ভুঁড়িভাজা
শুধু মাংস তো নয়, গরু কিংবা খাসির ভুঁড়ি দিয়েও তো হয়ে যায় একটা পদ। এছাড়াও ভুঁড়িভাজা অনেকেরই বেশ প্রিয় একটা খাবার।
সেজন্যই এই পদ খুব সহজ এবং মজা করে রান্নার পদ্ধতি বাতলিয়েছেন তামান্না জামান।
উপকরণ
ভুঁড়ি ১ কেজি (ছোট করে কাটা)। পেঁয়াজকুচি ১ কাপ (মোটা করে কাটা)। বড় রসুন ৩টি (খোসা ছাড়ানো)। পেঁয়াজবাটা ২ টেবিল–চামচ। রসুনবাটা ১ টেবিল–চামচ। আদাবাটা ১ চা-চামচ। মেথি বাটা ১ চা-চামচ। মরিচগুঁড়া দেড় চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। ধনিয়াগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। এলাচ ৪টি। দারুচিনি ৫টি। তেজপাতা ৪টি। তেল আধা কাপ। লবণ পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে প্রেসার কুকারে ৩ কাপ পানি আর সামান্য লবণ দিয়ে ভুঁড়ি সিদ্ধ করে নিন। ৬-৮ সিটি দিলেই নামিয়ে ফেলুন। ভুঁড়ি সিদ্ধ হওয়ার যে পানি থেকে যায় সেটা আলাদা একটি পাত্রে রেখে দিন। আর ভুঁড়ি আলাদা করে ফেলবেন।
কেউ যদি পানি অর্থাৎ স্টকটা না খেতে চান তবে ফেলে দিতে পারেন। তবে রান্নায় এটা ব্যবহার করলে ভালো লাগে খেতে।
এখন নন স্টিক প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি আর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না গন্ধ ছড়ায়।
এবার ভুঁড়ি দিয়ে একটু নেড়ে বাকি সব মসলা, লবণ আর সামান্য স্টক দিয়ে কোষাতে দিন। কষে গেলে বাকি স্টক ঢেলে দিন আর রসুনের কোয়াগুলো দিয়ে দিন। এবার ঢেকে দিন।
যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে আরও কিছুক্ষণ ভাজুন। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
পোলাও, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ মজা লাগে।
