পরিমিত ভাত খেলে মিলবে নানান উপকার
ওজন কমাতে ভাত খাওয়া একেবারে বন্ধ করার প্রয়োজন নেই।
‘মাছে-ভাতে বাঙালি’— এই প্রবাদ শুধু সাংস্কৃতিক পরিচয় নয়, স্বাস্থ্যের দিক থেকেও যথার্থ।
তবু অনেকে ওজন নিয়ন্ত্রণ বা সুস্থ থাকার জন্য ভাত ছেঁটে ফেলে আটা বা ময়দার রুটি খাওয়া শুরু করেন। এটি কতটা সঠিক?
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন জানিয়েছেন, ভাত শরীরের জন্য ক্ষতিকর নয় বরং পরিমিত সেবনে উপকারী।
আটা-ময়দার তুলনায় ভাতের কিছু সুবিধা স্পষ্ট।
ভাতে থাকে ভিটামিন বি-কমপ্লেক্স ও বিভিন্ন খনিজ, যা শরীরের বিপাক প্রক্রিয়া সচল রাখে। এতে উপস্থিত আঁশ হজমশক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
নিয়মিত পরিমিত ভাত সেবনে প্রস্রাবে সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
ভাতের কার্বোহাইড্রেইটস ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। উষ্ণ আবহাওয়াতে ভাত শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
অন্যদিকে, আটা বা ময়দায় থাকা গ্লুটেন অনেকের হজমে সমস্যা সৃষ্টি করে। যারা গ্লুটেন সহ্য করতে পারেন না, তাদের জন্য এটি অস্বস্তিকর হতে পারে।
ভাতে গ্লুটেন না থাকায় এই সমস্যা এড়ানো যায়।
“তবে ভাত খাওয়ার ক্ষেত্রে পরিমিতি জরুরি”- মন্তব্য করেন ডা. নয়ন।
তার কথায়, “প্রতিদিন দুই বেলা ভাত খাওয়া যথেষ্ট। তবে একবারে এক থেকে দেড় কাপের বেশি নয়। রাতের খাবার আটটার মধ্যে সম্পন্ন করা উচিত। যারা বেশি শারীরিক পরিশ্রম করেন, তারা তিন বেলা খেতে পারেন। কম অ্যাক্টিভিটির ক্ষেত্রে এক থেকে দুই বেলা যথেষ্ট।”
ভাত ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম সহজ হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। মাড় ফেলে দেওয়া ভালো, বিশেষ করে অতিরিক্ত ওজন থাকলে।
প্লেট চার ভাগ করে এক ভাগ ভাত, বাকি তিন ভাগে সালাদ, সবজি ও প্রোটিন রাখলে সুষম খাদ্য নিশ্চিত হয়।
এই চিকিৎসকের মতে, “ভাত বাদ দেওয়া ওজন কমানোর সঠিক উপায় নয়। পরিমিত ভাতের সঙ্গে সুষম খাদ্য ও ব্যায়ামই স্বাস্থ্যের চাবিকাঠি। নিয়ম মেনে ভাত খেলে সুস্থ, সবল ও স্বাস্থ্যবান থাকা সম্ভব।”
আরও পড়ুন
