দেশের পুরস্কার নিয়ে গর্ব করা উচিত: অমিতাভ
অস্কার চলচ্চিত্র জগতের সবচাইতে বড় সম্মান এ কথা মেনে নিলেও বলিউডের সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন মনে করেন ভারতীয়দের নিজেদের পুরস্কার নিয়েই বেশি গর্ববোধ করা উচিত।
খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সিবিএস/বিগ এফএম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০১২ সালের ভারতীয় প্রাইম আইকনের খেতাব অর্জন করেন ৭০ বছর বয়সি ওই বলিউডি অভিনেতা। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত আয়োজনে বিগ বি বলেন, ‘আমি মানি যে অস্কার চলচ্চিত্র জগতের সবচাইতে সম্মান জনক পুরস্কার। তবে আমি মনে করি এটি একটি ভিন্ন বিষয়। ভিন্ন ভাষা এবং ভিন্ন ধরনের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার। আমাদের নিজের দেশ এবং দেশের পুরস্কার নিয়ে গর্ববোধ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘তবে অন্য কোনো দেশ যখন মনে করে আমরা তাদের পুরস্কার অর্জনের দাবি রাখি, সেটা আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক।’
এ পর্যন্ত ভারতীয় কম্পোজার এ. আর. রেহমান, শব্দ প্রকৌশলী রেসুল পুকুট্টি এবং সঙ্গীত রচয়িতা গুলজার তাদের অসাধারণ কাজের জন্য অস্কার জয় করেছেন। ২০০৮ সালে ড্যানি বোয়েল পরিচালিত ‘স্ল্যাম ডগ মিলিয়নিয়ার’ সিনেমাটি অস্কারে সেরা সিনেমার পদক জয় করে।
