২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফটাতেও ‘আরগো’র জয়

গোল্ডেন গ্লোবের পর এবার ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসরেও শ্রেষ্ঠ সিনেমার খেতাবসহ মোট তিনটি পদক জয়ের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে হলিউডি পরিচালক ও অভিনেতা বেন অ্যাফ্লেক পরিচালিত সিনেমা ‘আরগো’। অন্য দিকে অ্যাং লি পরিচালিত ‘লাইফ অফ পাই’ জিতে নিয়েছে দু’টি পুরস্কার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 12:07 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

১৯৭৯ সালে ইরানে ৫০ জন দূতাবাস কর্মীকে ক্রীতদাস হিসেবে নেওয়া হয়। সেখান থেকে ৬ জন পালিয়ে আশ্রয় নেন কানাডার রাষ্ট্রদূতের বাড়িতে। আর সে ঘটনার ভিত্তিতেই নির্মিত হয়েছে ‘আরগো’ সিনেমাটি।

পুরস্কারের মৌসুমে প্রায় প্রতিটি আসরেই পদক জয় করেছে সিনেমাটি। গোল্ডেন গ্লোব, দি প্রোডিউসারস গিল্ড এবং ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকান অ্যাওয়ার্ডসহ সব আসরেই সেরা ‘আরগো’। বাফটায় ‘আরগো’র জয় ২৪ ফেব্রুয়ারি অস্কারের আসর জয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে আরো। সেরা সিনেমার তালিকায় ‘লা মিজারেবলস’, ‘লাইফ অফ পাই’, ‘লিংকন’, ‘জিরো ডার্ক থার্টি’ সিনেমাগুলোকে টপকে এগিয়ে গেছে ‘আরগো’।

অন্যদিকে সেরা পরিচালকের পদকটিও গেছে ‘আরগো’ পরিচালক বেন অ্যাফ্লেকের ঘরে।

আসরের সেরা অভিনেতার পদকটি পূর্বানুমান অনুযায়ী জিতে নিয়েছেন হলিউডি অভিনেতা ড্যানিয়েল ডি লুইস। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ সিনেমায় আমেরিকার ১৬ তম রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়াও মিশেল হ্যানেকের সিনেমা ‘আমোর’ সেরা বিদেশি ভাষার সিনেমার পদক জয় করেছে। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ৮৫ বছর বয়সি ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা।

‘লাইফ অফ পাই’ সেরা সিনেমাটোগ্রাফি এবং স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টের জন্য পুরস্কার জয় করে। অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন। ‘লা মিজারেবলস’ সিনেমাটি মোট চারটি পদক জয় করে।