২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপ, রঙের বৈশাখ

একদিকে বৈশাখের আমেজ, অন্যদিকে শীতল পরশে কফি খাওয়ার ফাঁকে শিল্পকর্ম উপভোগ— এ কোনো স্বপ্নদৃশ্যের বর্ণনা নয়। এরকম পরিবেশ পাবেন গুলশানের ব্রোনিয়া ক্যাফে এন্ড গ্যালারিতে, সেখানে স্টুডিও ফরটিএইটের আয়োজনে চলছে ‘রূপ, রঙের বৈশাখ’ নামে দলগত চিত্রকর্ম প্রদর্শনী।

ওমর শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:47 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ক্যফের পরিবেশ যেমন ঠাণ্ডা, প্রদর্শনীর ছবিগুলো সেরকমই গরম। ১৫জন শিল্পীর আঁকা ছবিগুলোতে বৈশাখের আমেজে পূর্ণ।

তাই ৩ মে প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত বিশেষ অতিথি অধ্যাপক সমরজিত রায় চৌধুরীর কণ্ঠেও ছিল বৈশাখি আমেজ।

তিনি বলেন, “এ ধরনের গ্রুপ এক্সিবিশনের সবচেয়ে ভালোদিক হল, এতে শিল্পীদের মধ্যে ভাবের আদান প্রদান হয়। জ্যেষ্ঠশিল্পীদের কাছ থেকে কনিষ্ঠশিল্পীরা অনেক কিছু জানতে পারে।”

“তবে আমি কারও সমালচনা করি না। সবার ছবিতেই কোনো না কোনো বৈশিষ্ট থাকে। যা আমাকে মুগ্ধ করে।” বক্তব্যে একফাঁকে বললেন এই অধ্যাপক।

এই আয়োজনের আরেক অতিথি সমালোচক মইনুদ্দিন খালেদ কিছুটা অন্যভাবে বলেন, “আমার সঙ্গে তাঁর (সমরজিত রায় চৌধুরী) বক্তব্য কখনোই মিলবে না। কারণ আমি সমালোচক আর তিনি শিল্পী। রং নিয়েই তাঁর কাজ।”

“তবে এই বৈশাখে এরকম ভিন্ন আয়োজন সত্যি মুগ্ধকর।” বললেন মইনুদ্দিন।

এরপর লাল ফিতা কেটে এই দুই অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন।

রশিদ আমিন, সৈয়দ হাসান মাহমুদ, গোলাম ফারুক স্বপন, গাজি মোসাদ্দিকুর রহমান, মো. তানভিরুল ইসলাম, সুমন রহমান, কুন্তাল বারই, এসএম মুজাহিদ মনির, জাহিদ হাসান, মো. নাঈমুজ্জামান ভূঁইয়া, এসএম এহসান, এএসএম রশিদুল আলম মানিক, মঞ্জুর রশিদ, নাসিমা কুইনি ও ফাহমিদা এনাম কাকলি’র আঁকা ছবিগুলোতে নানাভাবে খেলা করেছে বৈশাখের রং।

রশিদ আমিনের ক্যানভাসে ধূসর, নীল, হলুদ আর হালকা কমলার তুলিটানে ফুটে উঠেছে বৈশাখি এলোমেলো বাতাসের প্রতিচ্ছবি। তেমনি সৈয়দ হাসান মাহমুদের সবুজ আর খয়েরি রংয়ের তুলির রেখায় প্রকাশ পেয়েছে বৈশাখের প্রকৃতি।

আবার কালো-হলুদের প্রাধান্যে কাপড়ের ক্যানভাসে নসিমা কুইনির ক্যানভাসে প্রকাশ পেয়েছে বৈশাখি ঝড়ের ছন্দ।

একইভাবে অংশগ্রহণ করা শিল্পীদের তুলির টানে বিকশিত হয়েছে বৈশাখি মেলার টমটম, দেশীয় আলপনা, রাজারানি, বনলতার বিমূর্ত অবয়ব।

আবার হঠাৎ করেই চোখের পড়বে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ। যেন মনে করিয়ে দেওয়ার প্রচেষ্ঠা এই বৈশাখেই কবিগুরু জন্মদিন।

“ছোটবেলায় দেখা বৈশাখ কেমন ছিল আর এখন বৈশাখ কেমন? বিষয়গুলো ফুটিয়ে তুলতেই এই প্রদর্শনীর আয়োজন।” বললেন স্টুডিও ফরটিএইটের অন্যতম আয়োজক ফাহমিদা এনাম কাকলি।

তার আঁকা ছবিতে কমলা হলুদের রংয়ের উপর শোভিত হয়েছে গোলাপি হাতি আর কালো রংয়ে ‘হালখাতা’ লেখা।

এই ছবি দেখিয়ে কাকলি বলেন, “ছোটবেলায় মায়ের সঙ্গে মাদারীপুরের পুরান বাজার এলাকায় গেলে দেখতাম বৈশাখের সময় সেখানের মানুষেরা গোলাপি কাগজে বৈশাখের নানান লিফলেট ছাড়তো। তাতে থাকতো গহনার দোকানের হালখাতার ঘোষণা। আর থাকতো গণেশের ছবি, যে প্রারম্ভের দেবতা।”

অ্যাক্রলিক মাধ্যমে আঁকা ক্যানভাসগুলোতে এভাবেই ফুটে উঠেছে অংশ নেওয়া অন্য শিল্পীদের বৈচিত্র্যময় বৈশাখি রং।

কাকলির ভাষায়, “আসলে চারপাশের নিরানন্দ আর সাদাকালো জগতের মাঝে একটু রংয়ের ছোঁয়া দিতেই আমাদের এই প্রয়াশ। তাছাড়া মাসটাও বৈশাখ।”

সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত গুলশান ১ এর রিচমন্ড কনকর্ডের তৃতীয় তলায় ব্রোনিয়া ক্যাফে এন্ড গ্যালারিতে ঢুঁ মারতে পারেন যে কেউ।

বৈশাখি রংয়ের ছোঁয়া দিতে প্রদর্শনী চলবে ১৪ মে পর্যন্ত।