২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কফি ক্রিমার ছাড়ার তিন দিনে বদলে যাবে জীবন

পেটফাঁপা, গ্যাস, মনোযোগহীনতা-সহ নানান সমস্যা তৈরি করে ক্রিমার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

কফি প্রেমীদের সংখ্যা দিন দিন বাড়ছে। সকালের শুরুটা কফি ছাড়া কল্পনাই করা যায় না অনেকের জন্য।

তবে কফির তিতকুটে স্বাদ আড়াল করতে অনেকেই ব্যবহার করেন কফি ক্রিমার। এতে কফি হয় মিষ্টি ও মোলায়েম।

তবে এই ক্রিমারের মধ্যেই লুকিয়ে থাকে নানান ক্ষতিকর উপাদান— অতিরিক্ত চিনি, হাইড্রোজেনেটেড তেল, প্রিজারভেটিভ এবং কৃত্রিম চিনি। ফলে কফির স্বাদের সাথে সাথে শরীরও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ কফি ক্রিমার ছাড়ার অভিজ্ঞতা ভাগ করেছেন ইটদিস নটদ্যাট ডটকম- এ প্রকাশিত এক প্রতিবেদনে।

আশ্চর্যের বিষয়, মাত্র তিন দিনের মধ্যেই তারা শরীর ও মনের ভিন্নতা অনুভব করেছেন।

মানসিক স্বচ্ছতা ও একাগ্রতা বৃদ্ধি

প্রাণী-চিকিৎসক ডা. সাব্রিনা কং দীর্ঘদিন ধরে সকালবেলা কাজে যাওয়ার আগে কফিতে ক্রিমার মিশিয়ে পান করতেন। বিশেষ করে কফি মেট ফ্রেঞ্চ ভ্যানিলা তার প্রতিদিনের সঙ্গী ছিল।

তবে তিনি খেয়াল করলেন- এতে থাকা চিনি ও তেলের কারণে তার শরীরে শর্করার মাত্রা ওঠা-নামা করছে। ফলে বারবার ক্লান্তি আসছে, মানসিক চাপ বাড়ছে আর মনোযোগ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, “আমি প্রতিদিন ভোর ৫টায় উঠে কাজ শুরু করি। প্রাণীদের সার্জারি করি, মালিকদের পুষ্টি বিষয়ক পরামর্শ দিই। অথচ প্রতিদিন আমি নিজেই কর্ন সিরাপ আর হাইড্রোজেনেটেড তেল খাচ্ছিলাম। দুই বছর আগে আমি হঠাৎ করেই ক্রিমার খাওয়া বন্ধ করি। মাত্র তিন দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পারি। আগের মতো মাথা ঝাপসা থাকত না, বরং মনোযোগ ছিল স্থির।”

ডা. কং জানান- সার্জারির সময় তার হাতের কাঁপুনি কমে আসে এবং লম্বা সময় কাজ করার পরও আগের মতো শক্তি হারাতে হয়নি।

এমনকি আশ্রয়কেন্দ্রে ভীতসন্ত্রস্ত কুকুরের ট্রেনিং করার সময়ও তিনি ছিলেন সতেজ। এই ছোট অভ্যাসটি পরিবর্তনে তিনি হালকা, শান্ত এবং মনোযোগী বোধ করতে শুরু করেন।

ফোলা ও গ্যাস থেকে মুক্তি

কিছু কফি ক্রিমারে ল্যাকটোজ থাকে, যা অনেকের জন্য হজমে সমস্যা তৈরি করে। ফলে গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তি হয়। তবে ক্রিমার বাদ দিলে এসব সমস্যা দ্রুত কমে আসে।

ম্যাথিউ ট্রান, পেশায় একজন ইঞ্জিনিয়ার। কফির প্রতি তার সব সময়েই কাজ করে বিশেষ ভালোবাসা। তিনি কিছুদিন ধরে নাটপডস নামের একটি ক্রিমার ব্যবহার করতেন।

তবে বুঝতে পারলেন, অপ্রয়োজনীয় ক্যালোরি প্রতিদিন শরীরে জমা হচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, ক্রিমার বাদ দিয়ে কফি গ্রহণ করবেন।

মাত্র তিন দিনের মধ্যেই তিনি শরীরে পরিবর্তন টের পান।

তার কথায়, “ক্রিমার ছাড়া কফি পানের ফলে আমার শরীর হালকা লাগছিল। আগের মতো পেট ফোলা বা গ্যাস হচ্ছিল না। সাধারণত প্রতিটি ক্রিমারের এক পরিবেশনেই ২০ থেকে ১০০ ক্যালোরি থাকে। আমি যখন এটা বাদ দিলাম, তখন শরীর যেন ফুরফুরে হয়ে গেল।”

ডা. কং-ও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “মাত্র দুই দিনেই আমার স্ক্রাবের (ডাক্তারদের পরিধেয় পোশাক) কাপড় ঢিলঢিলা হয়ে গেল। আমি ভেবেছিলাম এই পেট ফাঁপা স্ট্রেসের কারণে হচ্ছে, কিন্তু আসলে ক্রিমারের কারণে ছিল।”

কফির আসল স্বাদে ফেরা

অনেকে মনে করেন ক্রিমার ছাড়া কফি পান করা যায় না। তবে সময়ের সাথে সাথে আসল কফির স্বাদ আস্বাদন করা যায়, যা অনেক বেশি উপভোগ্য।

ম্যাথিউ ট্রান বলেন, “আগে ক্রিমারের কারণে কফির আসল স্বাদ বুঝতাম না। আর ক্রিমার ছাড়ার পর আমি দেখলাম কফিতে বাদামি, ফলের মতো বিভিন্ন জটিল স্বাদ আছে, যা আসলেই চমৎকার।”

ডা. কং সম্মত হয়ে বলেন, “প্রথমে ব্ল্যাক কফি তিতা লাগত। তবে এক সপ্তাহের মধ্যেই অভ্যস্ত হয়ে গেলাম।”

তার কথায়, “এখন আমি কফির মধ্যে চকলেট আর সিট্রাসের গন্ধ পাই, যা আগে বুঝতেই পারিনি। প্রতিটি চুমুক ধীরে ধীরে উপভোগ করি। আর এই ধৈর্য ও মনোযোগ আমার কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।”

কেন ক্ষতিকর কফি ক্রিমার?

বিশেষজ্ঞদের মতে-

কফি সংস্কৃতির জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই প্রতিদিন কফিশপে গিয়ে কফি পান করতে পছন্দ করেন। আবার কেউ কেউ বাড়িতেও ক্রিমার ব্যবহার করেন। তবে এই অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

যারা প্রতিদিন কফি পান করেনে তারা ক্রিমার বাদ দিতে পারেন অথবা দুধ ব্যবহার করতে পারেন। প্রথমে তেতো স্বাদ অনুভব হলেও কয়েক দিনের মধ্যেই শরীর ও মন দুই-ই হালকা লাগবে।

আর পড়ুন

খালি পেটে কফি; ভালো নাকি খারাপ?

কফি সঠিকভাবে সংরক্ষণ পদ্ধতি

দিনের যে সময় থেকে কফি পান করা উচিত না