ঢাকায় রবীন্দ্রনাথের চিত্রকলা প্রদর্শনী
কবির ১৫৫ তম জন্মবার্ষিকীতে, প্রথমবারের মতো তাঁরই আঁকা চিত্রকর্মের প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে এই আয়োজন শুরু হয়েছে ১৪ মে। পক্ষকালব্যাপী এই প্রদর্শনীর পর্দা নামবে ৩১ মে।
রবীন্দ্রনাথের জনপ্রিয় পরিচয় গান-কবিতায়। তাঁর মূল সাধনাও গান রচনায়। সুতরাং চিত্রকলায় রবীন্দ্রনাথের পদচারণা শিল্পের অন্যান্য শাখার মতো অতটা জোরালো নয়। যদিও শেষ জীবনেই চিত্রকলার চর্চা শুরু করেন বিশ্বকবি এমনটাই জানা যায়।
আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই আয়োজনে কবির আঁকা মোট ১৭১টি ছবি প্রদর্শিত হচ্ছে। এছাড়া রয়েছে তাঁর সমসাময়িক অন্যান্য শিল্পীদের আঁকা ছবি ও আলোকচিত্র (রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্যদের)।
নয় বছরের সন্তান সুলতান অভিকে নিয়ে এরকমই এক ইজেলের আর্ট পেপারে রং করছিলেন শাহানা রহমান।
আয়োজন নিয়ে তিনি বলেন, “রবীন্দ্রনাথের আঁকা ছবি দেখতে পাওয়া তো বিশাল ব্যাপার। আমরা না হয় নানা দিক থেকে এসবের খবর পাই। তবে আমাদের সন্তানরা যে এসব দেখার সুযোগ পাচ্ছে এটাই সবচেয়ে আনন্দের বিষয়। তবে একটা ব্যাপার খুবই অবাক লাগল, একটা ছবিও তো অরিজিনাল কপি কিংবা তাঁর কাছাকাছি কিছু না। দেখে মনে হচ্ছে মেশিনে প্রিন্ট করে আনা।”
এ প্রসঙ্গে কথা বললে জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কিপার ইন চার্জ সিরাজুল ইসলাম।
“এগুলো আসলেই অরিজিনাল কপি নয়। জাদুঘরের কাছে রবীন্দ্রনাথের চিত্রকলার কোনো অরিজিনাল কপি নেই। তাই আমরা ইন্টারনেট, বই ও বিভিন্ন প্রকাশনা থেকে এই ছবিগুলো সংগ্রহ করে প্রিন্ট করেই প্রদর্শন করছি।”
ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার ডঃ স্বপন বিশ্বাস বলেন, “মোট ২১৯টি শিল্পকর্ম ও আনুসাঙ্গিক জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে এখানে। যার মধ্য রয়েছে ছবি, আলোকচিত্র, চিঠি, বই ও স্মৃতির নিদর্শন। এসবের মাঝে শুধু স্মৃতি নিদর্শন হিসেবে সংরক্ষিত সুপের বাটি, হুঁকা এবং চিঠিপত্রগুলো জাদুঘরের নিজের সংগ্রহশালা থেকে প্রদর্শিত হচ্ছে।”
সবার জন্য জাদুঘরের এই প্রদর্শনী খোলা থাকছে শনি থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা এবং শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের দিন।
ছবি: লেখক।
