খাঁটি সরিষার তেল চেনার সহজ উপায়
ঝাঁঝালো গন্ধ থাকলেও সরিষার তেল নকল হতে পারে।
বাঙালির রান্নায় সরিষার তেলের ঝাঁঝালো সুগন্ধ আর স্বাদের কথা কেউ অস্বীকার করতে পারবে না। যে কোনো ধরনের ভর্তা, তরকারির ঝোল বা ইলিশ মাছ— এই তেলের স্বাদ রান্নায় আনে পূর্ণতা।
তবে বাজারে এখন এমন অনেক সরিষার তেল পাওয়া যায় যাতে মেশানো হয়েছে সস্তা ‘পাম অয়েল’ বা ‘মিনারেল অয়েল’ বা অন্য কিছু।
‘খান ফুড অ্যান্ড বেভারেজ’য়ের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম খান এই বিষয়ে বলেন, “ভেজাল তেল নিয়মিত খেলে হৃদরোগ, ক্যান্সার এবং দীর্ঘমেয়াদে অন্ধত্বের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই রান্নাঘরে তেল বাছাইয়ের সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।”
তিনি জানিয়েছেন, খাঁটি সরিষার তেল চেনার কয়েকটি সহজ ও নির্ভরযোগ্য পরীক্ষার কথা।
প্রথম পদ্ধতি: ফ্রিজিং টেস্ট
একটি কাচের পাত্রে অল্প পরিমাণ তেল নিয়ে ফ্রিজের ফ্রিজারে দুতিন ঘণ্টা রাখুন। খাঁটি সরিষার তেল কখনও জমবে না; এটি তরল অবস্থাতেই থাকবে। যদি তেলের ওপর সাদা আস্তরণ জমে বা ঘন হয়ে যায়, তাহলে তাতে পাম তেল বা অন্য ভেজাল মেশানো রয়েছে।
দ্বিতীয় পদ্ধতি: পরীক্ষা হাতের তালুতে ঘষা
অল্প তেল হাতে নিয়ে ভালোভাবে ঘষুন। খাঁটি তেলের তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে আসবে এবং হাতে কোনো রংয়ের দাগ পড়বে না। যদি রাসায়নিক গন্ধ বা রং বের হয়, তাহলে বুঝতে হবে কৃত্রিম কিছু মেশানো হয়েছে।
তৃতীয় পদ্ধতি: নাইট্রিক অ্যাসিড টেস্ট।
একটি টেস্ট টিউবে সামান্য তেল নিয়ে কয়েক ফোঁটা নাইট্রিক অ্যাসিড মেশান। খাঁটি তেলের রং অপরিবর্তিত থাকবে। লাল বা কমলা রং ধারণ করলে ভেজাল নিশ্চিত।
চতুর্থ পদ্ধতি: রান্নার সময় ধোঁয়া পর্যবেক্ষণ
খাঁটি সরিষার তেল গরম হলে দ্রুত ধোঁয়া ছাড়ে না এবং এর ঝাঁঝ চোখ-নাকে জ্বালা করে। যদি গরম হতে না হতেই সাদাটে ধোঁয়া উঠে এবং ঝাঁঝ কমে যায়, তাহলে ভেজালের সম্ভাবনা প্রবল।
পঞ্চম পদ্ধতি রংয়ের গভীরতা পর্যবেক্ষণ
খাঁটি সরিষার তেলের রং গাঢ় সোনালি বা লালচে হলুদ। অত্যধিক হালকা বা স্বচ্ছ হলে মিনারেল অয়েল মেশানোর আশঙ্কা থাকে।
খাঁটি তেল শুধু রান্নার স্বাদ বাড়ায় না, দীর্ঘমেয়াদে শরীরের স্বাস্থ্যও রক্ষা করে।
আরও পড়ুন
