দেশি রেস্তোরাঁর সবজি
সকালের নাস্তায় রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।
রেসিপি দিয়েছেন বীথি জগলুল।
উপকরণ: ৬,৭ রকমের মৌসুমি সবজি (পেঁপে, মিস্টিকুমড়া, আলু, ফুলকপি, বেগুন, কাঁচাটমেটো, গাজর) সব সবজি টুকরা করা এবং সমপরিমাণে নিতে হবে। ছোলার ডাল আধা কাপ। পেঁয়াজকুচি ২,৩টি। কাঁচামরিচ ফালি ৮,১০টি। হলুদ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে। মরিচ ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে। ধনেপাতা-কুচি ১ মুঠ। লবণ স্বাদ মতো। তেল রান্নার জন্যে ২ টেবিল-চামচ।
ফোঁড়নের জন্যে লাগবে: থেঁতো করা রসুন ৬,৭ কোঁয়া। পেঁয়াজকুচি ও শুকনা-মরিচ ৩,৪টি। তেজপাতা ২,৩টি। আস্তজিরা দেড় চা-চামচ। তেল পরিমাণ মতো।
পদ্ধতি: ছোলার ডাল ভিজিয়ে রাখুন। ফুলে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
হাঁড়িতে সব সবজি ও ডাল নিয়ে তাতে অর্ধেক পেঁয়াজকুচি, কাঁচামরিচ, হলুদ ও মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, ২ টেবিল-চামচ তেল ও লবণ দিয়ে এমনভাবে মাখান, যেন সবজির গায়ে মসলা বেশ ভালোভাবে লেগে থাকে।
মাখানো হলে হাত ধোয়া পানি দিন। বেশি পানি দেবেন না। সবজি ও পানি যেন সমান সমান থাকে।
পেঁপে ও আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে দেবেন। যদি দেখেন, সবজিতে পানি বেশি রয়ে গিয়েছে তখন চুলার আঁচ বাড়িয়ে পানি টেনে নেবেন।
পানি টেনে আসলে ধনেপাতা মিশিয়ে হাঁড়ি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন অথবা এক চুলায় সবজির হাঁড়ি রেখে অন্য চুলায় ফোঁড়নের জন্যে প্যান বসান। প্যানে তেল গরম করে আস্তজিরা, শুকনা-মরিচ, তেজপাতা, পেঁয়াজ ও রসুন দিন।
পেঁয়াজ ও রসুন হালকা বাদামি হলে, মিশ্রণটি সবজির ওপর ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিন।
পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
