২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ত্বনার আড়ালে মানসিক অবহেলা

দুঃখের মাঝে আশাবাদী কথা- সবসময় শুনতে ভালো নাও হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

খারাপ কোনো সময় এলে অধিকাংশই অন্যের কাছ থেকে সহানুভূতি ও বোঝাপড়া প্রত্যাশা করি।

তবে বাস্তবে অনেক সময় শুনতে হয় ‘আরও খারাপ হতে পারত’, ‘ভালো দিকটা দেখো’, কিংবা ‘সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে’।

শুনতে এগুলো আশাবাদী কথা মনে হলেও, গভীর কষ্টের মুহূর্তে এই বাক্যগুলো অনেকের কাছে পীড়াদায়ক হয়ে ওঠে।

প্রিয়জন হারানো, বিয়ে বিচ্ছেদ, দীর্ঘমেয়াদি অসুস্থতা কিংবা চাকরি হারানোর মতো ঘটনায় সব কিছুর কিছু ‘ভালো দিক’ খুঁজে পাওয়া যায় না।

আর সেই সময় জোর করে ইতিবাচকতা আরোপ করে মানুষকে সান্ত্বনা দেওয়ার বদলে তার অনুভূতিকে অস্বীকার করার মতোই হয়।

মনোবিজ্ঞানীরা এই আচরণকে বলেন ‘ব্রাইটসাইডিং’ অর্থাৎ অন্যের দুঃখের সান্ত্বনায় জোর করে ইতিবাচক ব্যাখ্যা চাপিয়ে দেওয়া।

ব্রাইটসাইডিং আসলে কী?

খারাপ কোনো খবর শুনে সঙ্গে সঙ্গে সেটিকে ‘ভালো ঘুরিয়ে’ দেওয়াই হল ‘ব্রাইটসাইডিং’।

যেমন- ভালো দিকটা ভাবো, অন্তত এটুকু তো হয়েছে, সবকিছু কোনো না কোনো কারণে হয়— এসব কথাই এর পরিচিত উদাহরণ।

মানুষ প্রায়ই অস্বস্তি থেকে এই কথা বলে, যেন কষ্টের বাস্তবতার মুখোমুখি না হতে হয়।

অন্যদিকে ‘ব্রাইটসাইডিং’-কে বলা যায় এক ধরনের আবেগগত অস্বীকৃতি। যেখানে ধারণা করা হয়- নেতিবাচক পরিস্থিতিতে ইতিবাচক থাকা নাকি সবচেয়ে স্বাস্থ্যকর বা একমাত্র মোকাবিলার উপায়।

এর ফলে মানুষের স্বাভাবিক আবেগ রাগ, দুঃখ, ভয় বা শোক দমিয়ে রাখা হয়।

কানাডাভিত্তিক ক্লিনিক্যাল কাউন্সেলর নিলুফার এসমাইলপুর বলেন, “এই প্রবণতা বিষাক্ত ইতিবাচকতার সঙ্গেও জড়িত, যেখানে সমাজ যেন শিখিয়ে দেয় সব সময় হাসিমুখে থাকতে হবে, দুঃখের প্রকাশের কোনো জায়গা নেই।“

ব্রাইটসাইডিং - প্রায়ই এমন মন্তব্যের রূপ নেয়, যেখানে মানুষকে বলা হয় অন্য কারও কষ্টের সঙ্গে তুলনা করতে, অথবা নেতিবাচক না হতে, যেন আবেগ নিয়ন্ত্রণ করা এত সহজ বিষয়।

তবে বাস্তবে এটি কষ্টকে ছোট করে দেখায় এবং ভুক্তভোগীকে একা করে তোলে।

বাস্তবে ব্রাইটসাইডিংয়ের চেহারা

মানুষ প্রায়ই না বুঝে এই আচরণ করেন। গুরুতর অসুস্থ কাউকে বলা হয়- অন্তত এখন একটু ধীরে জীবন উপভোগ করতে পারবে।

চাকরি হারালে শোনা যায়- এর চেয়ে ভালো কাজ পেয়ে যাবে।

প্রেম ভেঙে গেলে বলা হয়— সমুদ্রে তো আরও অনেক মাছ আছে।

দীর্ঘদিনের ক্লান্ত কাউকে বলা হয়- অন্তত তোমার একটা চাকরি তো আছে।

এসব বাক্য দেখলে বাহ্যত আশা জাগানো মনে হলেও, বিশেষজ্ঞরা বলেন, এগুলো আসলে অনুভূতির বাস্তবতা এড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক দাম্পত্য ও পারিবারিক থেরাপিস্ট সিয়ারা বগদানোভিচ রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এ ধরনের কথা মানুষকে দ্রুত ভালো অনুভব করতে বাধ্য করতে চায়, অনুভূতিটাকে বুঝতে বা স্বীকার করতে নয়। এতে মানুষ অনুভব করে, তার আসল কষ্টটা যেন গুরুত্ব পেল না।“

যে কারণে ব্রাইটসাইডিং ক্ষতিকর

অধিকাংশ মানুষই খারাপ উদ্দেশ্যে নয়, বরং সান্ত্বনা দেওয়ার জন্যই এই ধরনের কথা বলেন।

তবে উদ্দেশ্য ভালো হলেও ফল হয় উল্টো।

এ ধরনের মন্তব্য মানুষের কষ্টকে ছোট করে দেখায় এবং তাকে অনুভব করায় যে, হয়ত সে অযথা অভিযোগ করছে বা দুর্বলতা প্রকাশ করছে।

এতে নিজের আবেগ নিয়ে লজ্জা তৈরি হতে পারে, এমনকি মনে হতে পারে— তার সঙ্গে বোধহয় কিছু ‘ভুল’ আছে, কারণ সে এত দ্রুত ‘ভালো হয়ে উঠতে’ পারছে না।

কথা শোনাই সবচেয়ে বড় সহায়তা

‘ব্রাইটসাইডিং’ এড়ানোর প্রথম ধাপ হল পুরো মনোযোগ দিয়ে শোনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট স্টেফানি মাজার একই প্রতিবেদনে বলেন, “কেউ কষ্টের কথা বললে সঙ্গে সঙ্গে উপদেশ না দিয়ে আগে মনোযোগ দিয়ে শোনা দরকার। মাথা নাড়িয়ে সম্মতি জানানো, চোখে চোখ রেখে শোনা, কিংবা বলা ‘শুনে খুব কষ্ট লাগছে’। এই ছোট আচরণগুলো মানুষের অনুভূতিকে মূল্য দেয়।”

মানুষ পুরো কথা শেষ না করা পর্যন্ত অপেক্ষা করা দরকার, তারপর প্রতিক্রিয়া দেওয়া উচিত।

অনুভূতির স্বীকৃতি দেওয়া

এমন বাক্য ব্যবহার করা উচিত নয় যা কষ্টকে হালকা করে। অনেক সময় সমস্যার সমাধান করাই একমাত্র কাজ হয় না, বরং শুধু পাশে থাকাটাই হতে পারে প্রকৃত সান্ত্বনা।

বলা যেতে পারে ‘এটা সত্যিই খুব কষ্টের, তুমি যে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তাতে আমি দুঃখিত।’ এতে মানুষ বোঝে, তার অনুভূতি গ্রহণযোগ্য।

তাই নিজের জায়গা থেকে পরিস্থিতি কল্পনা না করে অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবা দরকার।

নিজের মতো করে অন্য মানুষটি পরিস্থিতি সামলাবে এমন ধরে নেওয়া ঠিক নয়। তার ব্যক্তিত্ব ও জীবনের অভিজ্ঞতা আলাদা হতে পারে। আগে তার অনুভূতিকে মান্যতা দেওয়া জরুরি।

আরও পড়ুন

বন্ধুর প্রেমে বিচ্ছেদ, সহমর্মী হবেন যেভাবে

‘ঘোস্টিং’ করা বাজে তবে কিছু ক্ষেত্রে দরকারও পড়ে

মানসিক চাপ কমায় অন্ধকার ঘরে গোসল

কেন কাটছে না ভূমিকম্পের মানসিক আঘাত?

মানসিক সুস্থতায় নিজেকে সময় দেওয়া