২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাত খেলে যে কারণে ক্লান্ত লাগে

‘ভাত ঘুম’ এড়ানোর জন্য জটিল শর্করা যুক্ত খাবার খাওয়া উপকারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 04:43 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ভাত খাওয়ার পর হঠাৎ করে তন্দ্রা, ক্লান্তি বা অলসতা এসে ভর করে। বিশেষ করে দুপুরে পেট ভরে ভাত খাওয়ার পর অফিসে বা পড়ার টেবিলে চোখে ঘুম চলে আসে, শরীর ভারী লাগে, কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়।

কিন্তু কেন এমন হয়?

শুধু ‘বেশি খাওয়ার’ কারণেই কি, নাকি এর পেছনে আছে শরীরের ভেতরের জটিল রাসায়নিক প্রতিক্রিয়া?

আসলে এর কারণ কার্বোহাইড্রেইটস, যা ভাতের প্রধান উপাদান।

কার্বোহাইড্রেইটস কী এবং কেন জরুরি?

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে- কার্বোহাইড্রেইটস হল শরীরের মূল শক্তির উৎস। এটি শরীরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, যা রক্তের মাধ্যমে কোষে পৌঁছে শক্তি জোগায়।

দৈনন্দিন কাজ হাঁটা, চিন্তা করা, এমনকি শ্বাস নেওয়ার জন্যও শরীর কার্বোহাইড্রেইটস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে।

কার্বোহাইড্রেইটস দুই রকম হয়। সরল (সিম্পল) কার্বোহাইড্রেইটস ও জটিল (কমপ্লেক্স) কার্বোহাইড্রেইটস।

সরল কার্বোহাইড্রেইটস

এটা এমন ধরনের চিনি বা শর্করা যা শরীরে খুব দ্রুত হজম হয়। এগুলো খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়।

যেসব খাবারে সরল কার্বোহাইড্রেইটস বেশি থাকে সেগুলো হল-

চিনি ও মিষ্টিজাত খাবার

সাদা চালের ভাত

কোমল পানীয়

সাদা পাউরুটি

বিস্কুট

কেক ও পেস্ট্রি

প্রক্রিয়াজাত খাবার

এই খাবারগুলো খেলে দ্রুত শক্তি পাওয়া যায়, তবে সেই শক্তি স্থায়ী হয় না। হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, তারপর দ্রুতই কমে যায়।

ফলে ক্লান্তি, তন্দ্রা ও মেজাজ খারাপ লাগা দেখা দেয়।

জটিল কার্বোহাইড্রেইটস

জটিল শর্করা হল এমন কার্বোহাইড্রেইটস যা শরীরে ধীরে ধীরে হজম হয়। এতে আঁশ, ভিটামিন এবং খনিজ থাকে। যা শরীরের জন্য উপকারী।

জটিল কার্বোহাইড্রেইটস থাকে এমন খাবারের মধ্যে আছে-

লাল চালের ভাত

গম ও আটা

ওটস

মিষ্টি আলু

ডাল ও ছোলা

ভুট্টা

শাকসবজি

এই খাবারগুলো শরীরে ধীরে শক্তি দেয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শক্তির ওঠানামা কম হয়।

ভাত খেলে যে কারণে ঘুম ঘুম লাগে

ভাত হলো জটিল কার্বোহাইড্রেইটস। তবে সাদা চালের ভাত থেকে আঁশের বড় অংশটি প্রক্রিয়াজাতকরণের সময় বাদ পড়ে যায়। ফলে এটি শরীরে তুলনামূলক দ্রুত হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা একসঙ্গে বেড়ে যায়।

এই বাড়তি গ্লুকোজ সামলাতে শরীর ইন্সুলিন নামের একটি হরমোন নিঃসরণ করে।

ইন্সুলিন শুধু গ্লুকোজ কোষে পৌঁছে দেয় না, এটি শরীরে ‘ট্রিপটোফ্যান’ নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিডের কার্যকারিতাও বাড়ায়।

‘ট্রিপটোফ্যান’ মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন এবং পরে মেলাটোনিন নামের দুটি হরমোন তৈরিতে সাহায্য করে। যা ঘুম ও বিশ্রামের অনুভূতি জাগায়।

তাই ভাত খাওয়ার কিছুক্ষণ পর শরীরে প্রশান্তি আসে, মন শান্ত হয়, আর ঘুম ঘুম ভাব দেখা দেয়।

বিশেষত দুপুরে যখন শরীরের বিপাকক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়, তখন ভাতের এই প্রভাব আরও বেশি অনুভূত হয়।

ফিটনেস প্রতিষ্ঠান ফিটলাইফ-বিডি ডটকম এর প্রধান আবু সুফিয়ান তাজ বলেন, “ভাত খাওয়ার সাথে সাথে চাঙা হয়ে যাই আবার কিছুক্ষ পরেই ঘুম চলে আসে। কারণ শরীর খুব দ্রুত চিনি পেয়েছে যা মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করছে এবং তা দ্রুত ক্লান্ত হচ্ছে। তাই সিম্পল বা সরল কার্বোহাইড্রেইটস না খেয়ে কমপ্লেক্স বা জটিল কার্বোহাইড্রেইটস খেতে হবে।”

আঁশ-যুক্ত চালে জটিল কার্বোহাইড্রেইটস পাওয়া যাবে।

“যদি ফাইবারি বা আঁশ-যুক্ত চাল না থাকে তবে চালের সাথে বেশি পরিমাণ ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করলে তাতে আঁশের পরিমাণ বেড়ে যায় এবং জটিল কার্বোহাইড্রেইটস হয়।”- পরামর্শ দেন সুফিয়ান তাজ।

ভাতের পরিমাণ ও খাদ্যাভ্যাসের প্রভাব

যদি একসাথে অনেক পরিমাণে ভাত খাওয়া হয়, তাহলে হজমপ্রক্রিয়া সক্রিয় রাখতে শরীরকে বেশি শক্তি ব্যবহার করতে হয়।

এতে শরীরের অন্যান্য অংশে রক্তপ্রবাহ কিছুটা কমে গিয়ে হজমতন্ত্রে বেশি যায়। ফলেই মাথা ভার লাগে, শরীর ক্লান্ত লাগে- জানান তাজ।

তাছাড়া ভাতের সঙ্গে যদি অতিরিক্ত তেল–চর্বিযুক্ত খাবার, যেমন- ভাজাপোড়া, গরুর মাংস বা মিষ্টি-ধর্মী পদ থাকে, তবে শরীরকে আরও বেশি কাজ করতে হয়, যা ক্লান্তি বাড়ায়।

ভাত খেয়ে ক্লান্তি এড়াতে করণীয়

পরিমাণে সংযম: একসঙ্গে অতিরিক্ত ভাত না খেয়ে অল্প অল্প করে খেতে হবে।

লাল বা আতপ চাল: এতে আঁশ বেশি থাকে, যা রক্তে গ্লুকোজ ধীরে বাড়ায় এবং শক্তি দীর্ঘস্থায়ী রাখে।

সবজি ও প্রোটিন: ভাতের সঙ্গে ডাল, মাছ বা ডিম ও প্রচুর সবজি খেলে হজম ধীরে হয়, শক্তি ভারসাম্য বজায় থাকে।

খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা: এতে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে এবং হজম সহজ হয়।

অতিরিক্ত চিনি বা কোমল পানীয় এড়িয়ে চলা: এগুলো সরল কার্বোহাইড্রেইটস বাড়িয়ে ক্লান্তি ডেকে আনে।

জটিল কার্বোহাইড্রেইটস’য়ের ভালো দিক

তবে জটিল কার্বোহাইড্রেইটসও পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। কারণ অতিরিক্ত হলে শক্তির ভারসাম্য নষ্ট হয় এবং হজমে চাপ পড়ে।

আরও পড়ুন

‘কার্ব’ মানেই খারাপ নয়

যে পরিমাণ শর্করা গ্রহণে ওজন কমবে

কার্বোহাইড্রেইট গ্রহণ করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়