২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ সেলামির স্মৃতিকাতরতা বেঁচে আছে এখনও

একসময় দেওয়া হত হাতে হাতে, এখন ‘ডিজিটাল সেলামি’ও চলছে।

রিফাত পারভীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:32 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

নুতন জামা পরে ঈদের সেলামি জোগাড় করতে বের হওয়ার মতো শৈশব যাদের কেটেছে তারা এখনও সেসব দিনের কথা চিন্তা করে সুখস্মৃতিতে ভোগেন।

সময় ও ধরন বদলে গেলেও সেলামি আনন্দের অনুভূতি আছে একই রকম।

ল্যান্ডফোন আমলের সেলামির সকাল

যখনকার কথা বলা হচ্ছে তখন স্মার্টফোন বলে কিছু ছিলনা, কারও কারও বাসায় ল্যান্ডফোন আছে। টেলিভিশনের চ্যানেল মাত্র একটা, বিটিভি। রাতের আনন্দমেলা আর ঈদের নাটক দেখার আনন্দ নেওয়ার আগেই ঈদের উৎসবটা শুরু হতো সেলামি জোগাড়ের মধ্যে দিয়ে।

এভাবেই স্মৃতির পাতা উল্টাচ্ছিলেন বেসরকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত হাসিব হাসান।

তার কথায়, “ছোটবেলায় ঈদের দিন মানেই ঘুম থেকে উঠে নতুন জামা পরে সেলামি নেওয়া। নতুন কচকচে টাকা, সেই টাকার গন্ধ, ভাঁজ না খোলা নোটের ঝকঝকে ভাব সবকিছুই আলাদা আনন্দের।”

একই মনোভাব প্রকাশ করেন রাজধানীর এলিফ্যান্ট রোড নিবাসী খালেদ শরীফ।

তার কথায়, “পাড়ামহল্লায় ঘোরা ছাড়াও বাসায় কখন মামা-চাচা-খালুরা বেড়াতে আসবে আর তাদের কাছ সেলামি নিব, সেই আনন্দ অপেক্ষাতেই কেটে যেত ঈদের পুরোটা দিন।”

পুরানো সময়ে ১০, ২০ কিংবা ৫০ টাকার নোট পেলেই মনে হতো বিশাল কিছু পাওয়া গেছে। আবার ঈদের টাকা জমিয়ে রাখা, সেটা কখনও মেলায় বা দোকানে খরচ করা, খাবার খাওয়ার বিষয়গুলোই তৈরি করত বড় আনন্দ।

সময়ের সঙ্গে বদলেছে টাকার পরিমাণ

বর্তমানে সেলামির টাকার পরিমাণও অনেক বেড়েছে। আগে ১০ বা ২০ টাকাই ছিল বড় পাওয়া, এখন সেখানে ১০০, ২০০, ৫শ’ এমনকি ১ হাজার টাকার নোটও সেলামিতে দেওয়া হয়।

তবে নতুন কচকচে নোট দেওয়ার প্রবণতা এখনও রয়েছে। তাই ঈদের আগে ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করা শুধু সেলামি দেওয়ার জন্য। আর ছোট বিষয়টিই সেলামিকে আরও বিশেষ করে।

ডিজিটাল সেলামির নতুন ধারা

প্রযুক্তির এই যুগে সেলামির ধরনেও এসেছে পরিবর্তন। এখন অনেকেই মোবাইল ব্যাংকিং বা অনলাইন লেনদেনের মাধ্যমে ‘১ডিজিটাল সেলামি’ দেন।

দূরে থাকা আত্মীয়দের কাছে টাকা পাঠানো এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে।

তবে ডিজিটাল সেলামি যতই সহজ হোক, হাতে নগদ টাকা পাওয়ার অনুভূতি এখনও অনেকের কাছেই বেশি আনন্দের।

অফিস সংস্কৃতিতে সেলামি

আগে সেলামি মূলত পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন অনেক প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরুর আগেই কর্মীদের সেলামি দেওয়া হয়। সহকর্মীদের মধ্যেও ছোটখাটো সেলামি বিনিময়ের সংস্কৃতি তৈরি হয়েছে। অনেকেই একে সেলামি উৎসব বলেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নিদিতা ইসলাম বলেন, “ঈদ সেলামির অন্য রকম নস্টালজিয়া আছে। এখন তো বাসায় আর সেলামি পাই না, তবে ভালো লাগে যে- অফিসে অনেক সহকর্মীরাই সেলামি দেন। বেশ কয়েক বছর ধরেই এই ধারা দেখা যাচ্ছে।”

ঈদের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেলামি নিয়ে নতুন ট্রেন্ড চলে। কে কত টাকা সেলামি পেল, নতুন নোটের ছবি, সাজানো টাকার ছবি শেয়ার করাও ঈদ আনন্দের অংশ হয়েছে এখন।

সেলামি নিয়ে প্রতিযোগিতা— তখনও, এখনও

কে বেশি সেলামি পেল— এই প্রতিযোগিতা নতুন কিছু নয়। আগে যেমন- বন্ধুবান্ধবদের মধ্যে এই নিয়ে তুলনা হতো, এখনও তা আছে, শুধু মাধ্যম বদলেছে।

আগে মুখে মুখে এই আলোচনা হতো, এখন তা চলে গেছে অনলাইনেও।

গৃহিনী আফিয়া ইয়াসমীন বলেন, “সেলামি শুধু টাকা নয়, বরং ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক। আর বড় হয়ে নিজে ছোটদের সেলামি দেওয়ার ধারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে।”