ঘরের সাজেও ঈদ
বাসায় নতুন পর্দা, আসবাবের স্থান পরিবর্তন, গাছপালা লাগানো ইত্যাদির মাধ্যমে উৎসবের আমেজ সৃষ্টি করে নতুনত্ব আনা যায়।
ঘরের সাজেও ঈদের আমেজ ফুটিয়ে তোলা প্রসঙ্গে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ’ বিভাগের প্রভাষক শারমিন সুলতানা বলেন, “ঈদের খুব বেশি দিন বাকি নেই। তাই এখন নতুন করে কিছু বানানো সম্ভব না। সেক্ষেত্রে হাতের কাছে যা কিছু আছে তা দিয়েই ঘরের সাজে ভিন্নতা আনা সম্ভব।”
ঘরের আসবাবের স্থান পরিবর্তন করে নতুনত্ব আনতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন ঘরে আলো বাতাস প্রবেশে বাঁধা না পড়ে।
শারমিন সুলতানা বলেন, “সৌন্দর্য্যের মূল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘরবাড়ি, বারান্দা, বাড়ির চারপাশ ইত্যাদি স্থান পরিষ্কার থাকলে মনে প্রসন্নতা জাগে যা ঈদে আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। ঘর ও আশপাশের অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে হালকাভাব তৈরি করা উচিত। এতে চারপাশ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে।”
বর্তমানে বেশকিছু দোকানে ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায়। যেগুলোর দাম খুব বেশি নয়। এই ধরনের জিনিসপত্র যেমন- ওয়ালম্যাট, কাগজের ফুল, ডোরবেল, হাতের কাজের ঝুলন ইত্যাদি দিয়ে ঘর সাজানো যায়।
তাছাড়া সারাদিন ঘরকে আনন্দমুখর করে তোলার জন্য কাঁচাফুল দিয়ে ঘর সাজান দেখতেও ভালো লাগবে আর মনও শান্ত থাকবে।
কাঁচাফুলের বুকে নিজেই তৈরি করুন। এক্ষেত্রে ইকেবানা বা নাগিরি স্টাইলকে মাথায় রাখতে পারেন। অথবা নিজের মতো করেই ফুলের তোড়া তৈরি করে ফুলদানিতে সাজান। আর সময় স্বল্পতা থাকলে বাজার থেকেই ফুলের তোড়া কিনে ঘর সাজাতে পারেন।
ঈদের দিন সকালে এবং সন্ধ্যায় ঘরে সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন। বাসায় এয়ার ফ্রেশনার ব্যবহার করুন, মনে স্নিগ্ধতা আসবে।
বসার ঘরের জানালার গ্রিলে অথবা বারান্দায় লতানো গাছের ব্যবস্থা করতে পারেন দেখতে ভালো লাগবে। সত্যিকারের গাছ লাগাতে না পারলে বাজারে যে প্লাস্টিকের ও কাগজের গাছ পাওয়া যায় তা এনে সাজাতে পারেন। বারান্দায় ও বসার ঘরে দুএকটা ফুলের টব রাখতে পারেন, নতুনত্ব আসবে।
