ধারাবাহিক পরিচালনায় শামিম জামান
ভিক্ষুকদের নিয়ে ধারাবাহিক ‘তিন তালা তিন চাবি’ পরিচালনা করছেন শামিম জামান।
অভিনেতা শামিম জামান প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটক পরিচালনা করছেন। তার নিজের গল্পে ‘তিন তালা তিন চাবি’ শিরোনামের নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। ১৬ জানুয়ারি নাটকটির শুটিং শুরু হয়েছে উত্তরায় ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, শামিম জামান, আ খ ম হাসান, জয়রাজ, আরফান, রুনা খান, অর্ষা, সঞ্জিব আহমেদসহ আরো অনেকে। ‘তিন তালা তিন চাবি’ নাটকটি আরটিভির জন্য নির্মিত হচ্ছে।
শামিম জামান বলেন, ‘ঢাকা শহরের ভিক্ষুকদের নিয়ে গল্পটি সাজানো হয়েছে। এই ভিক্ষুকদের যোগানদাতা কে বা কাদের মাধ্যমে তারা জীবনযাপন করছে এসব বিষয়সহ তাদের জীবনের নানা খুঁটি-নাটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি তিন বন্ধুকে ঘিরেও একটি মজার কাহিনী তুলে ধরা হয়েছে। এর আগে আমি বেশ কিছু খন্ড নাটক পরিচালনা করলেও ধারাবাহিক এবারই প্রথম পরিচালনা করছি।’
অভিনেতা শামিম জামান এর আগে ২০১০ সালে নিজের রচনায় প্রথম টিভি নাটক পরিচালনা করেছিলেন। নাটকটির নাম ছিল ‘রজব আলী ও তার কাফনের কথা’। নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয়। এরপর ‘৩৬ খালেক’, ‘ভেসপা-১৫০’, ‘প্রবাসী জামাই’ নাটকগুলো পরিচালনা করেন তিনি।
