টুইটারে অমিতাভ বচ্চন এর ১০০০ তম দিন
সিনিয়র বলিউডি তারকা অমিতাভ বচ্চন ২৩ জানুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার ১০০০ তম দিন পার করেছেন। আর তাই সেদিন সকালবেলা টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমিতাভ। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগের সাইটগুলোতে যে বলিউডি তারকাদের নিয়মিত দেখা যায় তাদের অন্যতম অমিতাভ। ২৩ জানুয়ারি সিনিয়র ওই অভিনেতা টুইটারে তার ১০০০ তম দিন পূরণ করেছেন। আর তাই উচ্ছ্বসিত অমিতাভ টুইট করেন, ‘টি-১০০০, এটা হল টুইটারে ১০০০ দিন পূর্তি, প্রত্যেকটি দিন কোনো বিরতি ছাড়াই।’
কিছুক্ষণ পর অমিতাভ আবারও টুইট করেন, ‘টি-১০০০ এবং আমি আরও চাই! আমি নিজের হাতে ব্যক্তিগতভাবে আরও লিখবো, অন্য কাউকে দিয়ে লেখাবো না!’
টুইটারে ৪৩ লাখ ২৫ হাজার ৩৬৪ জন অনুসরণকারী রয়েছে অমিতাভের। তার লেখা টুইটের ‘টুইট কাউন্ট’ ১৮ হাজার ৫১৪।
টুইটার ছাড়াও ২০১২ সালের অগাস্ট মাসে ফেইসবুকে যোগদান করেন অমিতাভ, সেই সঙ্গে তার ব্যক্তিগত ব্লগ তো রয়েছেই।
