‘শেষ ইঙ্গিত’ এ আলিফ-সামিয়া
ব্যাংক ডাকাতি, অপহরণ, খুনের মতো মারাতœক সব অপরাধের গল্প নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে টেলিফিল্ম ‘শেষ ইঙ্গিত’। নাটকটি পরিচালনা করেছেন পার্থ সরকার। রচনা করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। এই টেলিফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আলিফ চৌধুরী ও সামিয়া আফরিন।
সামিয়া বললেন, ‘গল্পে আমার চরিত্র একজন ডাক্তারের। ডাকাতদের হাতে কিডন্যাপ হয়েও যে সাহস হারায়না। কাজটা করতে গিয়ে কষ্ট হলেও মজা পেয়েছি। চরিত্রটা এতো ভাল যে, এখনও মনে হচ্ছে আরও একটু ভাল করতে পারতাম যদি।’ অলিফের সঙ্গে প্রথমবার একসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিয়মিত অভিনয় করি না। তাই অনভিজ্ঞ কেউ আমার সঙ্গে থাকলে হয়তো একটু সমস্যা হতো। অন্যদিকে আলিফ নিয়মিত অভিনয় করছে। আমরা খুব ভাল বন্ধুও। তাই কাজ করতে গিয়ে নতুন কিছু মনে হয়নি। তবে আলিফ অনেক সাহায্য করেছে।’
আলিফের চরিত্র পুলিশ অফিসারের। তিনি বলেন, ‘পুরো গল্পটা থ্রিলার ঘরানার। এরকম কাজ পরিচালকের সঙ্গে আগেও করেছি। আশা করছি আগের মতো এই কাজটাও দেখার মত হবে।’ সামিয়ার সঙ্গে কাজ করা প্রসঙ্গে আলিফ বলেন, ‘এর আগে আমরা একটি ধারাবাহিকে অভিনয় করেছি, যেটা এখনও প্রচার হয়নি। কিন্তু সেখানে আমরা জুটি ছিলাম না। এই টেলিফিল্মে জুটি হয়ে কাজ করছি। আমাদের মধ্যে বোঝাপড়া ভাল।’
পরিচালক পার্থ সরকার বললেন, ‘ব্যাংক ডাকাতি নিয়ে মূল গল্প হলেও এখানে মিষ্টি একটা প্রেমের গল্প আছে। দর্শক রোমান্স ও রোমাঞ্চ একসঙ্গে উপভোগ করবেন। সামনে এ ধরনের ভাল থ্রিলার ভিত্তিক চিত্রনাট্যের কাজ আরও করার ইচ্ছে আছে।’
স্বাধীন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ওই টেলিছবিতে আরও অভিনয় করেছেন আহসান কবির, এ কে আজাদ সেতু, মুকুল সিরাজ, সালেহীন স্বপন, রনো প্রমুখ।
