আবিদ স্মরণে দুই দিনব্যাপী উৎসব
প্রয়াত কণ্ঠশিল্পী আবিদ শাহ্রিয়ার স্মরণে ১ ও ২ মার্চ খুলনার হাদিস পার্কে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। শিল্পী আবিদ স্মৃতি পরিষদ আয়োজিত ওই উৎসব উদ্বোধন করবেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক।
আবিদের বাবা মিনা মিজানুর রহমান বলেন, ‘চোখের আড়ালে চলে গেলেও সবার ভালোবাসা ও অনুভবে আবিদ এখনো বেঁচে আছেন। সেই ভালোবাসা এবং হƒদয়ের টান থেকেই আবিদের স্মরণে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।’
উৎসবে গানে, নাচে, আলোচনায়, স্মরণে এবং নানান কর্মসূচির মাধ্যমে আবিদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হবে। উৎসবের প্রথম দিন গান করবেন সামিনা চৌধুরী, ক্লোজআপ ওয়ান খ্যাত মাহাদী, রুমিসহ স্থানীয় শিল্পীরা। দ্বিতীয়দিন গান করবেন ক্লোজআপ ওয়ান খ্যাত মেহরাব, আবিদের ভাই বাঁধন শাহ্রিয়ার প্রমুখ।
২০১১ সালের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে প্র্রাণ হারান আবিদ শাহ্রিয়ার। আবিদের গাওয়া গান নিয়ে চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো ‘এত ভালোবাসি’ (রবীন্দ্রসংগীত), ‘ভালোবাসার প্রহর’ (আধুনিক), ‘নব আনন্দে জাগো’ (রবীন্দ্রসংগীত) এবং ‘হে বন্ধু হে প্রিয়’ (মঞ্চে গাওয়া গান নিয়ে)।
