২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর সাজান বড়দিনের আমেজে

বছর ঘুরে চলে এসেছে খ্রিস্টধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব ‘বড়দিন’। আর বড়দিন এলে নতুন ভাবে ঘর না সাজালে কি চলে! ক্রিসমাস ট্রি আর ঘর সাজানোর প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে রাজধানীর বিভিন্ন স্থানে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 03:56 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বাইরের দেশের মতো জমকালোভাবে পালন না করা হলেও আমাদের দেশেও এই দিন মোটামুটি আয়োজনের সঙ্গেই পালিত হয়ে থাকে। পশ্চিমা দেশগুলোর মতো আমাদের দেশেও দিনটি উদযাপন করা হয় নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বড় দিনের উৎসব পালনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সবাই, বসে নেই শিশুরাও, মায়ের সঙ্গে ভিড় করছে মার্কেটগুলোতে।

বড় হোটেল ও রেস্তোরাঁতে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজনও হয়। শহর এবং গ্রামের গির্জাগুলো সাজানো হয় রঙিন কাগজ, ঝালর, ফুল এবং নানান ধরনের উপকরণ দিয়ে।

ধর্ম যার যার, উৎসব সবার। এই কারণে খ্রিস্টধর্মালম্বীদের পাশাপাশি অনেকেই বেশ আনন্দের সঙ্গে এই দিন উদযাপন করেন। তাই বছরের সবচেয়ে বড় দিনটি পালন করতে ক্রিসমাস ডে’র প্রয়োজনীয় সব কিছু কিনে নিতে পারেন।

ঢাকা শহরের বেশ কিছু বড় দোকানসহ, তেজগাঁও চার্চের সামনে, হলিক্রস স্কুলের বিপরীতে অবস্থিত ‘জাগরণী’ শো-রুমে নানান ধরনের ঘর সাজানোর সরঞ্জাম এবং বড়দিনের শুভেচ্ছা কার্ড ইত্যাদি পাওয়া যাচ্ছে।

তাছাড়া ‘আড়ং’য়ের কয়েকটি বিক্রয়কেন্দ্রে তাদের নিজস্ব নকশায় ‘ক্রিসমাস অর্নামেন্টস’য়ের পসরা সাজিয়েছে।

ফার্মগেটের ফার্মভিউ মার্কেট, গুলশানের ডিসিসি মার্কেট, পুরান ঢাকার চক বাজার, নিউমার্কেট, মিরপুর ১০-এর কিছু মার্কেট ইত্যাদি জায়গায় পাওয়া যাচ্ছে নানান ধরনের ঘর সাজানোর জিনিস।

ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ব্যানার, ঘণ্টা, বিভিন্ন আকারের বল, কৃত্রিম ফুল, হরিণ, সান্তাক্লজ, নানান আকারের গিফট বক্স ইত্যাদি দিয়েই ঘর আর ট্রি সাজানো হয়। সঙ্গে থাকে বিভিন্ন আকারের রিবন ও বেলুন।

তেজগাঁও চার্চের সামনে ছোট ছোট স্টলে বড়দিনের ঘর সাজানোর জিনিসের মেলা বসেছে। সাজানো রয়েছে যীশু খ্রিস্টের জন্মের নিদর্শন ‘তরকা’। আকার অনুযায়ী স্টলগুলোতে এসব তারকার দাম ২শ’ থেকে ১ হাজার টাকা।

‘মেরি ক্রিসমাস’ লেখা ঘরে বা দরজায় ঝোলানোর বিভিন্ন ডিজাইনের গ্রিটিংসের দাম ১৮০ থেকে ১ হাজার ৫শ’ টাকা। আকার ও ডিজাইন ভেদে দাম আড়াই হাজারও পড়তে পারে। তাছাড়া আছে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য রংবেরংয়ের বল, তারা, স্বর্গদূত, ছোট ক্রিসমাস ফাদার ইত্যাদি।

ক্রিসমাস ট্রি না সাজালে কি আর বড়দিনের ঘর সাজানো পূর্ণতা পায়! এখন প্রায় সব মার্কেটগুলোতেই বিভিন্ন আকারের ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে।

পুরান ঢাকার চক বাজারে দুই থেকে চার ফুট ক্রিসমাস ট্রিগুলোর দাম আড়াইশ থেকে ৪শ’ টাকা। পাঁচ ফুট থেকে ছয় ফুট গাছের দাম পড়বে ১ হাজার ৬শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা। মিরপুর ও নিউ মার্কেটে ছোট গাছের দাম পড়বে ৮শ’ থেকে ১ হাজার ২শ’ টাকা।

গুলশান ডিসিসি মার্কেটে দাম একটু বেশি পড়বে। তবে এখানে হরেক ধরনের গাছের দেখা মিলবে। কিছু গাছের সঙ্গে সাজানো আছে ফুল আর নানান রংয়ের ফল। কোনো কোনোটির সঙ্গে আবার লাইটও লাগানো থাকছে। এ ধরনের গাছের দাম নির্ভর করবে গাছের আকার, ধরন এবং ডেকোরেশনের উপর। আকার ও ধরন ভেদে গাছের দাম পাঁচ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত হতে পারে।

মিটফোর্ড রোডের বিসমিল্লাহ টাওয়ারে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি প্রতিটির মূল্য পড়বে ১ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা।

ক্রিসমাস ট্রিতে সাজানোর ছোট বাতি বা ‘মরিচ বাতির’ সেট পাবেন মার্কেট ভেদে ১শ’ থেকে ৫শ’ টাকা মধ্যে।

ফার্মগেটের ফার্মভিউ মার্কেটে মিউজিকাল মরিচ বাতি ৫০ টার সেটের দাম ১২০ থেকে ১৫০ টাকা এবং ১০০ টা বাতির দাম ২০০ থেকে ৩৫০ টাকা। খেয়াল রাখতে হবে এ দোকানগুলোতে বরাবরই দাম একটু বেশি চেয়ে থাকে তাই দরদাম করে তবেই কিনতে হবে।

এ বছর নানান আকারের বাতির দেখা মিলবে দোকানগুলোতে। তারা, বল বা ফুলের আকারের বাতিগুলোর দাম  সাড়ে তিনশ থেকে ছয়শ টাকা। তবে কিছুটা কমে বাতি পেতে হলে যেতে হবে চক বাজারে।

ডিসিসি মার্কেট ঘুরে আরও দেখা মিলবে নানান আকারের ঘণ্টা, রিং এবং আরও বিভিন্ন অনুষঙ্গের। দরজায় ঝোলানোর জন্য ‘মেরি ক্রিসমাস’ লেখা ব্যানার, ডোর বেল ইত্যাদির দাম নির্ভর করে ধরন ও আকারের উপর। তবে গড় পরতা দাম পাঁচশ থেকে এক হাজার টাকার মতো।

সান্তাক্লজের হাতের ঘণ্টা প্রতিটির মূল্য ১শ’ থেকে ১৫০ টাকা। মেরি ক্রিসমাস লেখা ১০০টি বেলুনের প্যাকেট ৫০ থেকে ১৫০ টাকা। প্রদীপ এক ডজন ৬০ থেকে ৯০ টাকা। বাতিসহ সান্তাক্লজের ছবি ২৫০ থেকে ৪শ’ টাকা। বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি-এ ঝোলানোর গিফট প্যাক পাবেন ২শ’ থেকে ৫শ’ টাকায়।

ঝুলিয়ে রাখার ছোট ও বড় স্টার ১৫ থেকে ১২০ টাকা। মেরি ক্রিসমাস লেখা ওয়াল পেপার ২০ থেকে ৭০ টাকা। দরজায় লাগানো ক্রিসমাস জরি ১৫ থেকে ৩০ টাকা। ঘর সাজানোর জন্য রঙিন বল এক ডজন ১৫০ থেকে ২৫০ টাকা।

বাতি লাগানো যায় এমন বড় আকারের তারা ৫৫০ টাকা থেকে ১ হাজার ৫শ’ টাকা, জরি কাগজের তারা ২০ থেকে ৪০ টাকা প্রতিটি। 'ক্রিসমাস' লেখা কাগজ ছোট ৮০ টাকা বড় আকারের কাগজ ১৫০ টাকা। ক্রিসমাস ট্রি সাজানোর ছোট সান্টাক্লজ, বল, বাক্স ইত্যাদি প্রতিটি ২০ টাকা থেকে শুরু। এছাড়া বিভিন্ন আকারের বল, তারা, বক্সের প্যাকেটের দাম শুরু ৯০ টাকা থেকে। ঝালর কাগজ প্রতিটি ১০ টাকা। 

মার্কেট ও দোকান ভেদে প্রতিটি জিনিসের দামেই কম বেশি হতে পারে।