২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহারি জিন্সে রকমারি ফ্যাশন

ভিন্ন ছাঁটের জিন্সে নিজেকে সাজিয়ে তোলা যায় নানান বৈচিত্র্যে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 02:47 PM

Updated : 02 Sep 2022, 02:47 PM

জিন্স প্যান্টের কাটছাঁটের ভিন্নতার মিশেলে যেভাবে সাজানো যায় নিজেকে।

‘ব্যাগি’, ‘স্ট্রেইট’ কিংবা ‘ফেইড’- জিন্স প্যান্টের ছাঁটের এরকম বৈচিত্র্যের সঙ্গে মিলিয়ে টপস, টিশার্ট বা শার্ট পরতে পারলে নিজেকে ভিন্ন ভাবেই উপস্থাপন করা যায়।

আর সেই পন্থাই জানানো হল রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

ফ্লেয়ার

প্যান্টের নিচের দিকটা অনেক ছড়ানো থাকে এই ধাঁচের জিন্সে। ‘বেলবটম’ স্টাইল বললে অনেকের হয়ত চিনতে সহজ হবে। এই ধাঁচের জিন্স প্যান্টের সঙ্গে ‘ক্রপড সোয়েটার, ব্লেজার ইত্যাদি বেশ মানানসই। আবার সঙ্গে জিন্সের শার্টও মানাবে। ‘রক অ্যান্ড রোল’ ভাবসাব আসবে। ব্রেসলেট, আংটি, গলার চেইন ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি না করে সাজ সাবলীল রাখলেই ভালো হবে।

হাই ওয়েস্টেড

এই ধরনের প্যান্টের কোমর পরিধানকারীর কোমরের অনেকটা ওপর পর্যন্ত যায়। মজার ব্যাপার হলো ‘ইন’ না করলে এই প্যান্ট আর সাধারণ প্যান্টের মাঝে তফাৎ নেই। সঙ্গে হিল জুতা, কিংবা সমতল জুতা দুটোই পরতে পারেন। ঠোঁটে লাল লিপস্টিক জরুরি নয় তবে দিলে ভালো।

একাধিক রং

জিন্সের রং আছে তার ‘ওয়াশ’য়ের ধরন ভেদে। একই প্যান্টে ভিন্ন ‘ওয়াশ’য়ের একাধিক কাপড় জুড়ে দিয়েই একাধিক রংয়ের জিন্স হয়ে গেল।

আরও রকমফের

এছাড়াও আছে ‘স্ট্রেইট লেগ’, ‘স্লিম ফিট’, ‘লো রাইজ’, ‘ব্যাগি’ ইত্যাদি ধাঁচের জিন্স।

‘স্ট্রেইট লেগ’য়ের জিন্সের পা নিচের দিকে সরু হয় না, আগাগোড়া সমান। ‘স্লিম ফিট’য়ে সামান্য সরু হয় আর ‘ন্যারো’ বা ‘স্কিনি জিন্স’ একদম পায়ের সঙ্গে লেগে থাকে।

‘ব্যাগি’ জিন্স হল পুরোই উল্টো, এর একপায়ের মধ্যে দুই পা ঢুকিয়ে ফেলা যাবে এমনটা মনে হতে পারে।

আর ‘লো রাইজ’ হলো পরিধানকারীর কোমরের একটু নিচে প্যান্টের কোমর থাকবে এমন মাপের জিন্স।

জিন্স মেরামত

জিন্সের পায়ের মাপ বেশি লম্বা রাখা, হাঁটার সময় পায়ের নিচে চলে যাওয়া একসময়কার হালফ্যাশন ছিল।

দেখা যেত প্যান্টে নিচের দিক ক্ষয় হয়ে ছিঁড়ে গেছে। ওই ছেঁড়া অংশ কেটে ফেলে সেলাই দিয়ে নিলেই প্যান্ট আবার ব্যবহারযোগ্য করে যাবে।

আবার দর্জিকে দিয়েও করিয়ে নিতে পারেন। চেইন নষ্ট, বাটন ছিড়ে যাওয়া, বেল্ট লুপ ছিড়ে যাওয়া, পকেট ইত্যাদিও সারিয়ে নিতে পারবেন দর্জির কাছ থেকে।

প্যান্টের হাঁটুর অংশে ছেঁড়া স্টাইল করতে চাইলে অভিজ্ঞ দর্জির কাছে যেতে হবে। তবে ‘বোহেমিয়ান’ লুক আনতে চাইলে নিজেই তালি মারতে পারেন। হাতের কাজটা সুনিপুন হওয়া সেখানে জরুরি নয়। বরং ব্যক্তিগত কাজের ছোঁয়া আপনাকে ভালোলাগার একটা অনুভূতি দেবে।

জিন্স কতদিন পর পর ধোয়া উচিত?

জিন্স যতই কম ধোয়া হবে ততই ভালো। অভিজ্ঞরা বলেন কমপক্ষে ১০ বার পরার পর একবার জিন্স ধোয়া উচিত।

জিন্স যতবার ধোয়া হয় ততবার সুতার শক্তি কমে, প্যান্ট ঢিলেঢালা হবে এবং রং হালকা হবে। আর পরিচ্ছন্নতার দিকে দিয়ে বিবেচনা করলেও একটানা ১০ বার তারও বেশিবার পরার পর জিন্স পরিধানযোগ্যই থাকে।

জিন্স সংরক্ষণ

যেভাবে মন চায় সেভাবেই রেখে দিন, জিন্সের কোনো ক্ষতি হবে না। ‘স্ট্রেচি’ ধরনের জিন্স ঝুলিয়ে না রাখা ভালো, আর ‘নিট ডেনিম’য়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।

আরও পড়ুন

পুরনো খবর:

জিন্স কত সময় পর পর ধোয়া উচিত?
জিন্স কিনতে যা জানা দরকার
খাবার খেয়ে ঝরানো যায় পেটের মেদ
এই মৌসুমে জিন্সের বিকল্প