প্রদর্শনী ‘ইন মোশন’
বিশ্বজিৎ গোস্বামীর প্রথম একক প্রদর্শনীটি চলছে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে।
“ছবির মাঝে সেনসেশন খোঁজেন অনেকে, উনাদের কাছে একটা সেনসেশনাল কাজ থাকলেই ছবি ভালোলাগে। অনেকে খুঁজে ফিরেন ইনফরমেশন, শিল্পীর চিন্তা। তাদের কাছে পৌঁছানোটা, সেনসেশন খুঁজে-ফেরা মানুষের মতো অত সহজ নয়। আবার দর্শকের জন্য শিল্পীর ভাবনা বুঝতে পারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ।”
গ্যালারির মূল জায়গার পাশেই ছোট্ট একটা ঘর। তার মাঝে একটি পালঙ্ক। আর সেই পালঙ্কে শুয়ে আছেন কেউ একজন। সম্ভবত পুরো প্রদর্শনীর একমাত্র নারী অবয়ব। তবে ভালোভাবে দেখতে পেরুতে হবে এক পেলব বেষ্টনী। পুরো ঘরের দরজা আর ফাঁকা জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে পাতলা মশারি দিয়ে। সেই মশারি ঠেলে ঘরে প্রবেশ করা মাত্রই যেন এক নতুন জগতে প্রবেশ করছেন আপনি। সেই জগতে, গ্যালারির অনাবৃত পুরুষ দেহের বিপরীতে আবৃত এক নারী শায়িত।
অর্থাৎ প্রচলিত বাজারে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে শিল্পের আশ্রয়ে তা সঠিক বলে প্রমাণ করবার যে চেষ্ঠা, তার ধারেকাছেও নেই বিশ্বজিৎ। তবে শুধুই যে পুরুষালী পেশির ছন্দময় ও আকর্ষণীয় উপস্থাপনেই যে নিজেকে আবদ্ধ রেখেছেন তিনি এমনটাও নয়। ইহলৌকিক জীবনের সঙ্গে ‘মেটামরফসিস’ বা রুপান্তরের মধ্য দিয়ে যোগাযোগ ঘটিয়েছেন পরলৌকিক বাস্তবতার।
‘কোয়েস্ট ফর সোল’, ‘আনটাইটেল্ড’য়ের মধ্য দিয়ে মানব শরীরের গতিময়তা অনুধাবন করে এরপর রুপান্তর সিরিজের নাম দিয়েছেন ‘মেটামরফসিস অ্যান্ড ফিজিকাল এক্সিসটেন্স’।
একেবারেই নতুন সময়ের তুর্কিরা নিজেদের কথা বলতে, বেছে নিচ্ছেন বিবিধ ভাষা। প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্য ভাষা শৈলীর সন্নিবেশ ঘটাচ্ছেন কেউ কেউ। আবার কেউবা নিরেট অনুকরণ করে যাচ্ছেন শুধু।
কিন্তু শিল্পী বিশ্বজিৎ গোস্বামী খুব অল্প সময়ের মধ্যেই আলোড়ন তুলেছেন তার কাজ দিয়ে। ক’দিন আগেই শেষ হওয়া ‘এশিয়ান আর্ট বিয়েন্যালেও” প্রশংসিত ও পুরষ্কৃত হয়েছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগ দেওয়া বিশ্বজিৎ। আলোচিত হয়েছেন তার আলো ও প্রযুক্তির ব্যবহারের জন্য।
সারা দুনিয়ায় যখন আলোকচিত্র (ফটোগ্রাফি) ও চিত্রকলার মধ্যে সম্পর্কটা জটিল থেকে আরও জটিলতর হচ্ছে, তখন তিনি কাজ করছেন আলোকচিত্রের সাহায্য নিয়েই। মূলত, অ্যাক্রিলিক ও তেল রংয়ের সাহায্যে চিত্ররচনা করেন তিনি।
শিল্পীর সঙ্গে আলাপচারিতায় জানা গেল, কাজের জন্য যেসব ‘মডেলদের’ সাহায্য নিয়েছেন তিনি, শিল্পের প্রয়োজনেই সাড়া দিয়েছেন তারা। কেননা, একেবারেই ভিন্নভাবে আলো তৈরি করে ‘মডেলদের’ আলোকচিত্র নেওয়ার পরই, সেটা দেখে তাতে
চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। আর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে বিশ্বজিৎ গোস্বামীর ‘ইন মোশন’।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৮০ গুলশান অ্যাভনিউ, রোড ১৩১, গুলশান ১২১২ ঢাকা।
ছবিঃ ফায়হাম ইবনে শরীফ
