যেভাবে স্টাইল করা যাবে মিউলস জুতা
পেছন খোলা পাদুকা হতে পারে জাঁকজমক বা সাদাসিধে সাজের অন্যতম আকর্ষণ।
চলতি ফ্যাশনে যেসব জুতা স্টাইল ও আরামের মিশেলে জায়গা করে নিচ্ছে, এর মধ্যে অন্যতম হল মিউলস।
সামনের দিক ঢাকা, তবে পেছনের দিকে ফাঁকা- এই পাদুকা অনায়াসেই ফুটিয়ে তোলে স্বাচ্ছন্দ্য আর স্টাইলের এক দুর্দান্ত সংমিশ্রণ।
মিউলস এমনভাবে ডিজাইন করা, যা একদিকে যেমন পরিধানে সহজ, অন্যদিকে যে কোনো পোশাকের সঙ্গে পরেই পাওয়া যায় ঝটপট ‘ফ্যাশনেইবল লুক’।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন স্টাইল বিশেষজ্ঞ জর্জ ব্রেশিয়া বলেন, “মিউলস খুবই ‘কুল গার্ল লুক’ দেয়। এছাড়া তাৎক্ষণিক স্টাইল আর রুচিশীল সৌন্দর্য যোগ করে যে কোনো সাজে। এটি সহজ, আরামদায়ক এবং স্টাইলিশ।”
গ্রীষ্মের পোশাকে রাখে হালকা ভাব
গরমের সময় হালকা কাপড়ের পোশাকের সঙ্গে মিউলস চমৎকার একটি উষ্ণ দৃষ্টি তৈরি করে। যেমন- সাদা মিউলসের সঙ্গে ফুলেল প্রিন্টের একটি পোশাক অথবা ফ্যাকাসে সবুজ লিনেন পোশাকের সঙ্গে চকচকে বাদামি রংয়ের মিউলস দুইই হতে পারে নিখুঁত মিল।
মধ্যপ্রাচ্য ভিত্তিক কনটেন্ট নির্মাতা হেলিন দোস্কি বলেন, “মিউলসের খোলা ডিজাইন আর ঢিলেঢালা পোশাক। গ্রীষ্মের সন্ধ্যায় এই জুটি অসাধারণ।”
মিউলসেই হোক প্রধান আকর্ষণ
কখনও কখনও জুতা-ই হয়ে উঠতে পারে গয়না। মখমলের তৈরি অলংকরণযুক্ত মিউলস যেন নজরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
জর্জ ব্রেশিয়া বলেন, “ক্যাজুয়াল পোশাকের সঙ্গে বিলাসবহুল মিউলস পরলে সাজে আসে এক ধরনের ভারসাম্য। যাকে বলা হয় ‘হাই-লো’ স্টাইলিং। এটা নিঃশব্দ বিলাসিতা বা ‘কোয়ায়েট লাক্সারি’র নিখুঁত উদাহরণ।”
শার্ট আর স্কার্টের সঙ্গে
ডেনিম স্কার্ট, সাদা ট্যাঙ্ক টপ আর ওভারসাইজ শার্ট— এই সাজে যোগ করা যায় রঙিন কোনো মিউলস। যেমন- হালকা নীল রংয়ের ‘পয়েন্টেড মিউলস’ পরলে সাজ হবে পরিপাটি।
এক রঙায়নে আনুন বৈচিত্র্য
এক রঙার সাজ মানেই একঘেয়ে নয়। বরং ভিন্ন ভিন্ন টেক্সচার বা কাপড়ের ধরনে সাজ হতে পারে আকর্ষণীয়।
লেস, কর্সেট ডিজাইন ও ফিতা দেওয়া পোশাকের সঙ্গে সাদা রংয়ের বাটনযুক্ত মিউলস একটি অনবদ্য মোনোক্রোম বা এক রঙায়ন ভঙ্গি তৈরি করে।
অফিসেও থাকুক ফ্যাশনের ছোঁয়া
অফিসের পোশাকে আনা যায় খানিকটা নরম অথচ চটকদার স্পর্শ।
হেলিন দোস্কি বলেন, “মিউলস পরলে পেশাদার দৃষ্টিতে যোগ হয় সূক্ষ্ম মাধুর্য। এটি কর্মক্ষেত্রে নারীদের জন্য আরামদায়ক ও আকর্ষণীয় একটি পছন্দ।”
ছাপ থাকুক স্টাইলেও
প্রিন্টের শার্টের সঙ্গে পরা যায় ‘স্ট্রেইট কাট’ জিন্স ও বাদামি রংয়ের মিউলস। সাজে যোগ করা যায় সমকালীন কানের দুল ও কাঠামোগত ডিজাইনের হ্যান্ডব্যাগ।
ডেনিম ড্রেসের সঙ্গে মিলুক মিউলস
ডেনিম এমন একটি কাপড় যা সব ঋতুতে মানিয়ে যায়। তেমনি মিউলসও ঋতু পরিবর্তনে দারুণ। ডেনিম পোশাক সঙ্গে সাদা ব্যাগ আর সাদা মিউলস একটি চমৎকার আধুনিক ভাব দেয়।
বিশেষজ্ঞদের মতে, কেন জনপ্রিয় মিউলস?
স্টাইল বিশেষজ্ঞ জর্জ ব্রেশিয়ার মতে, “মিউলস জুতা একাধারে আরামদায়ক ও স্টাইলিশ। এতে অতিরিক্ত কিছু পরার দরকার হয় না, বরং একজোড়া মিউলসেই সাজে আসে ভারসাম্য।”
তবে শুধু স্টাইল নয়, আরামের দিক থেকেও এই জুতার জুড়ি নেই। খোলা পেছনের ডিজাইন পায়ের ওপর চাপ কমায়, ফলে দীর্ঘ সময় পরলেও ক্লান্তি আসে না।
আরও পড়ুন
