২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমেও ডেনিম

জিন্স কিংবা টপস- যে কোনো ঋতুতেই এখন পরা হয় ডেনিমের পোশাক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

শুধু শীতেই পোশাকের জগতে ডেনিমের রাজত্ব চলে না। কারণ কোনো ঋতুর সঙ্গেই যেন ডেনিমের সম্পর্ক সীমাবদ্ধ নয়।

এটি এমন এক কাপড় যেটা ছাঁট, দৈর্ঘ্য এবং রূপরেখার সঙ্গে খেলে নতুন নতুন স্টাইল তৈরি করা যায়। বিশেষ করে গরমে ডেনিম মানেই একটু সাহসী, একটু মজার ফ্যাশন পরীক্ষা।

এমন কিছু ডেনিম ট্রেন্ড এই গ্রীষ্মে বিশ্বব্যাপী ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। যেগুলোর ছাপ ধীরে ধীরে বাংলাদেশের ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের মাঝেও পড়তে শুরু করেছে।

লম্বা ডেনিম শর্টস

মাঝামাঝি দৈর্ঘ্যের ডেনিম শর্টস, যেগুলো কখনও বারমুডা আবার কখনও 'জর্টস' নামে পরিচিত, এখন দারুণ জনপ্রিয়।

যুক্তরাষ্ট্রের ফ্যাশন পরামর্শক ও স্টাইলিস্ট শারন্ডা আরভিং রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই শর্টসগুলো এমন জায়গায় গিয়ে পড়ে, যা শরীরকে সাচ্ছন্দ্য দেয়। কোনও থাই ঘষার ভয় নেই, আবার অস্বস্তিও কম।”

বাংলাদেশেও এখন অনেকেই এই ধাঁচের শর্টসকে কিছুটা স্টাইলিং ও লেয়ারিং করে অনেকেই বেছে নিচ্ছেন।

লম্বা ডেনিম স্কার্ট: নিত্য ফ্যাশনে শালীনতা ও স্টাইল

পায়ের সঙ্গে খুব আঁটসাঁটভাবে লেগে থাকে, অর্থাৎ স্কিনি জিন্সের পরে এবার ফিরেছে লম্বা ডেনিম স্কার্ট।

স্পেনের ডিজাইন প্রতিষ্ঠান ‘সুমিসুরা’র প্রধান ডিজাইনার তেরেসা ফের্নান্দেজ বলেন, “তেমনই এই স্কার্টের মধ্যে রয়েছে আরাম ও পরিশীলনের ভারসাম্য।”

আমাদের দেশের সংস্কৃতিতে যাঁরা ঢিলেঢালা পোশাক পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ।

ব্যারেল লেগ জিন্স: সাহসী এবং ব্যতিক্রমধর্মী

ব্যারেল লেগ জিন্স একটু ফুলে থাকা মাঝামাঝি অংশ ও অ্যাঙ্কেল টেপারড কাটের জন্য আলাদা।

মার্কিন স্টাইলিস্ট সুসান প্যাডরন বলেন, “কোমরে ফিট আর পায়ের নিচে ঢিলেঢালা এই কাট এখন খুবই ট্রেন্ডি। এমনকি একটা সাধারণ টি-শার্টের সঙ্গেও দারুণ মানায়।”

শহুরে তরুণদের মাঝে এই ধরনের জিন্স ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

মাথা থেকে পা পর্যন্ত ডেনিম: 'ডেনিম অন ডেনিম' স্টাইল

কানাডার ফ্যাশন হাউজ ‘জুড কানাডা’র প্রতিষ্ঠাতা হিদার জুড জানালেন, “ডেনিম জ্যাকেট, ডেনিম প্যান্ট এমনকি পুরো ডেনিম ড্রেস সবকিছু মিলিয়ে এ সময়ে চলছে ‘হেড টু টো’ ডেনিমের জয়যাত্রা। শিয়াপারেলি, সিমোন রোচা, গানি সবাই তাদের রানওয়েতে এই ট্রেন্ড দেখিয়েছে।”

বাংলাদেশেও লেয়ারিং করে ডেনিম পড়া আধুনিক স্টাইলিংয়ের অংশ হয়ে গেছে। ডেনিম যে খুব মোটা কাপড়ে সব সময় তৈরি হয় তা নয়, পাতলা ডেনিমে শার্ট, টপও ডিজাইন করা হয় যা ডেনিম প্যান্ট ও স্কার্টের সঙ্গে দারুণ লাগে।

ঢিলে, কোমরে নেমে আসা জিন্স: অলসতা আর স্টাইল একসাথে

ঢিলেঢালা ও কোমরের নিচে পড়ে থাকা জিন্স এখন শুধু রাস্তায় নয়, রানওয়েতেও জায়গা করে নিচ্ছে।

শারন্ডা আরভিং বলেন, “একটা ঢিলে জিন্স, নিচে বড় কফ আর ওপরের দিকে একটা ব্লেজার অথবা সাদা টি-শার্ট; এই স্টাইল এখন রেড কার্পেটেও দেখা যাচ্ছে।”

দেশের তরুণ ফ্যাশনপ্রেমীদের কাছে এটি হতে পারে ক্যাজুয়াল এলিগ্যান্স-এর নতুন সংজ্ঞা। কর্মক্ষেত্রে বা বাইরের কাজে যাওয়ার সময়ে এটি হতে পারে আরামদায়ক পোশাক।

স্ট্রেইট কাট জিন্স: ক্ল্যাসিকের প্রত্যাবর্তন

অনেক কাট আর স্টাইলের ভিড়ে স্ট্রেইট কাট জিন্স আবারও ফিরে এসেছে।

আরভিং বলেন, “স্ট্রেইট লেগ জিন্স পা লম্বা দেখায় এবং প্রায় সব ধরনের টপের সঙ্গে মানিয়ে যায়। এটা যেন নতুন করে ক্ল্যাসিককে আলিঙ্গন।”

এই জিন্স অফিস, আউটিং কিংবা এমনকি গেটটুগেদারেও পরা যায় সহজেই।

ডেনিম টপস: একঘেয়ে নয়, নকশায় ভিন্নতা

সুসান প্যাডরন জানান, “শুধু শামব্রে শার্টে সীমাবদ্ধ না থেকে এখন দেখা যাচ্ছে স্টাইলিশ ডেনিম করসেট, জ্যামিতিক কাটের টপ বা বিভিন্ন নকশার টিউনিক।”

নতুন প্রজন্মের ডিজাইনারদের মাঝে এমন ডেনিম টপস বানানোর প্রবণতা বাড়ছে, যা গ্রীষ্মে আরাম আর ফ্যাশনের নিখুঁত মিশেল।

অলংকৃত ও অ্যাকসেসরাইজড ডেনিম: কাস্টমাইজেশনের উচ্ছ্বাস

কানাডার হিদার জুড বলেন, “স্টেলা ম্যাককার্টনির ডিজাইনে দেখা গেছে মুক্তার মতো ঝলমলে জিন্স, আর শ্যানেলের জিন্সে ছিল হেম লাইনে হীরার মতো পাথর।”

এই ধরনের অলংকরণ যুক্ত ডেনিম এখন দেশীয় ফ্যাশনেও প্রবেশ করেছে। এমন জিন্স হতে পারে আলাদা একটা ফ্যাশন স্টেটমেন্ট।

ন্যূনতম ও পরিপাটি ডেনিম: সাধারনের ফিরে আসা

তেরেসা ফের্নান্দেজ বলেন, “নতুন প্রজন্ম এখন রঙচঙে নয় বরং হালকা ‘ডার্ক ব্লু ওয়াশ’, ‘হাই ওয়েস্ট’, পরিষ্কার কাটের জিন্সে আগ্রহী। একটা সাদা শার্ট আর সাদামাটা ব্যাগের সঙ্গে এমন জিন্স দিলে ‘মডেল অফ ডিউটি লুক’ পাওয়া যায়।”

গরমে এই ধরনের লুক আরামদায়ক এবং প্রেজেন্টেবল বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য।

বুটকাট কাটের জিন্স: আধুনিক ও আরামদায়ক এক সংমিশ্রণ

হিদার জুডের ভাষায়, “লুই ভিটন ও ফেন্ডির রানওয়েতে দেখা গেছে রিডিফাইন করা বুটকাট, যা ফ্লেয়ার এবং স্লাউচি হেমের মিশেল।”

এই কাট বাংলাদেশে একটু তুলনামূলক নতুন হলেও যারা স্টাইল নিয়ে পরীক্ষা করতে ভালোবাসেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ পছন্দ।

আরও পড়ুন

বব স্টাইলে চুল কাটার আগে নিজেকে যে প্রশ্ন করতে হবে

গরম বৃষ্টির দিনে স্নিকার ট্রেন্ড

আশি নব্বই দশকের ধারায় ফিরছে নতুন প্রজন্ম