চালকুমড়ার মোরব্বা
রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন এই মিষ্টি খাবার।
উপকরণ: চাল কুমড়া ৫০০ গ্রাম। চিনি ৫০০ গ্রাম। পানি আধা লিটার। এলাচ ৩,৪টি। দারুচিনি ও তেজপাতা ২টি করে। ২ টেবিল-চামচ ঘি। লেবুর রস ২ টেবিল চামচ।
পদ্ধতি: চালকুমড়ার খোসা ছাড়িয়ে দেড় থেকে দুই ইঞ্চি পুরু ফালি করে কেটে নিন।
দানার নরম অংশ কেটে ফেলে দিন। তারপর কাঁটা-চামচ দিয়ে কেচে নিন।
পরিমাণ মতো পানিতে লেবুর রস দিয়ে চালকুমড়ার টুকরাগুলো ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি থেকে তুলে ভালো করে ধুয়ে নিন।
এবার ডুবো পানিতে স্বচ্ছ না হওয়া পর্যন্ত বা কয়েক মিনিট সিদ্ধ করুন। তারপর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে হাত দিয়ে চেপে বাকি পানি নিংড়ে নিন।
প্যানে ঘি গরম দিয়ে সিদ্ধ টুকরাগুলো কয়েক মিনিট হালকা ভেজে রাখুন।
একটি পাত্রে চিনি ও পানি দিয়ে জ্বাল দিয়ে সিরা বানিয়ে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন। এবার এর মধ্যে চালকুমড়ার টুকরাগুলো দিন। জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে সাবধানে নেড়ে দিন যেন ভেঙে না যায়।
সিরা ঘন হয়ে চালকুমড়ার সঙ্গে লেগে এলে নামিয়ে ফেলুন। হয়ে গেল চালকুমড়ার মোরব্বা।
আরও রেসিপি
