রাখাইনদের পানি খেলা (ভিডিও)
কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করেন বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তি থেকে এ উৎসব শুরু হয়ে চলে প্রায় সপ্তাহজুড়ে। তবে এর আকর্ষণীয় পর্ব পানি খেলা শুরু হয় বৈশাখের চতুর্থ দিন থেকে।
এই উৎসবের সংবাদ সংগ্রহ করতেই এবার কক্সবাজার যাওয়া। ১৮ এপ্রিল কক্সবাজার পৌঁছে তাই দুপুরের মধ্যেই শহরের মাঝামাঝি রাখাইন পাড়ায় ঢুঁ দিয়ে জানা গেল, উৎসব শুরু হবে বিকাল চারটায়।
ঘুরেফিরে আবার রাখাইন এলাকায় গিয়ে মোটামুটি কিংকর্তব্যবিমুঢ় হওয়ার জোগাড়।
রাখাইন তরুণ-তরুণীদের ভিড়, তাদের নাচ আর পানি ছিটানো চলছে। পাশাপাশি প্রবীণদের কড়া নজরদারি। সাধারণ বাঙালিরা দূরে দাঁড়িয়ে উৎসব দেখছেন। কাছেধারে গেলেই পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। শুধু তাই নয় তারা ঢুকতে দিতেও চায় না মনে হচ্ছে।
কাছে গিয়ে এক প্রবীণকে ছবি তোলার কথা জিজ্ঞেস করতেই উত্তর মিললো, “বাইরে! বাইরে!” বলেই হাতের পাইপ দিয়ে পানি ছিটানো ভান করলেন।
কিছুটা আফসোস নিয়েই সরে আসলাম। তবে কি ছবি তোলা হবে না!
এদিকে লাইফস্টাইল বাহিনীর সদস্যরাও হতাশ। তারাও তেমন কোনো সুবিধা করতে না পেরে রাস্তার পাশে ফেরিওয়ালার কাঁচাআম ভর্তা খাচ্ছে। এমনভাব যেন ভর্তা খেতেই এখানে আসা। তাদের পাশে গিয়ে ভাবছি কী করা যায়? ফিরে যাব নাকি আবার চেষ্টা করবো।
এরই মধ্যে বেশ কয়েকজন মধ্যবয়স্ক রাখাইন পুরুষ আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের প্রত্যেকেরই গা ভেজা। আমাদের দেখে এক রাখাইন পুরুষ হাত নাড়তে নাড়তে এগিয়ে এলেন।
প্রথমে মনে হল চলে যেতে বলছেন। পরে ভালো করে শুনে বুঝলাম তিনি বলছেন, “ওখানে রাখাইন খানা, ওখানে রাখাইন খানা।”
তারপর হাত দিয়ে ইশরার করছেন ভেতরে যেতে।
ব্যস আর পায় কে! মোটামুটি দৌড় মারলাম। ঢুকে গেলাম তাদের পাড়ায়।
রাখাইনরাও আমাদের পেয়ে খুশি। এরকম বন্ধুত্বপূর্ণ আচরণ খুবই কম দেখা যায়। পানিতে ভেজালো, তাদের সঙ্গে নাচালো, খাবারও খাওয়ালো। যেন কত দিনের চেনা সবার সঙ্গে।
