শাহরুখ আমার পরিবারের একজন: কারান
বেশ কিছু দিন ধরে টিনসেলে গুজব ছড়িয়েছে বলিউডি পরিচালক কারান জোহর এবং অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্বে ফাটল ধরেছে। তবে সম্প্রতি এ গুজবকে উড়িয়ে দিয়ে শাহরুখকে তার পরিবারেরই একজন সদস্য বলে দাবি করলেন কারান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
শাহরুখের নতুন বছরের পার্টিতে যোগ না দেবার কারণে, কারানের সঙ্গে তার দীর্ঘ দিনের বন্ধুত্বে ফাটল ধরে বলে গুজব ছড়ায়। শাহরুখের শত্রু সালমান খানের সঙ্গে কারানের ঘনিষ্টতা বাড়ার কারণেও তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় বলে জানা যায়।
তবে সম্প্রতি এক অনুষ্ঠানে কারানকে তার এবং শাহরুখের বন্ধুত্বের বিষয়ে প্রশ্ন করা হলে কারান বলেন, ‘আমি মনে করি এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। তাছাড়া আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।’
এরপর তিনি বলেন, ‘শাহরুখ আমার পরিবারেরই একজন। আর আমি মনে করি এর মধ্য দিয়ে সব প্রশ্নেরই জবাব পেয়ে গেছেন আপনারা।’
