কারিনার সঙ্গে কাজে নারাজ সাইফ
বাস্তব জীবনে জুটি হিসেবে জনপ্রিয় হলেও রূপালি পর্দায় খুব একটা আলোড়ন সৃষ্টি করতে পারেননি বলিউডি দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। আর বিষয়টি মেনে নিয়েছেন পাতৌদির নবাব সাইফ। খবর এনডিটিভির।
মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রেস ২’ এর প্রচারণার সময় কারিনাকে এ সিনেমায় অভিনয় করতে বলা হয়েছিলো কিনা, এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘আমার মনে হয় না এ সিনেমার জন্য কারিনাকে কখনও বেছে নেওয়া হয়েছিলো। আর যদি হয়েও থাকত তবে আমরা দু’জনেই সেক্ষেত্রে নিষেধ করতাম।’
এ পর্যন্ত তিনটি সিনেমায় সাইফিনাকে দেখা গেলেও, সাইফ মনে করেন পর্দায় তাদের জুটি ঠিক মানানসই নয়। ভালো গল্প পেলে তারা একসঙ্গে কাজ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো গল্পের উপর সম্পূর্ণ বিষয়টি চাপিয়ে দেওয়া ঠিক না। গল্প ভালো হলেও আমাদের জুটি পর্দায় খুব একটা ভালো লাগে না।’
২০১২ সালের অক্টোবর মাসে গাঁটছড়া বাধেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। এ পর্যন্ত ‘তাশান’, ‘কুরবান’ এবং ‘এজেন্ট ভিনোদ’ তিনটি সিনেমায় ওই জুটিকে দেখা গেলেও কোনোটিই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করতে পারে নি। আর তাই হয়তো কারিনার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সাইফ ।
