২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী জুড়ে বৈশাখী আয়োজন

এবারের বর্ষবরণে কোথায় যাবেন, কী দেখবেন, সব জানুন একসঙ্গে।

রাজধানী জুড়ে বৈশাখী আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার দোকানগুলোতে এখন বৈশাখ বরণের উপকরণই বেশি চোখে পড়ছে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:07 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

পহেলা বৈশাখ মানেই যেন- নতুন বছরের প্রথম সূর্যোদয়, মঙ্গল শঙ্খধ্বনি আর রঙিন আলপনায় ভরা রাস্তা। এবারও ঢাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বর্ষবরণের উৎসব।

শহরের বিভিন্ন প্রান্তে চলছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ইভেন্ট পেইজ’ ও সরাসরি সংগৃহীত তথ্যের আলোকে জানানো হল বিস্তারিত।

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

প্রতিবারের মতো রমনা বটমূলেই পহেলা বৈশাখ উদযাপন ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের হেলিকপ্টার, পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যদের ফুট পেট্রোল ও টহলকে ভাগ করে জোরদার করা হয়েছে নজরদারি।

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে। আর নারী-পুরুষ ও শিল্পীদের জন্য আলাদা গেট নির্ধারণ করা হয়েছে।

 বৈশাখী শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে সকাল ৯টায় শুরু হবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, যা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় এসে শেষ হবে।

শোভাযাত্রার পুরো রাস্তায় থাকবে কঠোর নিরাপত্তার আওতায়। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।

বিকেল ৫টার পর রমনা পার্কের সব গেট শুধু বের হওয়ার জন্য ব্যবহৃত হবে। ৬টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে

বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে বসছে হাজারো কণ্ঠের মিলনমেলা। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’।

বাংলা নতুন বছর ১৪৩৩ স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। সম্মিলিত কণ্ঠে বাংলা গানের সুরে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ।

এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাদের মধ্যে আছেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল ও লুইপাসহ তরুণ প্রজন্মের আরও অনেক শিল্পী।

বর্ষবরণ উপলক্ষে রবীন্দ্র সরোবরে থাকবে বৈশাখী মেলার আয়োজনও। মেলায় পাওয়া যাবে নানান ধরনের তৈজসপত্র, ঐতিহ্যবাহী মাটির খেলনা এবং নাগরদোলাসহ গ্রামীণ সংস্কৃতির নানান উপকরণ।

যাত্রাবিরতির বৈশাখী উৎসব

রাজধানীর বনানীতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করেছে যাত্রাবিরতি। আয়োজনে থাকছে বাউলগান, নাচ, পুতুলনাচ। সঙ্গে থাকছে গ্রামীণ লোকজ মেলা ও ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী।

এছাড়া গান গাইবে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। ৫শ’ টাকার টিকিট কেটে প্রবেশ করা যাবে এই আয়োজনে।

আর্কা বৈশাখ ১৪৩৩, আলোকি, গুলশান

আর্কা কালেকটিভের আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর গুলশান–তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’তে আয়োজিত হচ্ছে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’।

১৪ এপ্রিল বেলা ১১টা থেকে রাত পর্যন্ত নানান আয়োজনে মুখর থাকবে এ প্রাঙ্গণ। দুই দিনের আয়োজনকে ভাগ করা হয়েছে চারটি ভাগে— মেলা, খেলাঘর, ভোজনালয়, কালেকটিভ মঞ্চ।

এছাড়া সেখানে সংগীত পরিবেশন করবে কার্নিভাল, রকসল্ট ও ফিরোজ জং ব্যান্ড। প্রতিদিনের টিকিট ৫শ’ টাকা করে, কেনা যাবে ‘আলোকি’র ওয়েবসাইট থেকে।

বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। টানা সাত দিনের এই মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী উপকরণ।

ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের থেকে শুরু করে বৈশাখী সাজসজ্জা, মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের সমাহার পাবেন এখানে।

১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা।

লাল বৈশাখী, কামাল আতাতুর্ক পার্ক, বনানী

নববর্ষ উপলক্ষ্যে স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘রিশকা কানেক্টস’। মেলায় থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ থেকে শুরু করে বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা।

এছাড়া দুই দিনের আয়োজনে কনসার্টে থাকছেন হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড। থাকছে স্ট্যান্ডআপ কমেডিও। প্রতিদিন ৩শ’ টাকা টিকিটে প্রবেশ করা যাবে এই আয়োজনে।

এসএমই বৈশাখী মেলা, বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও

পহেলা বৈশাখের আগেই শুরু হয়ে গেছে এই মেলা। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেলায় আছে ৩শ’টির বেশি স্টল। এর মধ্যে দেড়শর বেশি উদ্যোক্তা স্টল ও ৩০টির বেশি খাবারের।

এছাড়া প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখি খেলা, বানর খেলা।

মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা।

উৎসবে বৈশাখ, শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা

ট্রিপল টাইম কমিউনিকেশনস ও কোর্টসাইডের সম্মিলিত আয়োজনে ১৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘উৎসবে বৈশাখ’। যেখানে থাকছে আলপনা, পাপেট শো, বাউলগানের আসর, নাগরদোলা, লুডু খেলা।

বেলা ৩টা থেকে শুরু হবে জমকালো কনসার্ট। আয়োজনে প্রবেশের টিকিট মূল্য ২শ’ টাকা। কনসার্টে প্রবেশ করতে চাইলে খরচ করতে হবে ৮শ’ টাকা।

বৈশাখী মেলা, দ্য রিভার এজ রেস্তোরাঁ, মিরপুর

মিরপুরের দ্যা রিভার এজ রেস্তোরাঁয় ১৫ এপ্রিল পর্যন্ত বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। পরিবার নিয়ে আরামদায়ক পরিবেশে খাওয়া-দাওয়া ও ছোটখাটো উৎসব উপভোগ করা যাবে।

বৈশাখী মেলা, এয়ার ফোর্স বেইজক্যাম্প, আগারগাঁও

বাংলাদেশ এয়ার ফোর্স-এর উদ্যোগে ১৪ এপ্রিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ‘ফেইস পেইন্টিং’, ক্যারিকেচার, বাউল গান ও পটারি হুইল।

পাশাপাশি লাটিম, মার্বেল, দাঁড়িয়াবান্ধা, রণপা, লুডু ও ক্যারামসহ ঐতিহ্যবাহী খেলাধুলাও থাকবে।

খাবারের তালিকায় থাকবে নানা বাঙালি পদ।

ইচ্ছেতলার বৈশাখ

১৪ এপ্রিল সকাল ৭টায় ইচ্ছেতলার শিশু-কিশোরদের বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান। সকাল সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান: ইচ্ছেতলা, বাড়ি ৯৪, রোড ১, সেক্টর ১২, উত্তরা।

বসুন্ধরা বৈশাখী উৎসব

১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল। এবিজি স্পোর্টস ফিল্ড, ব্লক জি, রোড ৩, বসুন্ধরা আবাসিক এলাকায় বৈশাখী উৎসব। এমেলায় থাকছে: বর্ষবরণ শোভাযাত্রা, নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ, রিক্সা পেইন্ট ওয়ার্কশপ, পান্তা ইলিশ, সাংস্কৃতিক সন্ধ্যা।

হাতিরঝিল এম্ফিথিয়েটার

বিকাশ নিবেদিত ‘ভোরের নতুন সূর্যোদয় ১৪৩৩’ শীর্ষক উৎসবটি হাতিরঝিল এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।

বৈশাখী মেলা, ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং বাউল ও লোকসংগীত। বৃক্ষরোপণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মেডিকেল ক্যাম্প।

ঢাকার মোহাম্মদপুর বৈশাখী মেলা

ঢাকার মোহাম্মদপুর জাকির হোসেন মাঠে হয়েছে বৈশাখী মেলার আয়োজন।

রিংরোডে জাপান গার্ডেন সিটিতে হবে বৈশাখী মেলা।

এছাড়াও রিংরোড এন.এইচ. এ গার্ডেন সিটিতেও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

শতবর্ষী প্যাডেল স্টিমারে নৌভ্রমণ

পহেলা বৈশাখে ঐতিহ্যের আমন্ত্রণে, শতবর্ষী প্যাডেল স্টিমারে এক রাজকীয় নৌভ্রমণ করতে পারেন।

পি এস মাহসুদ—১৯২৮ সালে নির্মিত সেই ঐতিহাসিক প্যাডেল স্টিমারে চড়ে মেঘনা-বড়িুড়িগঙ্গার বুকে মেতে উঠুন বৈশাখী উৎসবে। সাথে থাকছে বাউল গান, হেরিটেজ মিউজিয়াম ট্যুর আর রসনা তৃপ্ত করা বাঙালি ভোজ।

সময়: ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টা - বিকেল ৬টা, সদরঘাট (লালকুঠি টারমিনাল) গেট নম্বর ২০-২২), ঢাকা।

সকালের হালকা নাস্তা, দুপুরের বাঙালি খাবার, বিকেলের নাস্তা ও চা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন: রিভার অ্যান্ড গ্রীন ট্যুরস।