২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্চিং মাইসেলফ'

শিল্পযাত্রার শুরু থেকেই শিল্পীর আত্মদহনের গল্প শুনতে ও দেখতে পায় মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 03:54 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

শিল্পীর এই আত্মদহন কখনও সমাজের আপামর মানুষের গল্পকে অতিক্রম করে যেতে পারে না। কারণ শিল্পী নিজেও সেই সমাজের অংশ। আর তাই, এই দহনের অন্তর্নিহিত রূপরেখা বুঝতে, জানতে হয় সমাজকে, সেই সমাজের মানুষের যাপিত জীবনকে। শিল্পী তো এক অর্থে তাদেরই ব্যক্ত-অব্যক্ত সব কথা তুলে ধরেন তার ক্যানভাসে।

অসহিষ্ণু এক সময়ে দাঁড়িয়ে সেইসব কথাই বলবার চেষ্ঠা করছেন তরুণ চিত্রশিল্পী মঞ্জুর রশীদ। বরাবরই পরীক্ষামূলক কাজের প্রতি ঝোঁক তার।

রাজধানীর ধানমণ্ডির অঁলিয়ান্স ফ্রঁসেজের লা গ্যালারিতে শিল্পীর 'সার্চিং মাইসেলফ' শীর্ষক একক চিত্রপ্রদর্শনীতে গিয়েও দেখতে পাওয়া যাবে সেরকমই কিছু কাজ।

মোট ৩৫টি কাজ রয়েছে এবারের প্রদর্শনীতে। যার শিল্পমান বিবেচনায় নানান ধরনের পরীক্ষা-নীরিক্ষার ছাপ খুঁজে পাওয়া যাবে। নিজের প্রথম একক প্রদর্শনীর অধিকাংশ কাজই ফিগারিটেটিভ ও পোর্ট্রেইট।

তাই এই বিষয়ে জানতে প্রশ্ন করতেই শিল্পী মঞ্জুর রশীদ বলেন, “একেকটা পোর্ট্রেইট একেক ধরনের। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন গল্প বলে। আমি আমার কাজের মধ্য দিয়ে সেইসব গল্প উপস্থাপন করার চেষ্ঠা করেছি। এজন্যই পোর্ট্রেইট আমার সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে।"

প্রদর্শিত কাজগুলো করা হয়েছে মূলত তেলরং, অ্যাক্রালিক ও মিশ্র মাধ্যম ব্যবহার করে। আর ইউনিভার্সিটি অব ডেভেলাপমেন্ট অল্টারনেটিভ থেকে চারুকলায় স্নাতকোত্তর করা মঞ্জুরের রংয়ের ব্যবহারে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। ঝাঁঝালো রং ব্যবহারের পাশাপাশি, কাঠকয়লার ব্যবহারে পাওয়া যাবে পুরানো সেই ধুসর সাদা-কালো রংয়ের আভা।

কাজের প্রেরণার জায়গা থেকে শিল্পী নির্ভর করেছেন, যাপিত জীবনের দ্বান্দিকতার উপ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানান ঘটনা কিংবা দূর্ঘটনা সবই উঠে এসেছে মঞ্জুরের কাজে। এসব কিছুর জন্যই 'নিজেকে খুঁজছি' এমন শিরোনামের জন্য আর শিল্পীকে বারংবার প্রশ্ন করতে হয়না।

“সাম্প্রতিক সময়ের মানুষের চিন্তাভাবনা, চলাফেরা, জীবনযাপন এইসব কিছুকে আমার ক্যানভাসে ধরতে যথাসাধ্য চেষ্ঠা করেছি। কারণ আমি বিশ্বাস করি, এই শহরে আমার বেঁচে থাকার মাঝেও যে বৈপরিত্য আছে, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যেমন, ক’দিন আগেই পদ্মায় লঞ্চডুবির সময় আমিও নদী পার হচ্ছিলাম। ঘটনাচক্রে আজ আমি এখন প্রদর্শনী করছি বটে, কিন্তু কত মানুষের জীবন পাল্টে গেছে সেদিন। এজন্যই আমার বড় ক্যানভাসের কাজটিতে কোলাজের মাঝে দু’টি ঘর ফাঁকা পড়ে আছে। ফাঁকা ঘরের মানুষগুলো আজ আর আমাদের মাঝে নেই।"

এমনইভাবে আমাদের শহুরে জীবনে কাঠখোট্টা জীবনচরিত খুঁজে ফিরেছেন মঞ্জুর। এর জন্য কখনও কখনও ফিরতে হয়েছে নিজের কাছেই। জীবন সাজাতে শহরে পসরা সাজিয়ে বসা মানুষদের মতো না হলেও, একটা ভিন্ন কিছু করবার তাগিদ রয়েই গিয়েছিলো। যেখান থেকে জন্ম নেয় শিল্পীসত্বা। সেজন্যই হয়তোবা ফর্ম আর লাইনের মাঝে এক ধরনের অস্থিরতা প্রকাশ পায় তার কাজে।

প্রদর্শনী সম্পর্কে কিছু শুনতে গিয়ে কথা হল আরেক চিত্রশিল্পী কুন্তল বাড়ৈয়ের সঙ্গে।

তিনি বলেন, “সমাজের হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে কাজ করতে চেয়েছেন মঞ্জুর। তাছাড়া জলরং নিয়ে পরীক্ষামূলক চেষ্ঠাও দেখতে পাওয়া যায় এই প্রদর্শনীতে। সবমিলিয়ে পুরোপুরি না হলেও আমি বলবো এক অর্থে সফলই হয়েছেন শিল্পী।"

২১ অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩ নভেম্বর পর্যন্ত। রোববার ছাড়া আর সবদিনই এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে দুপুর আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত।

অঁলিয়ন্স ফ্রঁসেজের ঠিকানাঃ ২৬, মিরপুর রোড (ধানমন্ডি সড়ক-৩ এর পাশে), ধানমণ্ডি, ঢাকা-১২০৫

ছবিঃ ফায়হাম ইবনে শরীফ