২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাঁচ খাবার

দেহে সুস্থতা অনেকাংশেই নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাঁচ খাবার
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 06:13 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ ২০২২ সালে তাদের এক গবেষণায় দেখেছে বাংলাদেশে শহরে বসবাসকারী প্রতি চারজনের মধ্যে একজন মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এই গবেষণায় আরও উঠে এসেছিল, অন্তত ১৪ শতাংশ মানুষের ভবিষ্যতে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উচ্চ রক্তচাপ এমন একটি শারীরিক অসুস্থতা যা একেবারে ভালো করা সম্ভব নয়। তবে কিছু সহজ খাদ্যাভ্যাস পরিবর্তন করে রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘প্রিটিকিন লংজিভিটি সেন্টার’য়ের পুষ্টিবিদ মার্থা থেরান বলেন, “কম ক্যালোরি, পুষ্টিকর এবং কম প্রক্রিয়াজাত খাবার খেলে রক্তচাপ স্বাভাবিক বা স্বাস্থ্যকর পরিসরে চলে আসতে পারে। নিয়ম মানলে মাত্র কয়েক দিনের মধ্যে এই পরিবর্তন অনুভব করা যাবে।”

বাড়িতে রান্না করা

মার্থা থেরান প্রথমেই বাড়িতে রান্না করে খাওয়ার পরামর্শ দেন।

ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “রান্নাঘরে নিজে রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রক্রিয়াজাত খাবারের বদলে ঘরের তাজা উপাদান দিয়ে স্বাস্থ্যকর খাবার প্রস্তুত হবে। ফলে শরীরে সোডিয়াম এবং চিনির পরিমাণ কমবে। আবার প্রয়োজনীয় পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশ গ্রহণের পরিমাণও বাড়াবে।”

“বাড়িতে রান্না করা খাবারে প্রক্রিয়াজাত উপাদান কম থাকে এবং কী কী উপাদান খাবারে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়”- বলেন তিনি।”

আঁশ গ্রহণের পরিমাণ বাড়ান

এই পুষ্টিবিদের পরামর্শ, “আঁশ বেশি খাওয়া হাইপারটেনশন প্রতিরোধে সাহায্য করতে পারে।”

আঁশ প্রধানত সব প্রক্রিয়াহীন উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায়, যেমন তাজা শাকসবজি। সুতরাং, শাকসবজি খাওয়া শুধু আঁশ গ্রহণের পরিমাণ বাড়ায় না, রক্তচাপ কমাতেও সহায়তা করে।

সোডিয়ামের পরিমাণ কমান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সোডিয়ামের পরিমাণ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম বা লবণ থাকে, যা রক্তচাপ বাড়াতে পারে। সোডিয়াম শরীরের তরল ধারণের ক্ষমতা এবং ধমনির প্রসারণে প্রভাব ফেলে।” 

তাই প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং খাবারে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

পটাসিয়ামের পরিমাণ বাড়ান

“কম পটাসিয়াম এবং বেশি সোডিয়াম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। পটাসিয়াম অনেক খনিজের মধ্যে তৃতীয় অবস্থানে আছে এবং এটি সোডিয়ামের বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও সম্পর্কিত। এছাড়া পটাসিয়াম মূত্রপথ থেকে সোডিয়ামের নিঃসরণ বাড়িয়ে রক্তচাপ কমাতে সহায়তা করে”- বলেন থেরান।

তাই বেশি পটাসিয়াম আছে এমন খাবার যেমন শাকসবজি, কলা, মিষ্টি আলু, ডিম, ডাল এবং অ্যাভোকাডো খাওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ ।

আর্দ্র থাকা

সর্বশেষ পরামর্শ হলো, “প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং ডিহাইড্রেশন বা পানিশূন্যতা প্রতিরোধে সহায়ক।”

পানির মাধ্যমে শরীরের তরল ভারসাম্য বজায় থাকে। শরীরের পানির অভাব রক্তচাপ বাড়াতে পারে। তবে রক্তচাপ দ্রুত এবং প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম যে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

নিম্ন রক্তচাপের লক্ষণগুলো 

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে করণীয়

পানিশূন্যতা থেকে উচ্চ রক্তচাপ