২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানে কথামালায় ওয়াহিদুল হককে স্মরণ

সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হককে। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে ছায়ানট। শ্রদ্ধা-ভক্তি, গান আর কথামালার মধ্য দিয়ে স্মরণ করা হয় ওয়াহিদুল হককে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:23 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ছায়ানট আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠানের। সকালে ছিল গানে গানে সঙ্গীতগুরুকে স্মরণ। অধিবেশনের শুরুতেই সমবেতভাবে পরিবেশিত হয় ‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা’ গানটি। এর পর একে একে বৈঠকি ঢঙ্গে পরিবেশন করা হয় ২০টি গান। গানগুলোর মধ্যে ছিল ‘বাজাও তুমি কবি’, ‘তোর আপন জনে ছাড়বে তোরে’, ‘আমার প্রাণে গভীর গোপন’, ‘অরূপ তোমার বাণী’, ‘জাগো জাগো রে জাগো’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি’, ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে’, ‘ওই আসনতলের মাটির ‘পরে’, ‘আকাশে আজ কোন চরণের’, ‘আকাশজুড়ে শুনিনু ওই বাজে’, ‘গানে গানে তব বন্ধন যাক টুটে’, ‘দিনের বেলায় বাঁশি তোমার’, ‘মালা হতে খসে পড়া ফুলের একটি দল’, ‘আমার সকল রসের ধারা’, ‘আসা-যাওয়ার পথের ধারে’, ‘হে আকাশবিহারী নীরদবাহন জল’, ‘তোমার প্রেমে ধন্য কর যারে’ ও ‘পান্থজনের সখা হে’।

সন্ধ্যার অধিবেশনের সূচনাতেই শিল্পীরা পরিবেশন করেন ‘ব্রজে তোমার বাজে বাঁশি’ গানটি।  এর পর ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা প্রদান করেন ছায়ানটের সভাপতি ড. সন্্জীদা খাতুন।আর কথামালার সঙ্গে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। আলোচনার পাশাপাশি একটি সঙ্গীতানুষ্ঠান পর্ব পরিচালনা করেন সংস্কৃতিজন তারেক আলী। স্মৃতিচারণের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতশিল্পী ইফ্্ফাত আরা দেওয়ানের পরিচালনায় ছিল গানের পরিবেশনা। ওয়াহিদুল হকের গাওয়া ‘আমি চঞ্চল হে/আমি সুদূরের পিয়াসী’ গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলীর  আয়োজন।