২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো বয়সে মগজাস্ত্র ধারালো রাখতে

শরীরে মেদ জমা নিয়ে সবাই চিন্তিত, তবে যে মস্তিষ্কে এত চিন্তা সেই মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বালাই নেই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 10:32 AM

Updated : 20 Aug 2022, 02:32 PM

শরীরের পাশাপাশি মস্তিষ্ক ভালো রাখার উপায়ও রয়েছে দৈনন্দিন কিছু অভ্যাসের মাঝে।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট সেই বিষয়গুলোই তুলে ধরেছে।

শরীরচর্চা: বয়সের বাড়ার সঙ্গে তাল মিলিয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে। মধ্যবয়সে স্মৃতিশক্তি ধরে রাখতে হালকা হাঁটাহাঁটি, সাঁতার কাটা, অ্যারোবিকস, ইয়োগা ইত্যাদি অত্যন্ত উপকারী। তবে করা চাই নিয়মিত।

মেধাচর্চা: ব্যবহার না হলে মস্তিষ্কেও মরিচা পড়তে পারে, প্রতীকী অর্থে। নিয়মিত মেধাচর্চার কারণে মস্তিষ্ক তীক্ষ্ণ থাকে, নিউরনের মধ্যে তৈরি হয় নিত্য নতুন সংযোগ। শব্দ মেলানো, পড়াশোনা, বুদ্ধিনির্ভর খেলা যেমন- দাবা, নতুন কিছু শেখা ইত্যাদি মস্তিষ্ক সক্রিয় রাখে।

খাদ্যাভ্যাস: স্যাচুরেইটেড ফ্যাট, চিনি, ব্লিচ করা সাদা ময়দা, জাঙ্ক ফুড কম এবং রঙিন ফল ও সবজি বেশি এমন একটি খাদ্যাভ্যাস মস্তিষ্ককে রাখবে স্বাস্থ্যবান। পাশাপাশি রক্ষা করবে ক্যান্সার, ডায়বেটিস ও হৃদরোগ থেকেও।

দুশ্চিন্তা: দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে ক্ষতিকারক হরমোন নিঃসরণ হয়, যা মস্তিষ্কের ক্ষতি করে। এসব মোকাবেলার হাতিয়ার হতে পারে ধ্যান কিংবা ইয়োগা।

পর্যাপ্ত ঘুম: শরীর ও মস্তিষ্কের ক্ষয় পূরণ করে ঘুম। দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি বাড়াতেও প্রয়োজন পর্যাপ্ত ঘুম।

অ্যান্টিঅক্সিডেন্ট: বয়সভিত্তিক বিভিন্ন সমস্যা প্রতিরোধ কিংবা আক্রমণকে দেরি করাতে পরীক্ষিতভাবে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ব্লুবেরি, আঙুর, বেদানা ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টের উল্লেখযোগ্য উৎস।

ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড: বয়সের সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার লাগাম টানতে এবং সঠিক কার্যক্ষমতা ধরে রাখতে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ। এর উল্লেখযোগ্য উৎস বিভিন্ন মাছ যেমন- টুনা, সার্ডিনস এবং ম্যাকারেল।

সক্রিয় সামাজিক জীবন: কর্মক্ষেত্রের বাইরে বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। একে-অপরের সঙ্গে আলাপচারিতা মস্তিষ্ক তীক্ষ্ণ রাখতে সহায়ক। মনোবিজ্ঞানীদের মতে, মাত্র ১০ মিনিট কারও সঙ্গে কথা বলা মস্তিষ্কের জন্য শব্দ মেলানোর মতো উপকারী ব্যায়াম।

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

ধূমপানে বুদ্ধি কমে
অফিস যেমন, মস্তিষ্ক তেমন
মস্তিষ্কের ক্ষতিকর অভ্যাস