তরুণদের মানসিক স্বাস্থ্যচর্চায় ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’
আর নয় তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা।
ব্যস্ততার শহর ঢাকায় তরুণদের জীবন যেন এক অবিরাম দৌড়। ক্লাস, পরীক্ষা, চাকরির প্রস্তুতি, সামাজিকতা— সব মিলিয়ে মানসিক চাপ, একাকিত্ব আর ঘুমের ঘাটতি তাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।
এই বাস্তবতাকে সামনে রেখে ‘দ্য ফ্লো ফেস্ট’ ও ‘প্রাইম নাও-এর যৌথ উদ্যোগে ২২ এপ্রিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’।
দুদিনের এই আয়োজনের স্লোগান হল ‘ইউ বি ইউ: ফাইন্ড ইয়োর ফ্লো’। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
দ্য ফ্লো ফেস্ট’য়ের প্রতিষ্ঠাতা ও যোগ ব্যায়াম প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, “এটা কোনো গতানুগতিক সেমিনার নয়, যেখানে দেওয়া হয় নাই কোনো ‘লেকচার’। শুধু তরুণরা যাতে নিজেদেরকে নিঃসঙ্কোচে প্রকাশ করতে পারে, সেই আয়োজন।এই উৎসব শুধু একটি ইভেন্ট নয়, বরং তরুণদের জন্য একটি নিরাপদ স্পেস তৈরির প্রয়াস। যেখানে তাঁরা থামতে পারেন, নিজেদের অনুভূতি বুঝতে পারেন এবং একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারেন।”
জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র
দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘দ্য ফ্লো ফেস্ট’ পরিচালিত এক জরিপে উঠে এসেছে ভয়ংকর বাস্তবতা। প্রায় ৬৫ শতাংশ তরুণ মানসিক অবসাদে ভুগছেন।
১৯ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে ৩৫ শতাংশ প্রতিদিন এবং ৩০ শতাংশ অধিকাংশ দিনই মানসিক চাপে থাকেন।
১৯ শতাংশ তরুণ নিয়মিত একাকিত্ব অনুভব করেন, ২৯ শতাংশ সৃজনশীলতা প্রকাশের জায়গা পান না এবং ৩৮ শতাংশ ঘুমের ঘাটতিতে ভোগেন।
এই সংখ্যাগুলো শুধু তথ্য নয়, বরং যেন হাজারও তরুণের নীরব কান্নার প্রতিফলন।
বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে অনেকেই নীরবে ভেঙে পড়ছেন। এই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে এই উৎসব।
যা ছিল উৎসবে
উৎসবটি কোনো বক্তৃতা বা সেমিনারের অনুষ্ঠান ছিল না। এখানে ছিল অভিজ্ঞতা, সংযোগ এবং নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা।
প্রথম দিনে ৫শ’ করে দুই দিনে এক হাজার শিক্ষার্থী অংশ নেন। আয়োজনে ছিল: যোগব্যায়াম ও মেডিটেইশন সেশন, আর্ট থেরাপি ওয়ার্কশপ, লাইভ মিউজিক, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, পিয়ার সাপোর্ট সার্কেল, কমিউনিটি স্পেস।
এসবে যোগ দিতে কোনো পূর্ব অভিজ্ঞতা লাগেনি। কেউ পারফর্ম করতে বাধ্য ছিল না। শুধু উপস্থিত হলেই মিলেছে এসব সেবা।
তরুণদের শক্তি ও আশার আলো
জরিপে আরও উঠে এসেছে, ৭৫ শতাংশ তরুণ বিশ্বাস করেন তারা সমাজে পরিবর্তন আনতে পারেন। ৮৫ শতাংশ পরিবেশবান্ধব কাজে অংশ নেন। এই শক্তিকে সঠিক দিকনির্দেশনা দিলে বড় পরিবর্তন সম্ভব।
শাজিয়া ওমর বলেন, “আমরা তরুণদের জন্য এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছি, যেখানে কেউ বিচার করবে না, ছোট করবে না। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। এই উৎসব শুধু একটি ইভেন্ট নয়, একটি বার্তা।”
এতে অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা আহমেদ বলেন, ‘‘ঢাকার ব্যস্ততার মাঝে থামার সুযোগ কম। সেই সুযোগ তৈরি করেছে। এখানে কেউ নিখুঁত হতে আসেনি। সবাই এসেছে মানুষ হয়ে। সম্ভবত এটাই এই আয়োজনের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে কাউন্সেলিং সেবা বাড়াতে হবে। নীতিনির্ধারকদের মানসিক স্বাস্থ্য কর্মসূচি জোরদার করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের জন্য ওয়েলনেস প্রোগ্রাম চালু করতে হবে।”
তরুণদের ক্লান্তির ভেতর এই বিরতিটুকু তাদের নতুন করে শুরু করার শক্তি জোগাতে পারে।
‘ইউ বি ইউ’— নিজের মতো থাকার এই নিরাপদ জায়গা হয়ত অনেকের জীবনে একটি ছোট তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
মানসিক স্বাস্থ্যের কথা এবার জোরেসোরে বলার সময় এসেছে।
