খেলা দেখতে রাস্তায়
উদ্দেশ্য ঢাকার সবগুলো বড় পর্দায় খোঁজ নেওয়া, সঙ্গে আছে ৫০সিসি মটরবাইক আর বাইকের মাহুত। বহুমানুষ একসঙ্গে খেলা দেখার আনন্দটাই আলাদা।
৫০সিসির মটর বাইক এগিয়ে চলল শাহাবাগ হয়ে টিএসসি। ফুটবল খেলার প্রতি মানুষের এই উচ্ছাস ও উন্মাদনা বহু পুরানো। একসময় গ্রামের দু’চার পাড়াতে একটি টেলিভিশন ছিল। তখনও উৎসুক মানুষের অপলক দৃষ্টি থাকতো সেই বোকা বাক্সের দিকে।
সাদাকালো টিভির সেই যুগ এখন আর নেই। তবে, উৎসুক মানুষের ভীড় ঠিকই আছে। সময়ের আবর্তে পরিবর্তন হয়েছে অনেক কিছু। উৎসুক মানুষের চোখ এখন জায়ান্ট স্ক্রিনে।
বিশ্বকাপ উপলক্ষে ফুটবল প্রেমী মানুষ গুলো জড়ো হয় বড় পর্দার সামনে। টিএসসিতে তপু মজুমদার সঙ্গে কথা হয়। তিনি বলেন, “আমি বিশ্বকাপের প্রায় সবগুলো খেলাই বড় পর্দায় দেখেছি। এতগুলো মানুষের সঙ্গে খেলা দেখতে খুবই আনন্দ লাগে।”
এদিকে হাতিরপুল মোড় আর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকার সামনেও বসে বড়স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন। তবে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, বিশেষ খেলা যেমন: আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলার দিনে এই বড় স্ক্রিনের আয়োজন করা হয়।
এরপর গন্তব্য ধানমন্ডির রবীন্দ্র সরোবর। বড় পর্দার সামনে তিল ধারণের ঠাঁই নেই, তাই দাঁড়িয়েই থাকতে হল।
শুনেছি মোহাম্মদপুরই সবচেয়ে বেশি সংখ্যক 'বিগস্ক্রিন' খেলা দেখার আয়োজন করা হয়েছে।
মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং। সেখানে বড়স্ক্রিনের সামনে অনেক লোকজন। জটলার বসে থাকা দর্শকেরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে খোশগল্প করছে। প্রথম খেলা শেষ পরবর্তী খেলার জন্য অপেক্ষা করছে উৎসুক দর্শকরা।
একজন উৎসাহী তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে মোহম্মদপুরে প্রায় প্রত্যেক পাড়াতেই একটি জায়ান্ট স্ক্রিন দেখা যাবে। স্থানীয় ক্লাব বা তরুণরাই এসবের ব্যবস্থা করেছে। তারপর একে একে মোহম্মদপুর সলিমুল্লাহ রোডের পানির ট্যাংকি গলি, মোহম্মদপুর ক্লাব, নূর জাহান রোডসহ বেশ কিছু জায়গা ঘুরে খেলা দেখা হল।
মধ্যরাতে মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানেও বড় স্ক্রিনে খেলা দেখানো হয়। স্থানীয় বাসিন্দা তছলিম আখন্দ খান সাগর বলেন, “জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার মজাটাই আলাদা। ছোট বেলায় গ্রামে দাদাবাড়ির উঠানে খেলা দেখার দৃশ্যটাই অন্যরকম ছিল। তখন খেলা ভালো বুঝতাম না, তবে উৎসব উৎসব মনে হত। কত মানুষ সেই টেলিভিশনের সামনে বসতো, এখানে খেলা দেখলে সেটা বার বার মনে পড়ে।"
মহাখালী থেকে ঢুঁ মারতে হাতিরঝিলে। সেখানেও একটি বড় স্ক্রিন চোখে পড়ল। দর্শকের উপচেপড়া ভীড়। শেষ গন্তব্য হিসেবে উত্তরা। সেখানেও বেশ কিছু জায়গায় বড়স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা রয়েছে।
উত্তরার সাততলা, আজমপুরসহ বেশ কিছু বড়স্ক্রিন দেখা গেল। ঢাকা শহরের প্রায় বেশির ভাগ পাড়ায় বা মহল্লায় ফুটবল দেখার এমন রমরমা আয়োজন করা হয়েছে। হয়তো এক রাতেই সবগুলো বিগস্ক্রিন কারও পক্ষে দেখা সম্ভব নয়।
ইচ্ছে করলে এই ফুটবলের উৎসবে বন্ধুসহ আপনিও বড় পর্দায় খেলা উপভোগ করতে টিএসসি, শাহবাগ কিংবা রবীন্দ্র সরোবরে চলে যেতে পারেন।
