২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রকমারি ঈদ রান্না

ফ্রুট জেলো, তিরামিসু এবং আল কাবসা তৈরির পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 06:44 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

রেসিপি দিয়েছেন সায়মা সৈয়দ।

ফ্রুট জেলো

উপকরণ: কিউই ২টি, টুকরা করে কাটা। স্ট্রবেরি ৬,৭টি। চেরি ৬টি। ব্ল্যাক চেরি ৬টি। আগার আগার অথবা চায়না গ্রাস ১ প্যাকেট।

পদ্ধতি: প্রথমে ফলগুলো কেটে একটি গ্লাস অথবা গোল বা চারকোণা ডিশে সাজিয়ে নিন। আগার আগার বা চায়না গ্রাস এক লিটার পানিতে স্বাদ মতো চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন। একটু ঠাণ্ডা হলে সাজানো ফলের উপর এই মিশ্রণ ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে। কয়েক ঘণ্টা রাখলেই জেলো জমে যাবে।

তারপর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

Image
ফ্রুট জেলো।

ফ্রুট জেলো।

তিরামিসু

উপকরণ: ক্রিম চিজ ২০০ গ্রাম। ৫০ গ্রাম ডার্ক চকলেট। ৩ চা-চামচ কফি। ৩টি ডিমের কুসুম। ২ টেবিল-চামচ মিহিগুঁড়া চিনি। ১ টেবিল-চামচ কোকো পাউডার। ৩,৪ টুকরা কেক।

পদ্ধতি: প্রথমে ডিমের কুসুম ভালোভাবে বিট করতে হবে, যতক্ষণ না রং হালকা হয়ে যাচ্ছে। এরপর চিনি মিশিয়ে ক্রিম হয়ে যাওয়া পর্যন্ত বিট করুন।

একটি বাটিতে চিজ নিয়ে তাতে ডিমের মিশ্রণ ভালো মেশাতে হবে। এরপর কফি পাউডার খানিকটা পানিতে গুলিয়ে, পানি ঠাণ্ডা করুন।

ঠাণ্ডা হলে কফিতে কেকের টুকরা ভিজিয়ে নিতে হবে।

ডার্ক চকলেট কুচি করে নিন। চিজ দুই ভাগ করে এক ভাগে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে।

এবার গ্লাস নিয়ে প্রথমে চিজ দিয়ে এর উপর কফিতে ভিজানো কেক দিন। এর উপর কোকো মেশানো চিজ ঢেলে আরেকটি লেয়ার করুন। এরপর ডার্ক চকলেট দিয়ে একইভাবে আবার লেয়ার করতে হবে।

Image
তিরামিসু।

তিরামিসু।

লেয়ার করা হলে উপরে ডার্ক চকলেট এবং চেরি দিয়ে পরিবেশন করুন তিরামিসু।

আল কাবসা

উপকরণ: মুরগি ১ কেজি। বাসমতি চাল ১ কেজি। লবণ স্বাধ মতো। তেল আধা কাপ, তেলের বদলে ঘি ব্যবহার করা যেতে পারে। গরম মসলার গুঁড়া ২ চা-চামচ। হলুদগুঁড়া ১/৪ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। লালমরিচ-গুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। পেঁয়াজকুচি ১ কাপ। কাঁচামরিচ ৬টি। আদাবাটা আধা চা-চামচ। রসুনবাটা আধা চা-চামচ। টমেটো পেস্ট ১ কাপ। এলাচ ৬টি। লবঙ্গ ৬টি। দারুচিনি ৩টি। মৌরি অল্প।

বাদাম, ডিম ও লেবু সাজানোর জন্য।

পদ্ধতি: প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে পেঁয়াজকুচি, আদাবাটা আর রসুনবাটা দিন্। পেঁয়াজ নরম আর লালচে হলে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং মৌরি দিয়ে কষিয়ে মুরগির টুকরাগুলো ছেড়ে মৃদু আঁচে রাখুন ১০ মিনিট। তারপর জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, গরম মসলা, হলুদ দিয়ে মুরগি রান্না করতে হবে। এরপর টমেটোর পেস্ট দিয়ে ধীরে নাড়তে থাকুন।

Image
আল কাবসা।

আল কাবসা।

প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটি হুইসেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঢাকনা খুলে মুরগির মাংস উঠিয়ে নিন।

কুকারে অল্প পানিতে চাল ঢেলে ঢাকনা দিয়ে তিনটি হুইসেল হলেই ভাত তৈরি হয়ে যাবে। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে রান্না করা মুরগির মাংস লাল করে ভেজে নিন। একটি পাত্রে প্রথমে রান্না করা বাসমতি চালের ভাত, এর উপর ভাজা মুরগি দিন।

এরপর ভাজা বাদাম, ডিম আর লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুণ আল কাবসা।

ঈদ রান্না: থাই খাবার

ঈদ রান্না: ভারতীয় খাবার