২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরে ঘরে দুর্গ’ নির্মাতার জানাজায় জনতা

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দিতে দিতে এ পৃথিবী ছেড়ে যাওয়া কার্টুনিস্ট ও নাট্যপরিচালক তারিকুল ইসলাম শান্তর দ্বিতীয় জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কাজী রাফায়েত, ঝুনা চৌধুরী ও গণজাগরণ মঞ্চের সংগঠকরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ জানাজায় অংশ নেন।

এর আগে সোমবার সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়া রেলগেইট মসজিদে শান্তর প্রথম জানাজা হয়।

সোমবার দুপুরে শাহবাগে প্রজন্ম চত্বরে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তারিকুল। সহযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনের শুরু থেকেই সেখানে ছিলেন শান্ত। তার মৃত্যুর পর বিকাল ৫টা ৫৯ মিনিট থেকে এক মিনিট নীরবতা পালন করে গণজাগরণ মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

শান্তর বড় ভাই প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভুঁইয়া জানান, তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

“পরিবারের পক্ষ থেকে আমরা চাই, বনানীতে ওর একটি স্থায়ী কবর হোক।”

রাজাকারদের প্রত্যাখ্যান ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আগেই একটি টেলিফিল্ম নির্মাণ করেছিলেন শান্ত। ‘ঘরে ঘরে দুর্গ’ নামে ওই টেলিফিল্ম দুই বছর আগে বিটিভিতে দেখানো হয়।

টেলিফিল্মটা আবার দেখানোর মধ্য দিয়ে তারিকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো যায় বলে মনে করেন শরিফুল।