা মার্শাল আর্ট শেখে। শৃঙ্খলা, মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়ে।
আর্ট সোল জোনে আমাল ফাউন্ডেশনের ক্রাফটস সেশনেও শিশুদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
মেড গার্ডেনে ফিজিওথেরাপি সেশনে অংশগ্রহণকারীরা ভঙ্গি, ব্যথা এবং শরীরচর্চা নিয়ে পরামর্শ নেয়।
প্লেগ্রাউন্ডে নারীদের সেল্ফ ডিফেন্স সেশনে আত্মরক্ষার মৌলিক কৌশল শেখানো হয়। এতে অংশ নেওয়া নারীরা আত্মবিশ্বাসী হয়।
হাভানার সালসা সেশনে অংশগ্রহণকারীরা নাচে। সঙ্গীতের তালে পরিবেশ আরও প্রাণবন্ত হয়।
দিনের শেষে সাউন্ড হিলিং সেশনে অনেকেই মানসিক বিশ্রাম নেয়।
বিকেলে ডিজাইনার ফাইজা আহমেদের কেরিওগ্রাফিতে ফ্যাশন শো অনুষ্ঠিত হয় অ্যাম্ফিথিয়েটারে ।
এছাড়াও নেমেসিস ব্যান্ডস গান পরিবেশন করে। দর্শকদের উচ্ছ্বাসে জায়গাটি জমে ওঠে।
দিনের শেষে পরিষ্কার হয়, ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’য়ের দ্বিতীয় দিন অংশগ্রহণকারীদের জন্য ছিল স্বাস্থ্য, সৃজনশীলতা এবং আনন্দে পূর্ণ একটি দিন। পরিবার, শিক্ষার্থী, পেশাজীবী সবাই এখানে এসে শিখেছে কীভাবে জীবনে ভারসাম্য আর ইতিবাচকতা ফিরিয়ে আনা যায়।
এই আয়োজনে পরিবেশবান্ধব জীবনযাপনকে উৎসাহিত করতে আয়োজন করেছে একটি ইকো মার্কেটপ্লেস, যেখানে প্রদর্শিত হয় টেকসই খাদ্য, ওয়েলনেস পণ্য ও লাইফস্টাইল ব্র্যান্ড।
উৎসবটি শিক্ষার্থী, পরিবার ও পেশাজীবীদের জন্য সমানভাবে উন্মুক্ত। শনিবার উৎসবের শেষ দিন। অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka
ছবির গ্যালারি
