২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেসব কারণে টমেটো গাছ মরণাপন্ন হয়

শখের বাগানে টমেটো ফলানো আনন্দদায়ক ব্যাপার। তবে এই ফলনের জন্য চাই নানান সতর্কতা।

যেসব কারণে টমেটো গাছ মরণাপন্ন হয়
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

একটুখানি যত্ন আর মনোযোগই পারে বাগানকে রাঙিয়ে তুলতে। আর নিজের হাতে ফলানো টমেটোর স্বাদ দেয় এক আলাদা আনন্দ।

টাটকা টমেটো কেবল রান্নার স্বাদই বাড়ায় না বরং মানসিক প্রশান্তিও দেয়। তবে যখন সেই টমেটো গাছ বিবর্ণ হয়ে যায়, পাতা ঝরে পড়ে বা ফল আসার আগেই শুকিয়ে যেতে শুরু করে বা বারবার মরে যায়, তখন হতাশ হওয়াটাই স্বাভাবিক।

টমেটো গাছের অসুস্থতার প্রাথমিক লক্ষণ

বিশেষজ্ঞরা বলেন, গাছ মারা যাওয়ার আগেই কিছু সতর্ক সংকেত দিয়ে দেয়। যার মধ্যে রয়েছে পাতা হলদে হয়ে যাওয়া, বাদামি দাগ, অস্বাভাবিক বৃদ্ধি, পোকামাকড়ের কামড়ানো চিহ্ন, গর্ত বা পাতায় আঠালো স্তর, চোখে পড়ার মতো কীটপতঙ্গ, ফল আসা বন্ধ হয়ে যাওয়া।

পানি কম বা বেশি দেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপ ‘প্ল্যান্টইন’-এর উদ্ভিদবিজ্ঞানী মেলভিন কিউবিয়ান বলেন, “পাতা হলদেটে হওয়া, ধারে বাদামি দাগ, গাছ কুঁকড়ে যাওয়া এসবই পানি-সংক্রান্ত সমস্যার লক্ষণ।”

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি জানান- টবে গাছ লাগালে বা মাটির ওপর আর্দ্রতা রক্ষা করার জন্য খড়, পাতা, ছাল, কম্পোস্ট, কাঠের গুঁড়া ইত্যাদি ব্যবহার না করলে পানি সঠিকভাবে ধরে রাখা যায় না।

তিনি পরামর্শ দেন, “মাটি প্রতিদিন নয়, অন্তত একদিন পর পর পরীক্ষা করতে হবে। ওপরের দিকে এক ইঞ্চি শুকিয়ে গেলে পানি দিন। তবে বেশি পানি দিয়ে আবার গাছকে ‘শক’ দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে।”

পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা এবং আর্দ্র রাখার ব্যবস্থা করে মাটি ঢেকে রাখা গাছের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

পোকামাকড়ের আক্রমণ

যুক্তরাষ্ট্রের ‘অ্যালান'স গার্ডেনার্স’-এর প্রধান দলনেতা জেন ডবস একই প্রতিবেদনে বলেন, “পাতা চিবানো দাগ, গর্ত, আঠালো উপাদান মানে হল- অ্যাফিডস, হর্নওয়ার্ম, হোয়াইটফ্লাই, স্পাইডার মাইটস – এসব পোকামাকড়ের উপস্থিতির প্রমাণ।”

প্রতিরোধের উপায় হিসেবে তিনি বলেন, “নিম তেল, ‘ইনসেকটিসাইডাল’ সাবান ব্যবহার করতে হবে বা বড় পোকা হলে হাতে তুলে ফেলতে হবে।”

আর পরামর্শ দেন, “বেসিল বা গাঁদা ফুলের মতো গাছের সঙ্গে টমেটো লাগালে পোকামাকড় দূরে থাকে।”

ছত্রাকের সংক্রমণ

মেলভিন কিউবিয়ান বলেন, “ছত্রাকজনিত অসুখে পাতায় বাদামি বা কালো দাগ পড়ে। নিচের দিকের পাতা হলুদ হয়ে যায় এবং পাতা হঠাৎ ঝরে পড়ে।”

তিনি আরও বলেন, “পোক্ত দুর্বল পাতা কেটে ফেলা উচিত এবং পুড়িয়ে বা মাটির নিচে পুঁতে ফেলা উচিত।”

গাছের মাঝে দূরত্ব বজায় রেখে রোপণ করলে বাতাস চলাচল ভালো হয় এবং ছত্রাক কমে।

‘ওভারহেড’ বা ওপর দিয়ে পানি না দিয়ে মাটিতে পানি দেওয়া উচিত। আর সকালে পানি দেওয়াই ভালো।

ছত্রাক প্রতিরোধে গাছে ব্যবহারের জন্য অনুমোদিত ফাঙ্গিসাইড বা জৈব বিকল্প হিসেবে নিম তেল ব্যবহার করা যেতে পারে।

তিনি আরও বলেন, “ফিউসারিয়াম বা ফাইটোফথোরা নামের ছত্রাক যদি দেরিতে লক্ষণ দেয়, তাহলে সেটি আর ঠিক করা যায় না। তখন অসুস্থ গাছ তুলে ফেলাই ভালো।”

ব্যাক্টেরিয়ার সংক্রমণ

মেলভিন বলেন, “ব্যাক্টেরিয়া সংক্রমণে হঠাৎ পুরো গাছ ঝুঁকে পড়ে, এমনকি সঠিক পানি দিলেও। এতে পাতায় হলুদ রং আসে না, বরং কাণ্ড কাটলে ভেতরে বাদামি দাগ দেখা যায়।”

“শুরুতেই কপার-ভিত্তিক ফাঙ্গিসাইড দিয়ে মাটির গোড়ায় ব্যবহার করলে ফলন থাকলে কিছুটা রক্ষা পেতে পারেন”- বলেন এই উদ্ভিদবিজ্ঞানী।

তবে খুব বেশি সংক্রমণ হলে আর গাছ বাঁচানো সম্ভব নয়। তখন গাছ তুলে ফেলে ফেলে দিতে হবে, যাতে পাশে থাকা গাছগুলোও আক্রান্ত না হয়।

পরামর্শ: একই জায়গায় প্রতি বছর টমেটো না লাগানো, শাকসবজির ঘূর্ণায়ন আর কম্পোস্ট ও আর্থওয়ার্ম কাস্টিং দিয়ে মাটির গুণমান ঠিক রাখতে হবে।

পুষ্টির ঘাটতি

জেন ডবস বলেন, “ফসফরাস ও পটাসিয়ামের অভাবে ফল আসবে না। গাছ দুর্বল হবে। আর পাতাগুলো হলদে হয়ে যাবে।”

মেলভিন যোগ করেন, “যদিও পুষ্টির অভাবে গাছ মারা যায় না, তবুও ফলন একদম শূন্য হয়ে যেতে পারে। নিচের দিক থেকে পাতাগুলো হলদেটে হওয়া, পাতার প্রান্তে বাদামি বা বেগুনি দাগ, বৃদ্ধিতে সমস্যা এসবই ঘাটতির লক্ষণ।”

তিনি বলেন, “টমেটো প্রচুর পুষ্টি চায়। তাই নাইট্রোজেন, ফসফরাস ও পটাসিয়ামযুক্ত টমেটো-নির্দিষ্ট সার ব্যবহার করতে হবে।”

মাটি প্রস্তুতের সময় কম্পোস্ট বা আর্থওয়ার্ম কাস্টিং ব্যবহার করলে ধীরে ধীরে পুষ্টি ফিরবে এবং মাটির টেক্সচারও রুট বৃদ্ধির জন্য উপযোগী হবে।

অতিরিক্ত তাপমাত্রা বা পর্যাপ্ত আলো না পাওয়া

ডবস বলেন, “তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে গাছ স্ট্রেস বা চাপ পায়। ফুল ঝরে পড়ে এবং বৃদ্ধি থেমে যায়।”

তার মতে, “তাপ বেশি হলে ‘শেড ক্লথ’ ব্যবহার করতে হবে।”

মেলভিন বলেন, “আর্দ্রতা কম ও তাপ বেশি হলে পাতায় দগ্ধ দাগ পড়ে, ফল রোদে পোড়ে এবং গাছ দুপুরে ঝুঁকে পড়ে।”

পরামর্শ: সকালে পানি দিন, ঘাসের খড়, কম্পোস্ট বা ছাল দিয়ে আর্দ্রতার ব্যবস্থা করতে হবে। তাপপ্রবাহের সময় সার প্রয়োগ এড়িয়ে চলা উচিত।

মাটির গুণগত মান খারাপ

ডবস বলেন, “টমেটো গাছের বৃদ্ধির সমস্যা ও ফল না আসার কারণ হতে পারে মাটির ‘পিএইচ’ বা ক্ষারীয় অবস্থার ভারসাম্যহীনতা। পিএইচ বেশি হলে সালফার আর কম হলে লাইম মিশিয়ে পিএইচ ৬.০-৬.৮ এর মধ্যে রাখতে হবে।”

মেলভিন বলেন, “পুষ্টির ঘাটতি ও ভারসাম্য জানতে মাটি পরীক্ষা করাই উত্তম। তাহলে বেশি সার দিয়ে উল্টা ক্ষতির হাত থেকে বাঁচা যাবে।”

আরও পড়ুন

বাড়িতে বাগান

ছোট পরিসরে বাগান

বাগানে রাখুন রোগ প্রতিরোধক গাছ

বোতল বাগান