২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদের রান্না ৩

যদিও কোরবানির ঈদের মাংসের পদে বেশি থাকে। তবে স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন রকমারি খাবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 04:54 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

ভুঁড়িভাজা
কোরবানির ঈদের রান্না - ২
বিফ কালাভুনা
কোরবানির ঈদের রান্না ১

সেই রকমই কিছু রেসিপি দিয়েছেন ফৌজিয়া খান।

কেকপোলাও

উপকরণ

পোলাওয়ের চাল আধা কেজি। হাতে বানানো সেঁকা রুটি ৮টি। পেঁয়াজ ২টি (কুচি করে কাটা)। ঘি ১২৫ গ্রাম। এলাচ ৪টি। দারুচিনি ৪টি। তেজপাতা ৩টি। জাফরান আন্দাজ মতো। লবণ স্বাদমতো।

পদ্ধতি

চাল ধুয়ে ২ ঘণ্টা পরিমাণ মতো লবন দিয়ে ভিজিয়ে রাখুন। আলাদা পাতিলে এক কেজি পানি ফুটান। এবার যে পাতিলে চাল সিদ্ধ করবেন সেই পাতিলে আগে অর্ধেক ঘি গরম করে পেঁয়াজকুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা ঘিয়ে ভাজুন।

ভাজা ভাজা হয়ে খয়েরি রং হয়ে গেলে চাল ঢেলে সঙ্গে সিদ্ধ পানি দিয়ে দিন। মাঝারি আঁচে চাল সিদ্ধ করতে থাকুন। পানি টেনে গেলেই চাল সিদ্ধ হয়ে যাবে।

Image
কেকপোলাও। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কেকপোলাও। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এবার ননস্টিকি পাতিল (চালের পরিমাণ পাতিল) চুলায় দিয়ে বাকি অর্ধেক ঘি গরম করতে দিন। ঘি গরম হয়ে গেলে রুটিগুলো বিছিয়ে দিন। তারপর সিদ্ধচাল বিছানো রুটির উপর ঢেলে উপরে জাফরান দিন।

এবার চুলায় একটা তাওয়া বসিয়ে এর উপর পাতিল রেখে অল্প আঁচে ২০-৩০ মিনিট রেখে নামিয়ে ফেলুন।

একটা ছড়ানো বড় ডিশ নিন (পাতিল থেকে একটু বড়)। সেটা পাতিলের উপর উল্টা করে দিয়ে পাতিল উল্টিয়ে ফেলুন যেন তলের রুটির অংশ উপরের দিক থাকে (কেকের মতো)।

এই পোলাও খাওয়ার আগে আগে রান্না করবেন নাইলে রুটিগুলো খাওয়ার সময় মচমচে থাকবে না। এবার পরিবেশন করুন। হয়ে গেলে কেক পোলাও।

চিকেন টিক্কা

উপকরণ

মুরগি ১টি। আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ২ টেবিল-চামচ। জিরাগুঁড়া ১ টেবিল-চামচ। গরম-মসলাগুঁড়া ২ চা-চামচ। তেতুলের কাথ ২ টেবিল-চামচ বা লেবুর রস। গোল-মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমত।

Image
চিকেন টিক্কা। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

চিকেন টিক্কা। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পদ্ধতি

মুরগি ভালো করে ধুয়ে কেটে টুকরা করে নিন। এবার বাকি সব উপকরণ মুরগির সঙ্গে ২ ঘণ্টা মাখিয়ে রেখে দিন। এবার ননস্টিকি প্যানে মাখানো মুরগিগুলো দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। পানি টেনে গেলে, নামিয়ে চুলার গ্রিলারে মুরগিগুলো পোড়ান।

পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে ফেলুন।

গরুর মাংসের রোস্ট

উপকরণ

বড় একটা আড়াই কেজি মাংসের খণ্ড (একটু চর্বি থাকতে হবে)। পেঁপে ১টি। (২৫০ গ্রাম কুচি করে কাটা)। পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ। আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ২ টেবিল-চামচ। জিরাবাটা ১ টেবিল-চামচ। গুঁড়ামরিচ ২ টেবিল–চামচ। তেঁতুলের টক ৪-৫ টেবিল-চামচ। এলাচ ২টি। দারুচিনি ২টি। লং ৪-৫টি। কাঁচামরিচ ৪-৫টি। লবণ স্বাদমতো।

Image
গরুর মাংসের রোস্ট। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গরুর মাংসের রোস্ট। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পদ্ধতি

মাংসের খণ্ড ভালো করে ধুয়ে নিন। সব মসলা আর বাকি উপকরণ (মরিচ বাদে) একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাংসের আকার থেকে একটু বড় পাতিলে নিয়ে তাতে আস্ত মাংসের খণ্ড মাখান। খুব ভালো করে মাখাতে হবে।

কাঁটাচামচ দিয়ে মাংস খুঁচিয়ে দিন যেন মসলা ভেতরে যায়। এভাবে বেশ সময় নিয়ে মাখবেন। তারপর ৩-৪ ঘণ্টা রেখে দিন।

এবার যে পাতিলে রান্না করবেন সেই পাতিল চুলায় দিয়ে আস্ত মাংসের খণ্ড দিয়ে দিন। কোনও তেল লাগবে না  মাংসের সঙ্গে যে চর্বি থাকবে সেটাতেই রান্না হয়ে যাবে।

মাংস চুলায় দিয়েই মাঝারি আঁচে রেখে ঢেকে দিন প্রায় ৩ ঘণ্টার জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবেন মাংস কেমন সিদ্ধ হয়েছে। মাংস মাখানো ভালো হলে রান্না হতে ৩ ঘণ্টার কমও লাগতে পারে। এবার মাংস রান্না হয়ে গেলে চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে মরিচকুচি দিয়ে দিন।

নামিয়ে বড় ডিশে পরিবেশন করুন।

মাছের কাবাব

উপকরণ

পোয়া বা যে কোনও মাছ ১ কেজি। সিদ্ধআলু ২টি। আদাবাটা ১ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। জিরাগুঁড়া ১ টেবিল-চামচ। পেঁয়াজকুচি ১ কাপ। ডিম ২টি। গোল-মরিচগুঁড়া ২ চা-চামচ। কাঁচামরিচ ৪-৫টি। লবণ স্বাদমতো। তেল পরিমাণমতো।

Image
মাছের কাবাব। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মাছের কাবাব। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পদ্ধতি

মাথা আর লেজ আলাদা রেখে মাছের বাকি অংশ লবণ মাখিয়ে সিদ্ধ করুন। আলাদা কোনও পানি ব্যবহার করার দরকার নেই। মাছ সিদ্ধ হয়ে গেলে কাটা বেছে নিন। পেঁয়াজকুচি ভেজে নিন ভালো করে যেন খয়েরি রং হয়।

এখন কাটা ছাড়ানো মাছ, ডিমের কুসুম (সাদা অংশ আলাদা রেখে দিন।), ভাজা পেঁয়াজ আর বাকি সব উপকরণ (তেল বাদে) একসঙ্গে মাখিয়ে নিন। তারপর চপের আকার করে বানান।

চুলায় তেল গরম করুন। চপগুলো ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভাজুন। নামিয়ে পরিবেশন করুন মাছের কাবাব।

বাসমতী-সরের জর্দা

উপকরণ

বাসমতী চাল আধা কেজি। দুধের সর ইচ্ছামতো (উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য)। খেজুর ২-৩টি। চিনি ৩ কাপ। কিশমিশ ও বাদাম ইচ্ছামতো। এলাচ ৩টি। দারুচিনি ২টি। তেজপাতা ২টি। রং আন্দাজমতো। ঘি ১২৫ গ্রাম।

পদ্ধতি

Image
বাসমতী-সরের জর্দা। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বাসমতী-সরের জর্দা। ছবি: মামুনুর রশিদ শিশির/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পরিমাণমতো পানিতে রং দিয়ে সিদ্ধ করুন। পানি ফুটলে চাল দিন। মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলুন।

চালনিতে ঢেলে পানি ঝারিয়ে নিন। এবার ননস্টিকি পাতিলে ঘি দিয়ে গরম করুন। সিদ্ধ চাল, চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে চুলায় পাতিলের তলায় তাওয়া দিয়ে অল্প আঁচে ১ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন।

নামানোর আগে বাদাম, কিশমিশ দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। পরিবেশন পাত্রে ঢেলে উপর দিয়ে সর আর খেজুর ছড়িয়ে পরিবেশন করুন।

ছবি: মামুনুর রশিদ শিশির।