২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কমেডিতে অভিষেক

‘ও মাই গড’ সিনেমার পরিচালক উমেষ শুকলা তার পরবর্তী কমেডি সিনেমায় অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করবেন। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্টা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এ বিষয়ে শুকলা বলেন, ‘আমি আমার পরবর্তী সিনেমায় অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করব। এরই মধ্যে তাকে আমার সিনেমার কাহিনী সংক্ষিপ্তভাবে জানিয়েছি এবং তিনি তা পছন্দ করেছেন। আমি এখনও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছি। এটি পুরোপুরি শেষ হলে আবারও অভিষেকের সঙ্গে দেখা করব।’

শুকলা ‘ও মাই গড’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। ওই সিনেমায় পরেশ রাওয়াল একজন নাস্তিক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন এবং অক্ষয় কুমার ছিলেন আধুনিক যুগের অবতারের ভূমিকায়। সিনেমাটিতে ধর্মীয় বিভিন্ন সীমাবদ্ধতাকে কমেডি আকারে তুলে ধরেন শুকলা। ২০১২ এর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবার পর বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছিলো সিনেমাটি।

এবারও শুকলা সামাজিক সীমাবদ্ধতাকেই তার সিনেমায় তুলে ধরবেন। তিনি বলেন, ‘আমি এখনই সিনেমার গল্প সম্পর্কে কিছু বলব না। কারণ এখনও আমি এ নিয়ে কাজ করছি। তবে সমাজের বিভিন্ন পরিস্থিতিকে কমেডি আকারে তুলে ধরার চেষ্টা করব আমি।’

সিনেমার মূল নারী চরিত্র সম্পর্কে জানতে চাইলে শুকলা বলেন, ‘এখনও কাউকেই আমি বেছে নেইনি। তবে আমি সোনাক্ষি সিনহার সঙ্গে কাজ করতে চাই। তার জন্য ভালো কিছু লিখতে হবে আমাকে।’

এ বছরেই সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন শুকলা।