ভারতে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’
ভারতের কোলকাতার নন্দনে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৭ টি চলচ্চিত্র।
যার ৬টিরই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। চলচ্চিত্রগুলো হচ্ছে- মোরশেদুল ইসলাম পরিচালিত দূরত্ব, নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ, স্বপন আহ্মেদ পরিচালিত লালটিপ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা‘ এ উৎসবে অংশ নেবে।
ইমপ্রেস টেলিফিল্ম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি চলচ্চিত্রের মাধ্যমে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে, ভারতে বাংলাদেশ দূতাবাস, ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভালস, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগ এটি।
আয়োজকরা ধারাবাহিকভাবে এই উৎসব পর্যায়ক্রমে ভারতের দিল্লি ও আগরতলায় উদযাপন করবেন বলে জানিয়েছেন।
আরো জানা গেছে, উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, মুরাদ পারভেজ ও স্বপন আহ্মেদ।
