২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উইমেন'স ম্যারাথন

বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের নিয়ে হতে যাচ্ছে ম্যারাথন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:07 AM

Updated : 20 Aug 2022, 01:25 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে এভারেস্ট একাডেমি ঢাকা উইমেন'স ম্যারাথন ২০১৬ আয়োজন করেছে।

১২ অগাস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে এই আয়োজন শুরু হবে সকাল ৭টায়।

১০ কিলোমিটারের এই ম্যারাথন শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে।

১০ কি.মি.’র জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে ১ ঘণ্টা ২৫ মিনিট।

ম্যারাথনে পাঁটি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ করা হবে। এছাড়াও সঙ্গে দুটি অ্যাম্বুলেন্স, দুটি প্যারামেডিক ও মেডিকেল টিম, চার শতাধিক স্বেচ্ছাসেবক ম্যারাথনে সহযোগিতা করবে।

মূল ম্যারাথনের পুরো রুটে ম্যারাথন চলাকালীন সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় র‌্যাব এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করবে। ওয়ান ডিগ্রি ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, এভারেস্ট ফাউন্ডেশনসহ আরও অনেক সংগঠন এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে।

এছাড়াও মূল ম্যারাথন শেষে ‘মম-এ-থন’ শীর্ষক সন্তানসহ মায়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় টিএসসি’তে ঢাকা ওমেন’স ম্যারাথনে বিশিষ্ট চিত্র-অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল এবং চিত্রাভিনেত্রী বর্ষা উপস্থিত থেকে ম্যারাথন উদ্বোধন করবেন। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।

ঢাকা উইমেন’স ম্যারাথনে প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ পুরস্কার, প্রথম একশ জনকে মেডেল এবং সকল ম্যারাথন সম্পন্নকারীকে সনদ প্রদান করা হবে। ম্যারাথনে অর্থ পুরস্কারের স্পন্সর হিসাবে থাকছে অ্যাকশন এইড বাংলাদেশ।

ম্যারাথনে অংশ নিতে www.women.theskymarathon.com – এ নিবন্ধন করা যাবে।
ফেইসবুকে বিস্তারিত জানা যাবে www.facebook.com/DHKWM; Dhaka Women's Marathon 2016  -এ।

এরই মধ্যে ঢাকা ওমেনস ম্যারাথনের প্রস্তুতি হিসেবে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, করপোরেট প্রতিষ্ঠান ও ক্লাবে প্রচারণা ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রায় পাঁচ শতাধিক নারী প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।